স্প্যানিশ কোচের ছোঁয়ায় বাংলাদেশের মেয়েদের নতুন স্বপ্ন

ঘরের মাঠে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফিতে ফাইনাল খেলার লক্ষ্য বাংলাদেশের নারী হ্যান্ডবল দলের। সেই লক্ষ্য সামনে রেখে স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়ার অধীনে প্রস্তুতি নিয়েছে দল। আধুনিক কৌশল শেখার পাশাপাশি খেলোয়াড়দের শেখার আগ্রহ এবং পারস্পরিক বোঝাপড়াকে টুর্নামেন্টে ভালো করার শক্তি হিসেবে দেখছেন কোচ ও অধিনায়ক ইসমেতারা নিশি।
কাল থেকে পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে চার জাতির টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশের সঙ্গে অংশ নেবে ভারত, নেপাল ও মালদ্বীপ। ফাইনালে ওঠার পথে ভারতকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করছেন অধিনায়ক নিশি। তবে নেপাল ও মালদ্বীপকেও হালকাভাবে নিতে চান না তিনি।
নিশি বলেন, ‘দলের বেশির ভাগ খেলোয়াড়েরই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১৯ সালের দলেও অনেকে খেলেছে। তখন আমার সন্তান ছোট থাকায় দলে থাকতে পারিনি। বর্তমানে দল বেশ ভারসাম্যপূর্ণ অবস্থায় রয়েছে। নিজেদের সেরা খেলাটা উপহার দিতে পারলে আশা করি ভারতের সঙ্গে আমরাই ফাইনাল খেলব।’
এবারই প্রথম বিদেশি কোচের অধীনে অনুশীলনের সুযোগ পেয়েছেন বাংলাদেশের মেয়েরা। আনা আলোনসোর অধীনে অনুশীলনে আধুনিক হ্যান্ডবলের বিভিন্ন কৌশল শেখার পাশাপাশি খেলোয়াড়দের শেখার আগ্রহও নজর কেড়েছে কোচের। তিনি বলেন, ‘গত কয়েক সপ্তাহে আমরা অনেক অনুশীলন করেছি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো তাদের শেখার আগ্রহ। তারা মনোযোগ দিয়ে শোনে, পরবর্তী অনুশীলন বা হ্যান্ডবল সম্পর্কে নতুন কিছু শেখার জন্য সব সময় প্রস্তুত থাকে।’
প্রশিক্ষণের বাইরেও খেলোয়াড়দের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠেছে আনার। ভাষার বাধা কাটিয়ে এখন দলের সঙ্গে স্বচ্ছন্দে কাজ করছেন তিনি। খেলোয়াড়দের সঙ্গে হাসিঠাট্টার প্রসঙ্গ টেনে কোচ বলেন, ‘আমরা সত্যিই কঠোর পরিশ্রম করছি, তবে এর মাঝে একটু হাসাহাসি করার মতো কিছু মুহূর্তও থাকে। আমি কীভাবে তাদের নাম উচ্চারণ করি বা কীভাবে আমি একাই রিকশায় উঠি, এসব নিয়ে তারা সব সময় কথা বলে। আমরা এই ধরনের গল্পই করি।’
জাতীয় দলের প্রস্তুতিতে নতুন কৌশল যুক্ত হলেও নিশি মনে করেন, নারী হ্যান্ডবলের দীর্ঘমেয়াদি উন্নয়নে শুরু থেকে আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরি। জেলা পর্যায় থেকে উঠে আসা খেলোয়াড়দের জন্য দীর্ঘমেয়াদি ক্যাম্পে বিদেশি কোচের অধীনে অনুশীলনের ব্যবস্থা করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।









