Ajker Patrika

আর্জেন্টিনাকে বিশেষ সতর্কবার্তা দিল আলজেরিয়া

ক্রীড়া ডেস্ক    
আর্জেন্টিনাকে বিশেষ সতর্কবার্তা দিল আলজেরিয়া
নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়েছে আলজেরিয়া। ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই তো বেজে গেছে বিশ্বকাপের দামামা। যে টুর্নামেন্টের জন্য চার বছর অপেক্ষা করে থাকেন কোটি কোটি ফুটবলপ্রেমী, যে বিশ্বকাপ নিয়ে বুঁদ হয়ে থাকে পুরো বিশ্ব, তাকে তো আর এমনি এমনি ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বলা হয় না। দলগুলোর প্রীতি ম্যাচে চোখও রাখছেন অনেকে। যেখানে গত রাতের ম্যাচ শেষে আর্জেন্টিনার ফুটবল সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে।

এবারের বিশ্বকাপে ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।আলজেরিয়ার বিপক্ষেই আলবিসেলেস্তেরা শুরু করবে বিশ্বকাপ ধরে রাখার অভিযান। এই আলজেরিয়াই গত রাতে প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনাকে একরকম দুশ্চিন্তায় ফেলেছে। আর্জেন্টিনা, নেদারল্যান্ডসের চেয়ে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও আলজেরিয়ার এই জয় আরও একবার মনে করিয়ে দিল, বিশ্বকাপের মঞ্চে কাউকে হালকাভাবে নেওয়া যাবে না।

নেদারল্যান্ডস-আলজেরিয়া প্রীতি ম্যাচটি গত রাতে হয়েছে রটারডামে। ৫৪ শতাংশ বলের দখল রেখেছিল ডাচরা। আলজেরিয়ার লক্ষ্য বরাবর নেদারল্যান্ডস ৫ শট নিয়েছে। তবে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকার পরও সুযোগ কাজে লাগাতে পারেনি ডাচরা। জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান আলজেরিয়ার গোলপোস্ট সামলেছেন দারুণভাবে।

নেদারল্যান্ডস-আলজেরিয়া ম্যাচে গোলশূন্য ড্র যখন একমাত্র পরিণতি মনে হচ্ছিল, তখনই চমক। ৮৬ মিনিটে বাঁ পায়ের বাঁকানো শটে ডাচদের জালে বল জড়ান আলজেরিয়ার স্ট্রাইকার আনিস হাজ মুজা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে মাঠ ছাড়ে আলজেরিয়া। গোলের ব্যবধান মাত্র ১ গোলেও বিশ্বকাপে থাকা দলগুলোর জন্য বিশেষ এক বার্তাই দিয়ে রাখল আফ্রিকার এই দল।

আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ও ৮ নম্বরে রয়েছে। আলজেরিয়া রয়েছে ২৮ নম্বরে। র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা আলজেরিয়ার জন্য ডাচদের হারানো অনেক বড় অনুপ্রেরণা। ২০২২ ফুটবল বিশ্বকাপে এই আফ্রিকারই আরেক দল মরক্কো সেমিফাইনাল খেলে চমকে দিয়েছিল। কোয়ার্টার ফাইনালেই ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছিল মরক্কো।

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার অভিযানে। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আলবিসেলেস্তেরা বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করবে। ২২ ও ২৮ জুন গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। বিশ্বকাপ অভিযান শুরুর আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আকাশী-নীলরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত