দীর্ঘ ৩৬ বছর পর পর্দায় আসছে হলিউড সুপারস্টার টম ক্রুজের সাড়া জাগানো সিনেমা ‘টপ গান’-এর দ্বিতীয় কিস্তি। টম ক্রুজ ও ভ্যাল কিলমার অভিনীত যুদ্ধ ও প্রেমের সিনেমা ‘টপ গান’ মুক্তি পায় ১৯৮৬ সালে। বক্স অফিসে ঝড় তোলা এই সিনেমা বিশ্বব্যাপি ৩৫ কোটি মার্কিন ডলার আয় করে। প্যারামাউন্ট পিকচারসের ব্যানারে নির্মিত এ সিনেমার মাধ্যমেই সারা বিশ্বে জনপ্রিয়তা পান টম ক্রুজ।
সিনেমাটির এবারের সিক্যুয়েলের নাম রাখা হয়েছে ‘টপ গান: ম্যাভেরিক’। পরিচালনা করেছেন টম ক্রুজ অভিনীত অবলিভিয়ন সিনেমার পরিচালক জোসেফ কোসিনস্কি। অভিনয়ের সঙ্গে সিনেমাটি প্রযোজনাও করেছেন টম। প্রথম কিস্তির প্রযোজক জেরি ব্রাকহেইমারও আছেন সঙ্গে। ২০২০ সালে করোনা মহামারি শুরুর আগে ‘টপ গান: ম্যাভেরিক’ দেখাতে চেয়েছিল কান কর্তৃপক্ষ। কিন্তু করোনার কারণে সিনেমাটির মুক্তি কয়েক দফা পিছিয়েছে পরিবেশনা সংস্থা প্যারামাউন্ট পিকচারস।
অবশেষে আগামী ২৭ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ‘টপ গান: ম্যাভেরিক’। একইদিন থেকে বাংলাদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পাবেন স্টার সিনেপ্লেক্সে। এরইমধ্যে স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইট এবং কাউন্টার থেকে সিনেমাটির অগ্রীম টিকেট বিক্রি শুরু হয়েছে।
গত ১৮ মে কান উৎসবের ৭৫তম আসরে ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল। সেখানে অংশ নিয়েছেন টম ক্রুজ।
আগের পর্বের ৩০ বছর পরের ঘটনা নিয়ে সাজানো হয়েছে এবারের ‘টপ গান: ম্যাভেরিক’-এর গল্প। এ পর্বেও নৌবাহিনীর বৈমানিক পিট ম্যাভেরিক মিচেল চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। নতুন সিনেমায় তাঁকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর স্ট্রাইক ফাইটার ট্যাকটিকস প্রশিক্ষণ প্রকল্পে কাজ করতে দেখা যাবে। নৌবাহিনীর নতুন প্রজন্মের পাইলটদের পরামর্শদাতা সে। টম ক্রুজ ছাড়াও আগের সিনেমার অভিনেতা ভ্যাল কিলমার ফিরছেন নতুন পর্বে। এছাড়া নতুন যুক্ত হয়েছেন মাইলস টেলার, জেনিফার কনেলি, এড হ্যারিস ও জন হ্যাম।
টম ক্রুজের ম্যাজিক যে গত সাড়ে তিন দশকে এতটুকুও ফিকে হয়নি এই সিনেমার সিক্যুয়েল তারই প্রমাণ। ফের একবার দুরন্ত গতিতে জেট প্লেন উড়িয়ে, বোম্বার জ্যাকেট ও রে ব্যান রোদচশমায় রূপালি পর্দা কাঁপাতে আসছেন ‘টপ গান’ তারকা। সঙ্গে রয়েছে তাঁর ভুবন ভোলানো হাসি, যে হাসিতে কুপোকাত গোটা বিশ্বের লক্ষ নারী হৃদয়। ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করে দর্শকদের শ্বাসরুদ্ধকর উত্তেজনার মধ্য দিয়ে কাহিনী এগিয়ে নিতে যিনি সবচেয়ে বড় পারদর্শী অভিনেতা তিনি হলেন হলিউড তারকা টম ক্রুজ।
সিনেমার নতুন ট্রেলারে তিনি আবারও দর্শকদের সেই টানটান উত্তেজনার ঝলক দেখালেন। এখানে টম ক্রুজকে সেই পুরনো দিনের রূপেই আবার পাওয়া গেছে। ট্রেলারটিতে বেশ কিছু চোখ ধাঁধানো বিমান উড্ডয়নের দৃশ্য রয়েছে। বারবার তাকে ফাইটার জেট বিমানের মধ্যেই দেখা গেছে। এগুলোর বেশিরভাগই বাস্তবে টম ক্রুজ নিজেই শুট করেছেন, কোন স্ট্যান্টম্যানের সাহায্য নেননি। তাকে এরকম ‘মিশন ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজিতেও দেখা গেছে। সেখানেও কোন স্ট্যান্টম্যানের সাহায্য না নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নিজেই অনেক দুধর্ষ সাহসিক দৃশ্যে কাজ করেছেন টম।
তাই টম ক্রুজকে নিয়ে দর্শকদের কৌতুহল বরাবরই একটু বেশি। নতুন ‘টপ গান’-এ সেই কৌতুহল কতখানি মেটাতে পারবেন তিনি সেটাই এখন দেখার অপেক্ষা।
দেখুন ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার ট্রেলার:

কমেডি ধাঁচের সিনেমাপ্রেমীদের কাছে বলিউডের ‘গোলমাল’ সিরিজ অত্যন্ত জনপ্রিয়। রোহিত শেঠি পরিচালিত এই সিরিজের সর্বশেষ ছবি ‘গোলমাল অ্যাগেইন’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের অক্টোবরে। এরপর পেরিয়ে গেছে আট বছরের বেশি সময়। অবশেষে ‘গোলমাল’প্রেমীদের অপেক্ষার প্রহর ফুরাতে চলেছে।
৮ ঘণ্টা আগে
প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
১৬ ঘণ্টা আগে
‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
১৮ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
২১ ঘণ্টা আগে