স্পাইডারম্যানের প্রতি শিশুদের আগ্রহের শেষ নেই। স্পাইডারম্যান হওয়ার স্বপ্নও দেখে তাদের অনেকে। তবে সবাইকে ছাড়িয়ে গেছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার আট বছরের এক বালক। প্রিয় সুপারম্যান হওয়ার জন্য ব্ল্যাক উইডো নামের বিপজ্জনক এক মাকড়সার কামড় খায় সে স্বেচ্ছায়। আর এতে শিশুটির ঠাঁই হয় হাসপাতালে।
মধ্য বলিভিয়ার অরুরা শহরের ধারের জনপদ ভিচুলমায় ঘটে ঘটনাটি। যত দূর জানা যায়, আট বছরের ওই ছেলে, যার নাম প্রকাশ করা হয়নি, বাড়ির পাশের একটি নদীর ধারে খেলছিল। এ সময়ই বড় একটি পাথরে ব্ল্যাক উইডো মাকড়সাটিকে দেখতে পায় সে। এটা যে বিষধর এক মাকড়সা আর তাকে কামড়ালে কী সমস্যা হতে পারে, তা মোটেই চিন্তায় ছিল না শিশুটির। এটাকে হাতে নেয় সে এই আশায়, ওটা তাকে কামড়াবে। মাকড়সাটি তার আশা পূরণ করে।
বাড়িতে ফিরতেই শরীরে ব্যথা অনুভব করতে শুরু করে বালকটি। সেই সঙ্গে মাংসপেশিতে খিঁচুনি ওঠে তার। শুরুতে বাচ্চাটা তার মাকে এ বিষয়ে কিছু বলেনি। তবে একপর্যায়ে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে না পেরে মাকে জানায়, রঙিন একটা মাকড়সা তাকে কামড় দিয়েছে।
দুশ্চিন্তাগ্রস্ত মা শিশুটিকে দ্রুত পার্শ্ববর্তী একটি শহরের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাকে অরুরা শহরের জেনারেল সান জুয়ান ডি ডিওস হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। মাকড়সার কামড়ের কথা শোনার পর শিশুরোগ বিশেষজ্ঞরা অরুরার ডিপার্টমেন্টাল হেলথ সার্ভিসের জুনোটিক ডিজিজেস (জুনোটিক রোগগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী ও ছত্রাকের মতো ক্ষতিকারক জীবাণু দ্বারা সৃষ্টি) প্রোগ্রামের প্রধান আর্নেস্টো ভাসকুয়েজের সঙ্গে যোগাযোগ করেন। তিনি ছেলেটিকে কী ধরনের মাকড়সা কামড় দিয়েছে, তা নিশ্চিতে সাহায্য করেন।
‘শিশুটি ঝুঁকির কথা চিন্তা না করে মাকড়সাটিকে তুলে হাতের তালুর উল্টো পাশে বসায়। যেখানে প্রাণীটা কামড় বসায়।’ স্প্যানিশ নিউজ এজেন্সি ইএফইকে ভাসকুয়েজ বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। কারণ, শিশুটি সুস্থ হয়ে ওঠার পর তাকে জিজ্ঞাসা করা প্রশ্নগুলো থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, মাকড়সাটিকে সে হাতে তুলে নেয় একটি উদ্দেশ্যেই—স্পাইডারম্যান হওয়ার জন্য।’
শিশুটা যে স্পাইডারম্যানের বড় এক ভক্ত, সেটা নিশ্চিত করেছে শিশুটির মা। তবে সে যে ‘মার্ভেলে’র সুপারহিরোর মতো কিছু একটা করে বসবে তা কল্পনাও করেননি তিনি।
কমিক সুপারহিরো স্পাইডারম্যানের মূল কাহিনিতে বলা হয়, হাইস্কুল পড়ুয়া কিশোর পিটার পার্কার তার অসাধারণ ক্ষমতা অর্জন করে তেজস্ক্রিয় এক মাকড়সার কামড় খাওয়ার পর।
সৌভাগ্যক্রমে মাকড়সার কোন প্রজাতিটি শিশুটিকে কামড়েছে নিশ্চিত হওয়ার পর চিকিৎসকেরা সঠিক অ্যান্টিভেনম দিলে আধ ঘণ্টার মধ্যে তার অবস্থা মোটামুটি স্বাভাবিক হয়ে যায়।
‘এই কালো মাকড়সাটা, যার পেছনটা লাল, ব্ল্যাক উইডো মাকড়সা। এরা কাউকে সুপারম্যানে পরিণত করতে পারে না, উল্টো কামড় দিলে জীবনই ঝুঁকিতে পড়ে যায়।’ বলেন ভাসকুয়েজ।
ব্ল্যাক উইডো মাকড়সাদের কামড়ের শিকার বেশির ভাগ মানুষ সাধারণত গুরুতর জটিলতায় ভোগেন না। তবে বিরল ক্ষেত্রে, কিছু উইডো প্রজাতির কামড়ের ফলে শরীরের স্নায়ুগুলোর কার্যকারিতায় মারাত্মক ব্যাঘাতের কারণে মৃত্যুও ঘটতে পারে। শিশু, বয়স্ক এবং অন্য শারীরিক জটিলতায় ভোগা মানুষ ব্ল্যাক উইডোর কামড়ের শিকার হলে বেশি ঝুঁকিতে পড়ার আশঙ্কা আছে।
মজার বিষয় হলো, ২০২০ সালে অনেকটা এ রকম আরেকটি ঘটনা ঘটে, বলিভিয়াতেই। চায়ানটা শহরের তিনটি ছেলে স্পাইডারম্যানে পরিণত হওয়ার জন্য একটি ব্ল্যাক উইডো মাকড়সাকে তাদের কামড় দিতে উৎসাহী করে তুলে। তবে ওই শিশুগুলোও দ্রুত চিকিৎসা পাওয়ায় সুস্থ হয়ে ওঠে।
সূত্র: অডিটি সেন্ট্রাল, নিউজউইক

কুকুর-বিড়াল বা পোষা প্রাণী নিয়ে প্রতিযোগিতার বিষয়টি নতুন নয়। তবে এই প্রতিযোগিতাটি কিছুটা ব্যতিক্রমীই! এই প্রতিযোগিতায় বাছাই করা হয় বিশ্বের সবচেয়ে কুৎসিত দেখতে কুকুরটিকে। আর এ প্রতিযোগিতার ৫০তম আসরটি আয়োজিত হয়েছিল এ বছর।
৩ দিন আগে
অনলাইন বন্ধকি ঋণদাতা প্রতিষ্ঠান বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশাল গর্গ ২০২১ সালের ডিসেম্বরে এক নির্মম জুম কলে প্রায় ৯০০ কর্মীকে ছাঁটাই করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।
৪ দিন আগে
জাহাজের ফগহর্ন বাজিয়ে এক ঘুমন্ত মেরুভালুককে জাগানোর অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬ লাখ ৫০ হাজার টাকা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি চলতি মাসের শুরুতে উত্তর মেরু থেকে প্রায় ৬২০ মাইল দূরে অবস্থিত নরওয়ের...
৪ দিন আগে
বেলজিয়ামের ১৮ বছর বয়সী শিক্ষার্থী কোবে। গ্রীষ্মকালীন ছুটিতে নির্মাণশ্রমিকের কাজ করতে গিয়ে আবিষ্কার করে ফেলেছেন বিশাল এক স্বর্ণভান্ডার। একটি নির্মাণ সাইটে খণ্ডকালীন কাজ করছিলেন তিনি। সেখানে একটি পয়োনিষ্কাশন ব্যবস্থার জন্য নর্দমা খুঁড়তে গিয়ে তিনি খুঁজে পান প্রায় ৯০ লাখ ইউরো...
৫ দিন আগে