
আর্জেন্টিনা দলের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন লিওনেল মেসি। সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে অবসরের ঘোষণা দেওয়ার তিন দিন পেরিয়ে গেছে। কিন্তু দীর্ঘ ২১ বছরে যা অর্জন করেছেন, ভক্ত-সমর্থকদের মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত উপহার দিয়েছেন—সেটা তো চাইলেও কেউ ভুলতে পারবেন না। বিশ্বকাপজয়ী তারকার বিদায় উপলক্ষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) একটি বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছে।
আর্জেন্টিনা সব স্তরের ঘরোয়া ফুটবলের ম্যাচে মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসসহ বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ করেছে। ১১ জনের ফুটবল, ফুটসাল এবং বিচ সকারসহ পরবর্তী রাউন্ডের সব পুরুষ ও নারী ফুটবল ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিট পেরোনোর পর ১ মিনিট বিরতি দেওয়া হবে। আন্তর্জাতিক ফুটবলে মেসির অবদানকে স্মরণ করতে সবাই ১ মিনিট করতালি দেবেন।
১০ মিনিট বেছে নেওয়ার পেছনে বিশেষ কারণ রয়েছে। এটা মেসির আইকনিক ১০ নম্বর জার্সির প্রতি ইঙ্গিত করে। আন্তর্জাতিক ফুটবলে ১৯, ১০ দুই জার্সি পরেই খেলেছিলেন তিনি। তবে বেশির ভাগ সময় তাঁর পরনে ছিল ১০ নম্বর জার্সি। তাতে সবার কাছে তিনি ‘এলএম টেন’ নামে পরিচিতি পেয়েছেন। আর্জেন্টিনা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এএফএর পরিচালনা পর্ষদের প্রস্তাবেবলা হয়েছে, ‘একইভাবে, যেসব স্টেডিয়ামে স্ক্রিন রয়েছে, সেখানে ম্যাচ শুরুর আগে এএফএর প্রাতিষ্ঠানিক ভিডিওটি দেখাতে হবে।’
মাঠে খেলোয়াড়দের শ্রদ্ধা জানানোর পাশাপাশি গ্যালারিতে থাকা দর্শকদেরও করতালি, উল্লাস, পতাকা ও মেসিকে নিয়ে বিভিন্ন গান ও স্লোগানের মাধ্যমে উদ্যোগটিকে সমর্থন করছেন অনেকেই। এটার প্রথম উদাহরণ দেখা গেছে কোপা আর্জেন্টিনার বোকা জুনিয়র্স ও ভেলেস সার্সফিল্ডের ম্যাচে। মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে উপস্থিত সবাই করতালিতে আর্জেন্টাইন তারকাকে সম্মান জানিয়েছেন।
আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের ক্যারিয়ারে মেসি ২০৭ ম্যাচে ১২৫ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৬৮ গোলে। একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে (২০১৪, ২০২২) জিতেছেন গোল্ডেন বলের পুরস্কার। নিউজার্সিতে ১৯ জুলাই স্পেনের বিপক্ষে ফাইনালটাই আর্জেন্টিনার হয়ে মেসির সবশেষ ম্যাচ। ১-০ গোলে হারের পর যেভাবে অঝোরে কেঁদেছিলেন, সোমবার রাতে তাঁর পোস্টে সেটারই যেন ছাপ দেখা গেছে। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ—আন্তর্জাতিক ফুটবলে এই চার শিরোপা জয়ের পাশাপাশি ২০০৮ অলিম্পিকে স্বর্ণপদকও জিতেছিলেন।

জ্যোতিরা খুব করেই চেয়েছিলেন ভারতকে হারিয়ে ফাইনালে উঠতে। কিন্তু তা হলো না। গতকাল দুবাইয়ে প্রথম সেমিফাইনালে ৪০ রানে হেরে গেছে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগে
ভারতকে হারিয়ে ফাইনালে যেতে চাওয়ার সঙ্গে সংগতি রেখে সেমিফাইনালের প্রথমার্ধে অন্তত পারফরম্যান্সটা হয়নি বাংলাদেশের। দুবাইয়ে আগে ব্যাট করে ভারত ৬ উইকেটে ১৪৯ রান তুলেছে।
৯ ঘণ্টা আগে
এজবাস্টনে তৃতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংস শেষে ৩২০ রানের লিড নিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের চা-বিরতির আগে ৪৫৩ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা। এই সিরিজে এটিই তাদের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয়েছিল ১৩৩ রানে।
১০ ঘণ্টা আগে
ক্লাবগুলোর সঙ্গে সমঝোতার বিষয়টি নিয়ে বাফুফের লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘ক্লাব এবং ফুটবল ফেডারেশন একে অপরের পরিপূরক। ক্লাবকে বাদ দিয়ে তো আমরা খেলতে পারব না। ক্লাব যদি না খেলতে চায়, আমাদের ইসি কমিটি বসে সিদ্ধান্ত নেব। আপাতত আগের সূচি অনুযায়ীই লিগ শুরু হবে।’
১১ ঘণ্টা আগে