
দেশে বর্তমানে তথ্যপ্রযুক্তির ব্যবহার যেমন বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে সাইবার হয়রানি। গ্রামীণ নারীরাও এর বাইরে নেই। ফেসবুক, ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার হয়রানির শিকার হচ্ছেন গ্রামীণ নারী ও কিশোরীরা। সাইবার নিরাপত্তা সম্পর্কে অজ্ঞতার কারণে এমন হয়রানির মাত্রা দিন দিন বাড়ছে।
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে আজ শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদ্যাপন জাতীয় কমিটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে অংশগ্রহণকারী বক্তারা অনলাইনে নারী ও কিশোরীদের যৌন হয়রানিসহ অন্যান্য হয়রানি প্রতিরোধে সচেতনতার পাশাপাশি আইনি পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্যে জানানো হয়, ইন্টারনেটে আপত্তিকর ছবি বা ভিডিও ছেড়ে দেওয়া, গোপন তথ্য বা একান্ত ব্যক্তিগত কথা বা ছবি ফাঁস, ব্ল্যাকমেলিং করে টাকা হাতিয়ে নেওয়া অথবা জোর করে শারীরিক সম্পর্ক তৈরি, ব্যক্তিগত বা ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে আইডি হ্যাক করা, যৌন নিপীড়নমূলক বার্তা পাঠানোর মাধ্যমে প্রতিনিয়ত কিশোরী ও নারীদের হেনস্তা করা হচ্ছে।
বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ৩৬ শতাংশের বেশি মেয়েশিশু অনলাইনে যৌন হয়রানির শিকার হয়। ২৭ শতাংশের বেশি মেয়েশিশু পরিচিত প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও আত্মীয় এবং ১৮ শতাংশ অপরিচিত প্রাপ্তবয়স্ক ব্যক্তি দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়। বৈশ্বিক আরেকটি জরিপে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েদের যত হয়রানি করা হয়, তার ৩৯ শতাংশ করা হয় ফেসবুকে, ২৩ শতাংশ ইনস্টাগ্রামে, ১৪ শতাংশ হোয়াটসঅ্যাপে।
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদ্যাপন জাতীয় কমিটির সচিবালয় সমন্বয়কারী ফেরদৌস আরা রুমী বলেন, ‘আমাদের দেশের গ্রামগুলোতে এখন ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন অ্যাপ ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। সচেতনতার অভাবে অনেকেই ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে নানাভাবে প্রতারিত হচ্ছে এবং হয়রানির শিকার হচ্ছে। এই হয়রানি প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যমে কারও সঙ্গে বন্ধুত্ব করার ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।’
বক্তারা জানান, অনলাইনে সহিংসতা ও সাইবার হয়রানির শিকার হলে আইনি সহায়তা নেওয়ার কিছু হেল্প ডেস্ক রয়েছে। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন, সাইবার পুলিশ সেন্টার, পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন (পিসিএসডব্লিউ), হ্যালো সিটি অ্যাপ, রিপোর্ট টু র্যাব অ্যাপ, ৯৯৯ এবং এগুলোর ফেসবুক পেজে অভিযোগ জানানো যায়। মানুষকে এই হেল্প ডেস্কগুলো সম্পর্কে জানানোর আহ্বান জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদ্যাপন জাতীয় কমিটির সভাপতি শামীমা আক্তার।
১৯৯৫ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত জাতিসংঘের চতুর্থ নারী সম্মেলনে ১৫ অক্টোবরকে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস হিসেবে পালনের কথা বলা হয়। ১৯৯৭ সাল থেকে বিশ্বে বিভিন্ন বেসরকারি সংগঠন দিবসটি পালন করছে। বাংলাদেশেও ২০০০ সাল থেকে প্রতিবছর বেসরকারিভাবে দিবসটি পালিত হচ্ছে।
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদ্যাপন জাতীয় কমিটি জানায়, দেশের ৫০টির বেশি জেলায় আগামীকাল রোববার আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদ্যাপন করা হবে।

আজ রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমার সন্তান কোথায়?’ শীর্ষক সংবাদ সম্মেলনে নিখোঁজ শিশুদের সন্ধান চান স্বজনেরা। ‘নিখোঁজ শিশুদের পরিবারবর্গ’র উদ্যোগে এবং ‘জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশন’-এর সহযোগিতায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
১৩ মিনিট আগে
আইনের উদ্দেশ্য নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। এই আইনের সঙ্গে শরিয়াহর স্পষ্টত কন্ট্রাডিকশন আছে। এখানে আমার প্রশ্ন হচ্ছে-আমরা কি কুরআনের মূলনীতি কি রাখব, না কি বাদ দেবো? আমি মনে করি এটা খুবই স্পর্শকাতর বিষয়। এটি কুরআন সুন্নাহর মূলনীতি ও প্রয়োগের সঙ্গে সম্পর্কিত বিষয়।
৩৬ মিনিট আগে
জাতীয় সংসদে আরও ১০ সংসদীয় কমিটি গঠন ও ১ কমিটি পুনর্গঠন করা হয়েছে। তবে ঘোষিত কমিটির কোনটিতে সভাপতি করা হয়নি বিরোধী দলের সদস্যদের। কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে গয়েশ্বর চন্দ্র রায়ের বদলে লক্ষ্মীপুর-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শাহাদাত হোসেনকে সভাপতি করা হয়েছে...
১ ঘণ্টা আগে
গুম প্রতিরোধ ও প্রতিকার বিলে গুমকে একটি স্বতন্ত্র ও আমলযোগ্য এবং জামিন ও আপস অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। গুমের সাধারণ অপরাধের জন্য অন্যূন তিন বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও অতিরিক্ত সর্বোচ্চ ৫০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে