Ajker Patrika

ওসাসুনার কাছে হেরে খেলোয়াড়দের কাঠগড়ায় তুললেন রিয়াল কোচ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ৫৫
ওসাসুনার কাছে হেরে খেলোয়াড়দের কাঠগড়ায় তুললেন রিয়াল কোচ
ভিনিসিয়ুসের সঙ্গে কথা বলছেন আরবেলোয়া। ছবি: সংগৃহীত

লা লিগায় অঘটনের সাক্ষী হলো রিয়াল মাদ্রিদ। শনিবার দিবাগত রাতে ওসাসুনার মাঠ থেকে ২-১ গোলের হার নিয়ে ফিরেছে টুর্নামেন্টের ইতিহাসের রেকর্ড চ্যাম্পিয়নরা। শক্তির বিচারে পিছিয়ে থাকা দলটির কাছে হারের জন্য নিজেদের বাজে পারফরম্যান্সকে দায়ী করেছেন রিয়ালের কোচ আলভারো আরবেলোয়া।

ম্যাচের ৩৮ মিনিটে আন্তে বুদিমিরের স্পট কিকে পিছিয়ে পড়ে রিয়াল। ৭৩ মিনিটে সফরকারীদের ম্যাচে ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ওসাসুনার হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন রাউল গার্সিয়া। দেড় দশক পর লিগে ওসাসুনার কাছে হারের তিক্ত অভিজ্ঞতা হলো লস ব্লাঙ্কোসদের। এর আগে সর্বশেষ ২০১১ সালে হেরেছিল স্পেনের শীর্ষ ক্লাবটি।

ওসাসুনার কাছে হেরে এক ম্যাচ পরই টেবিলের শীর্ষ স্থান হারানোর শঙ্কায় পড়ে গেল রিয়াল। ২৫ ম্যাচে তাদের সংগ্রহ ৬০ পয়েন্ট। দুইয়ে থাকা বার্সেলোনার নামের পাশে আছে ৫৮ পয়েন্ট; এক ম্যাচ কম খেলেছে কাতালানরা। আজ রাতে তাদের প্রতিপক্ষ লেভান্তে। ম্যাচটিতে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিতে পারলে ফের শীর্ষে উঠবে বার্সা।

ম্যাচ শেষে আরবেলোয়া বলেন, ‘আমাদের পারফরম্যান্স ভালো ছিল না। খেলায় আরও অনেক উন্নতি করতে হবে। কিছু সময় আমাদের হাতেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল। তবে খেলায় গতি ছিল না।  আমি আগেও বলেছি, সব সময় তীব্রতা নিয়ে খেলতে হবে। জানি না আমি কথাটা ঠিকভাবে বোঝাতে পারছি কি না, নাকি আলাদা করে কিছু বলছি। সত্যি বলতে, টানা ভালো পারফরম্যান্স আমরা ধরে রাখতে পারছি না, যদিও এর আগে টানা তিনটি ম্যাচ জিতেছিলাম। কিন্তু এটা প্রতিদিনের একটা প্রক্রিয়া। চতুর্থ ম্যাচের পর আমরা থেমে যেতে পারি না। সেটাই আমরা করার চেষ্টা করছি।’

ওসাসুনার ম্যাচের ভুল শুধরে আক্রমণাত্মক হওয়ার তাগিদ দিলেন আরবেলোয়া, ‘আমি বলিনি আমরা খুব ধীর ছিলাম, আমি বলেছি আমাদের বল আরও দ্রুত চালাতে হবে এবং আরও বেশি বিপজ্জনক আক্রমণ তৈরি করতে হবে। এটা মূলত কৌশলগত বিষয়—আমরা কী করতে চাই এবং প্রতিপক্ষকে কী করতে বাধ্য করতে চাই, সেটা পরিষ্কারভাবে জানা। মঙ্গলবার আমরা যা ভালো করেছি, আজ তা কেন পারিনি, সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। সামনে আরও অনেক ম্যাচ আছে। উন্নতির অনেক সুযোগ রয়েছে। আপনি যদি শতভাগ প্রস্তুত না থাকেন, যে কেউ আপনাকে হারাতে পারে। আমাদের প্রতিপক্ষরাও তাদের ম্যাচের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নেয়। ’

রিয়াল কোচ আরও বলেন, ‘আমি আশা করি চোটটা গুরুতর কিছু নয়। কারণ, চার দিনের মধ্যেই আবার আমরা বাঁচা-মরার লড়াইয়ে নামব। বিপদের সময়েই একটা দল তার আসল শক্তি দেখায়। আমাদের কোনোভাবেই সন্দেহ বা দ্বিধার মধ্যে পড়া যাবে না। আমি আমার দলের ওপর বিশ্বাস রাখি। আমাদের এই পারফরম্যান্সের মানটা দীর্ঘ সময় ধরে ধরে রাখতে হবে। আমরা কাজ চালিয়ে যাব, নিজেদের আরও উন্নত করব এবং প্রতিটি খেলোয়াড়ের কাছ থেকে সেরাটা বের করে আনব। কারণ, সবাইকে আমাদের দরকার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত