
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্ব শেষ হবে আজ। এর আগেই বোমা ফাটালেন কিউবা মিচেল। পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে বসুন্ধরা কিংস ছেড়েছেন ইংল্যান্ডপ্রবাসী এই মিডফিল্ডার।
গত জুলাইয়ে তিন বছরের চুক্তিতে বসুন্ধরা কিংসে নাম লেখান কিউবা। এমন সিদ্ধান্ত বেশ অবাকই করে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের। ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের একাডেমিতে বেড়ে ওঠা এই ফুটবলার এখানকার সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন, তা নিয়ে ছিল সংশয়। শেষ পর্যন্ত পারলেনই না।
ইনস্টাগ্রামে এক বার্তায় কিউবা লেখেন, ‘আজ আমি বসুন্ধরা কিংসের সঙ্গে আমার চুক্তির সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছি। বকেয়া বেতন পরিশোধ না করাই আমার এই সিদ্ধান্তের মূল কারণ। দীর্ঘদিন ধরে সমাধান না হওয়া এসব সমস্যার মধ্যে খেলা চালিয়ে যাওয়া মানসিক এবং শারীরিকভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। যদিও এখানে আমার সময়টা ছিল সংক্ষিপ্ত, তবু তা ছিল প্রভাবশালী। আসার পর থেকে আমি এখানকার জীবনযাত্রা, সংস্কৃতি এবং মানুষকে আপন করে নিয়েছিলাম। কিছু সত্যিকারের ভালো সতীর্থ এবং সমর্থকদের দেখা পেয়েছি, যাঁরা আমাকে সাদরে গ্রহণ করেছিলেন এবং এই খেলাটাকে আমি কেন ভালোবাসি, তা মনে করিয়ে দিয়েছেন।’
গত আগস্টে আসার পর বসুন্ধরা কিংসের হয়ে ৮ ম্যাচ খেললেও কখনো শুরুর একাদশে সুযোগ পাননি কিউবা, যা বেশ সংশয় জাগায়। যদিও গত নভেম্বরে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে তাঁর। কিন্তু ক্লাব তাঁকে দেওয়া প্রতিশ্রুতিগুলো রক্ষা করেনি।
কিউবা আরও লেখেন, ‘এখানে থাকাকালে পুরো সময়টাতে আমি সম্পূর্ণ পেশাদারত্ব বজায় রেখেছি। ক্লাবের সম্মানের প্রতি শ্রদ্ধা রেখে নিয়মিত অনুশীলন করেছি এবং মাঠে লড়াই করেছি। ফুটবলাররা শুধু মাঠের পারফরম্যান্সই দেয় না; আমরা আমাদের প্রতিশ্রুতি, শৃঙ্খলা এবং বিশ্বাস ঢেলে দিই। বিনিময়ে ক্লাবের পক্ষ থেকে মৌলিক প্রতিশ্রুতিগুলো রক্ষা করা জরুরি।’
স্থানীয় ফুটবলারদের জন্য আরও উন্নত কাঠামো চান কিউবা, ‘বাংলাদেশের ফুটবল আরও ভালো কিছু পাওয়ার দাবি রাখে। যে খেলোয়াড়েরা প্রতিদিন ফুটবলের জন্য ত্যাগ স্বীকার করেন, তাঁদের জন্য আরও উন্নত কাঠামো এবং স্বচ্ছতা প্রয়োজন। এখানে ফুটবল নিয়ে অনস্বীকার্য আবেগ এবং সম্ভাবনা রয়েছে, যা অবশ্যই রক্ষা করতে হবে।’
কিউবা একা নন, পারিশ্রমিকের সংকটে ভুগছেন অন্য ফুটবলাররাও। লিগের শুরুর দিকে বসুন্ধরা কিংস ছাড়ার ঘোষণা দেন জাতীয় দলের ডিফেন্ডার তারিক কাজীও। তবে অনেকেই এ নিয়ে মুখ খুলতে চান না। কিউবা সেই সত্য তুলে ধরলেন, ‘আশা করি, সব খেলোয়াড় একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, বিশেষ করে যাঁরা বকেয়া বেতন বা ভাঙা প্রতিশ্রুতির কারণে নীরবে কষ্ট পাচ্ছেন; তারা যেন নিজেদের কথা বলার সাহস পান। ন্যায্য ও পেশাদারি আচরণের দাবি জানানোর জন্য কোনো খেলোয়াড়েরই নিজেকে অসহায় মনে করা উচিত নয়। আমি এখন স্বচ্ছতা এবং নতুন উদ্দেশ্য নিয়ে সামনের দিনগুলোর দিকে পা বাড়াচ্ছি।’

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আজকের রাতটা ভারতীয় ফুটবলের জন্য আলাদা হয়ে থাকার কথা। প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে নেমেছে ব্রাজিলের সিনিয়র জাতীয় দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির বিপক্ষে মাঠে নামাটাই ভারতের জন্য বড় এক উপলক্ষ। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল ষষ্ঠ, ভারত ১৩৮। ভারত হারবে বলেই অনুমিত ছিল।
৩ ঘণ্টা আগে
২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দিনে আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন মোহাম্মদ মিঠুন। অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁর মতো কালাম সিদ্দিকী অ্যালেনও সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরেছেন।
৬ ঘণ্টা আগে
লিগ ও ফেডারেশন কাপ দুটোতেই আবাহনী লিমিটেডের শুরুটা হয়েছে হোঁচট খেয়ে। তবে লিগের দ্বিতীয় ম্যাচে এসে মৌসুমের প্রথম জয়ের দেখা পেল তারা। চাঁদপুর জেলা স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫–১ গোলে হারিয়েছে মারুফুল হকের দল। জোড়া গোল করেন অ্যান্থনি ওকাচি।
৭ ঘণ্টা আগে
ভুলে যাওয়ার মতোই এশিয়াড ক্রিকেট শেষ করল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেও প্রথমবারের মতো ক্রিকেটে তাদের প্রাপ্তির খাতা শূন্য। এমন বাজে একটি আসর শেষে খাবার নিয়ে অজুহাতও দাঁড় করালেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
৭ ঘণ্টা আগে