Ajker Patrika

বাফুফের নজরে আরও ৬ প্রবাসী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বাফুফের নজরে আরও ৬ প্রবাসী
ফাইনালে টাইব্রেকারে বাংলাদেশের হয়ে শেষ গোলটা করেন রোনান সুলিভান। ছবি: বাফুফে

ফোনের ওপাশ থেকে অম্ল-মধুর অভিজ্ঞতাই শোনালেন সুলিভান ব্রাদার্সের নানি সুলতানা আলম। গতকাল রাতের আগপর্যন্ত দুই নাতি ডেকলান সুলিভান ও রোনান সুলিভানের সঙ্গে দেখাই করতে পারেননি। শিকড় যে তাঁকে দিয়েই বোনা।

আজকের পত্রিকাকে সুলতানা বলেন, ‘আসলে বাংলাদেশিরা কোনো উপলক্ষ পেলে সেটা উদ্‌যাপনে কোনো রকমের কমতি রাখে না। আমি সকালে হোটেলে গিয়েও তাদের সঙ্গে দেখা করতে পারিনি।’

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা নিয়ে পরশু রাতেই ফিরেছে বাংলাদেশ দল। আগ্রহের কেন্দ্রে একটু আলাদাভাবেই আছেন সুলিভান ব্রাদার্স। বিশেষ করে রোনান। গল্পের শুরু ও শেষটা তাঁকে দিয়েই। টাইব্রেকারে তাঁর নেওয়া পানেনকা শটেই ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়ে শিরোপাবঞ্চিত করে বাংলাদেশ। স্ট্রাইকারের ঘাটতি পূরণে আশা জোগাচ্ছেন তিনি।

গত বছরের নভেম্বরে জাতীয় দলের হয়ে নেপালের বিপক্ষে পানেনকা শটে গোল করেছিলেন হামজা চৌধুরী। তাঁকে দেখেই চাপের মুহূর্তে পানেনকা শট নেওয়ার চিন্তা করেন রোনান। সেই দৃশ্যটির কথা বলতে গিয়ে সুলতানা বলেন, ‘তখন গর্বে আমার বুক ফুলে উঠেছিল। তারা দুই ভাই বাংলাদেশের হয়ে খেলে চ্যাম্পিয়ন হয়েছে। এটা অনেক আনন্দের ব্যাপার।’

যুক্তরাষ্ট্রপ্রবাসী সুলিভান ব্রাদার্সের পর আরও প্রবাসী ফুটবলারের খোঁজে রয়েছে বাফুফে। এ বছরই দেখা যাবে অন্তত ছয় ফুটবলারকে। বাফুফে সহসভাপতি ফাহাদ করিম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বছর ছয়জন ফুটবলার যোগ হবে। এর মধ্যে একজন মেয়ে ফুটবলারও আছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে দুই বংশোদ্ভূত খেলোয়াড়ের সঙ্গে কথা হচ্ছে।’

হামজা-শমিতসহ গত বছর জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে পাঁচ প্রবাসী ফুটবলারের। জামাল ভূঁইয়া ও তারিক কাজী তো আছেনই। তা সত্ত্বেও এশিয়ান কাপ বাছাইয়ের বাধা পেরোতে পারেনি বাংলাদেশ। সেপ্টেম্বরে সাফ হওয়ার কথা রয়েছে। ফাহাদ করিম বলেন, ‘অনূর্ধ্ব-২০ দলে দুজন, জাতীয় দলে দুজন, মেয়েদের যুব দলে একজনের সঙ্গে কথা পাকাপোক্ত প্রায়। আরেকজন এখনো রাজি হননি, তবে উনি এলে জাতীয় দলেই খেলবেন।’

অনূর্ধ্ব-২০ সাফে রোনান চার ম্যাচের সবকটি খেললেও তাঁর ভাই ডেকলান খেলেছেন মাত্র দুটি ম্যাচ। তাও বদলি হিসেবে নেমে। প্রবাসীরা কেন কম গেম টাইম পাচ্ছে তা নিয়ে বেশ সরব সমর্থকেরা। এর পেছনে কোচিং স্টাফদের তুলাধুনা করতেও কার্পণ্য বোধ করেন না।

ফাহাদ করিম বলেন, ‘আমরা একটি বিষয়ে আশ্বস্ত করছি যে তারা যদি পারফর্ম করে, তবে অবশ্যই তাদের যোগ্য ফলাফল পাবে। কারিগরি বা টেকনিক্যাল দলের কাজে আমরা কখনোই হস্তক্ষেপ করি না। তবে আশানুরূপ ফলাফল না এলে অবশ্যই আমরা তাদের জবাবদিহির আওতায় আনি। টেকনিক্যাল টিমকে নিয়ে অনেক সমালোচনা হলেও তারা কিন্তু দলকে চ্যাম্পিয়ন করেছে। তাই তাদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার এখন আর কোনো অবকাশ নেই।’

ফাহাদ করিমের বিশ্বাস, সামনে যাঁরা আসবেন, পর্যাপ্ত গেম টাইম দেওয়া হবে। তিনি বলেন, ‘পেশাদার ফুটবলাররা এটা বোঝে যে পারফরম্যান্স এবং দলের কৌশল অনুযায়ীই তাদের মাঠে নামানো হবে। আমি বিশ্বাস করি, যেসব খেলোয়াড় (দলে) আসবে, তারা ইনশা আল্লাহ পর্যাপ্ত সময় পাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চৈত্রসংক্রান্তিতে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি

ক্রুকে উদ্ধারে কী কী প্রযুক্তি ব্যবহার করল যুক্তরাষ্ট্র, ইরানিরা কেন খুঁজে পেল না

ইরানের বিক্ষোভকারীদের অস্ত্র পাঠিয়েছিলাম, কুর্দিরা মেরে দিয়েছে: ট্রাম্প

সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত