Ajker Patrika

কারা আছেন ব্রাজিলের শুরুর একাদশে

ক্রীড়া ডেস্ক    
কারা আছেন ব্রাজিলের শুরুর একাদশে
একাদশে আছেন ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: সিবিএফ

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আজ। গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ আফ্রিকার পরাশক্তি মরক্কো। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ভোর ৪ টায়।

তবে ম্যাচ ছাপিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে সবচেয়ে বড় আলোচনা—নেইমার কি আজ মাঠে নামবেন? ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মরক্কোর বিপক্ষে ম্যাচে মাঠে দেখা যাবে না নেইমারকে। তিনি দলের সঙ্গে মূল অনুশীলনে ফেরার খুব কাছাকাছি আছেন এবং কোচিং স্টাফ আশা করছে আগামী সপ্তাহেই এই স্ট্রাইকারকে স্কোয়াডে পাওয়া যাবে।

মরক্কোর বিপক্ষে ম্যাচে নেইমার অফিশিয়াল স্কোয়াডের বাইরে থাকবেন। তবে দলের আবহ চাঙ্গা রাখতে তিনি ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে সতীর্থদের সঙ্গে স্টেডিয়ামে আসবেন এবং সাইডবেঞ্চে উপস্থিত থাকবেন। আজ সকালে তিনি মেডিকেল টিমের পরিকল্পনা অনুযায়ী কেবল ফিজিওথেরাপি সম্পন্ন করেছেন।

কোচ কার্লো আনচেলত্তি জোর দিয়ে বলেছেন, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নেইমারের মতো অভিজ্ঞ ফুটবলারের ড্রেসিংরুম ও বেঞ্চে উপস্থিতি বিশ্বকাপের শুরুতে পুরো দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। কোচিং স্টাফের বিশ্বাস, বড় টুর্নামেন্টে নেইমারের অভিজ্ঞতা পুরো টুর্নামেন্ট জুড়েই দলকে পথ দেখাবে।

ম্যাচের জন্য দুই দলের শুরুর একাদশ ঘোষণা করা হয়েছে। আক্রমণভাগে ভিনিসিয়ুস ও রাফিনিয়ার সঙ্গে থাকছেন ইগর থিয়াগো। অন্যদিকে মরক্কোকে নেতৃত্ব দেবেন আশরাফ হাকিমি।

দুই দলের শুরুর একাদশ:

ব্রাজিল: আলিসন (গোলরক্ষক), দগলাস সান্তোস, মার্কিনিওস (অধিনায়ক), গাব্রিয়েল মাগালাইস, ইবানেস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো ও রাফিনিয়া।

মরক্কো: ইয়াসিন বুনু (গোলরক্ষক), নুসাইর মাজরাউই, আশরাফ হাকিমি (অধিনায়ক), ইসা দিওপ, শাদি রিয়াদ, এল আইনাউই, আইয়ুব বুয়াদ্দি, উনাহি, ব্রাহিম দিয়াজ, সাইবারি ও বিলাল এল খানুস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত