Ajker Patrika

কাল উজবেকিস্তান যাবে দল, আজ বরখাস্ত বাংলাদেশ কোচ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
কাল উজবেকিস্তান যাবে দল, আজ বরখাস্ত বাংলাদেশ কোচ
অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড জোন্স। ছবি: বাফুফে

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের টিম হোটেলে সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনার পর বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সূত্রের দাবি, ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

উজবেকিস্তানে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে যাওয়ার প্রস্তুতির মধ্যেই গত বুধবার টিম হোটেলে জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশু মধ্যে কথা-কাটাকাটি থেকে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে জেরার্ড ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকেন। খবর পেয়ে পুলিশ টিম হোটেলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর বিষয়টি নিয়ে তদন্তের উদ্যোগ নেয় বাফুফের ডেভেলপমেন্ট কমিটি। দলের ম্যানেজার সামিদ কাশেমও জানিয়েছিলেন, কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে এবং দ্রুত সমাধানের আশা করছেন।

এর মধ্যেই সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে নিজের অবস্থান তুলে ধরেন জেরার্ড। কর্মক্ষেত্রে শারীরিক হামলার শিকার হয়েছেন দাবি করে নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কার কথা জানান তিনি।

জেরার্ড জোন্স গতকাল নিজের ফেসবুকে বলেন, ‘কর্মক্ষেত্রে আমার ওপর হামলা চালানো হয়েছে। আত্মরক্ষার্থেই আমাকে পুলিশ ডাকতে হয়েছিল। আমি বাফুফেকে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) আমার প্রাপ্ত আঘাতের ছবি পাঠিয়ে বিষয়টি জানিয়েছিলাম। কিন্তু সেখান থেকে কোনো সহায়তা বা সমর্থন পাইনি। আমি এখনো নিরাপদবোধ করছি না। এমন একটি দেশে আছি যেখানে প্রতিনিয়ত সহায়তার জন্য আকুতি জানাতে হচ্ছে।’

সহকারী কোচের সঙ্গে বিরোধের বিষয়টিও অস্বীকার করেন জোন্স। তাঁর দাবি, গোলকিপিং কোচের সঙ্গে সম্পর্ক বরং ভালো। জোন্স বলেন, ‘গোলকিপার কোচের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। আমরা হাসাহাসি করি, একে অপরের রুমে আসা-যাওয়া করি এবং ম্যাচে কৌশলগত বিষয় শেয়ার করি। কিন্তু একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।'

নিজের দীর্ঘ কোচিং ক্যারিয়ারে এমন পরিস্থিতির মুখোমুখি কখনো হননি বলেও দাবি করেন এই ব্রিটিশ কোচ। তিনি বলেন, ‘আমার পুরো ক্যারিয়ারে কখনোই কাজের জায়গায় শারীরিক আক্রমণের শিকার হতে হয়নি বা সুরক্ষার জন্য পুলিশ কিংবা ব্রিটিশ দূতাবাসের সহায়তা নিতে হয়নি। যখন এএফসি প্রতিযোগিতায় ভালো কিছু করার সুবর্ণ সুযোগ রয়েছে, তখন কেন এমনটা করা হচ্ছে তা বোধগম্য নয়।’

তবে জেরার্ডের এসব বক্তব্যের পরই তাঁর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। সূত্রের দাবি, হাতাহাতির ঘটনায় শেষ পর্যন্ত তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের সামনে এখন বড় পরীক্ষা। আগামী ৩১ আগস্ট উজবেকিস্তানে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব। বাংলাদেশের কাল দেশ ছাড়ার কথা। গত জুনে জোন্সের সঙ্গে দুই বছরের চুক্তি করে বাফুফে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত