
চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণণ স্টেডিয়ামে বসে গতকাল সুইজারল্যান্ড-ওমানের ম্যাচ দেখছিলেন বাংলাদেশের কোচ সিগফ্রাইড আইকম্যান। তখনই মজা করে বললেন, ‘আমাদের এই গ্রুপে খেলা উচিত ছিল।’ যদিও এ গ্রুপে স্বাগতিক ভারত রয়েছে। তবু বাংলাদেশের জন্য কোয়ার্টার ফাইনালে খেলার ভালো একটা সম্ভাবনা থাকত। গ্রুপে থাকা সুইজারল্যান্ড ও চিলিকে প্রস্তুতি ম্যাচে উড়িয়ে দিয়েছে মেহরাব হোসেন সামিনের দল। আর ওমান গতকাল সুইজারল্যান্ডের কাছে হেরেছে ৪-০ গোলে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া।
আফসোস হোক বা রসিকতা, সেসব একপাশে রেখে জুনিয়র (অনূর্ধ্ব-২১) হকি বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। রাধাকৃষ্ণণ স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হবে ম্যাচ। হকির ইতিহাসে বিশ্বমঞ্চে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের আগে কখনো ছিল না। এবার যেহেতু দলের সংখ্যা (২৪) বেড়েছে, মিলেছে বাংলাদেশের খেলার সুযোগও। সেই জায়গাটা নিতে গত বছর জুনিয়র এশিয়া কাপে থাকতে হয়েছে সেরা ছয়ে।
বিশ্বকাপ সামনে রেখে চার মাসের ক্যাম্প করেছে বাংলাদেশ। কোচ হিসেবে আনা হয়েছে অভিজ্ঞ আইকম্যানকে; যাঁর অধীনে ২০১৮ সালে এশিয়ান গেমসে সোনা জিতেছিল জাপান। বড় কোনো স্বপ্ন না দেখালেও বিশ্বকাপ থেকে ভালো স্মৃতি নিয়ে ফিরতে চান ৬৬ বছর বয়সী এই ডাচ কোচ।
ভারতে গিয়ে বাংলাদেশ যুব দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলে পেয়েছে আত্মবিশ্বাস বাড়ানো জয়। মঙ্গলবার তারা চিলিকে হারায় ৩-০ ব্যবধানে। এরপর বৃহস্পতিবার সুইজারল্যান্ডকে উড়িয়ে দেয় ৫-২ গোলে। সেই আত্মবিশ্বাস কতটুকু কাজে দেবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে? উত্তরে আজকের পত্রিকাকে বাংলাদেশ কোচ বলেন, ‘আমরা সঠিক পথেই আছি। অনুশীলন ও ম্যাচে ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। তাই সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে তৈরি। সেরাদের বিপক্ষে খেলতে আমরা উজ্জীবিত হয়ে আছি। নিজেদের সবটুকু দিয়ে খেলার চেষ্টা করব।’
একবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সম্প্রতি দুর্দান্ত ছন্দে আছে। গত মাসে মালয়েশিয়ায় ৬ দল নিয়ে অনুষ্ঠিত সুলতান জহর কাপে চ্যাম্পিয়ন হয়েছে তারা। শক্তিশালী দলটির বিপক্ষে বাংলাদেশও চায় নিজেদের ছাপ রাখতে। সে জন্য পাল্টা আক্রমণই ভরসা আইকম্যানের ছকে, ‘অস্ট্রেলিয়া দুর্দান্ত খেলে সুলতান জহর কাপ জিতেছে। আমার মনে হয়, তারা অনেক গোল করার চেষ্টা করবে। সেটাই পাল্টা আক্রমণে ওঠার ভালো সুযোগ এনে দেবে আমাদের জন্য।’
শক্তিতে এগিয়ে থাকলেও আত্মতুষ্টিতে ভুগছে না অস্ট্রেলিয়া। দলটির কোচ জে স্টেসি বলেন, ‘আসলে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া সম্পর্কে আমি খুব বেশি জানি না। তাদের খুব বেশি দেখিনি, তাই কিছুটা “অপেক্ষা করে দেখা”র বিষয় থাকবে। বাংলাদেশের কিছু ভিডিও ফুটেজ আছে এবং সব দলের মতোই তাদের বিপক্ষে প্রস্তুতি নেব।’

দূরপাল্লার শট—এমন শটে কতবারই তো গোলের দেখা পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। হতাশও হয়েছেন। তবে এবারের হতাশাটা সবচেয়ে বেশি। চীনের মতো বড় দলের বিপক্ষে খেলার সুযোগই মেলে কপালগুণে, সেখানে গোল পাওয়ার কথা কল্পনাও করা যায় না। ঋতুপর্ণাকে ফিরে যেতে হলো তাই খুব কাছ থেকে।
১ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। মার্কিন যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর যৌথ আয়োজনে যে ৪৮ দলের বিশ্বকাপ হবে, তার মধ্যে আছে ইরানও। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে খেলাধুলার ওপর। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানা গেছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে
৩৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। মধ্যপ্রাচ্যে বিরাজ করছে চরম উত্তেজনাকর এক অবস্থা। এই যুদ্ধাবস্থার বলি হয়েছে ইংল্যান্ডের ক্রিকেটও। সিরিজ বাতিলের পাশাপাশি বাতিল করা হয়েছে অনুশীলন ক্যাম্পও।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরব ছেড়ে গেলেন কি না—এ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তাঁর ৬১ মিলিয়ন পাউন্ড মূল্যের ব্যক্তিগত বিমানটি সৌদি আরব থেকে স্পেনের রাজধানী মাদ্রিদে উড়ে যাওয়ার পর সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে