Ajker Patrika

বিশ্বকাপে স্টেডিয়ামে নিষিদ্ধ পানির বোতল

ক্রীড়া ডেস্ক    
বিশ্বকাপে স্টেডিয়ামে নিষিদ্ধ পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নিষিদ্ধ করা হয়েছে পানির বোতল। ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল ১ সপ্তাহ। মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ১১ জুন মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। দরজায় যখন কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ, তখন নিত্যনতুন নিয়ম নিয়ে আসছে ফিফা। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার স্টেডিয়ামে বিশ্বকাপে পানির বোতল নিয়ে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে।

এক মাস আগেও ফিফার স্টেডিয়ামবিষয়ক আনুষ্ঠানিক আচরণবিধিতে দর্শকেরা বিনা অনুমতিতে স্টেডিয়ামের ভেতরে খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল নিয়ে ঢুকতে পারবেন বলা হয়েছিল। সর্বোচ্চ ধারণক্ষমতা বলা হয়েছিল এক লিটার। কিন্তু শেষ মুহূর্তে এসে সেই নিয়ম ফিফা বদলে ফেলেছে বলে জানিয়েছে ‘দ্য অ্যাথলেটিক’। পুনরায় ব্যবহার করা পানির বোতল নিয়ে দর্শকেরা স্টেডিয়ামে ঢুকতে পারবেন না।

বার্তা সংস্থা এএফপিকে ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে বদলানো হয়েছে এই নিয়ম। ‘দ্য অ্যাথলেটিকের’ বরাতে ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘নিরাপত্তাজনিত কারণে বেশ কিছু ভেন্যুতে বাইরের বোতল আগেই নিষিদ্ধ ছিল। ফিফা তাদের টুর্নামেন্টের সব স্টেডিয়ামে একই নীতি প্রয়োগ করছে।’

স্টেডিয়ামে পানির বোতল নিয়ে ঢোকা নিষিদ্ধ হলেও তৃষ্ণার্ত দর্শকদের জন্য পানি পানের ব্যবস্থা ফিফা রেখেছে বলে জানিয়েছে ‘দ্য অ্যাথলেটিক’। যুক্তরাষ্ট্রের এই সংবাদমাধ্যম বলেছে, ‘ফিফা প্রত্যেক আয়োজক শহরের কমিটি এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তাতে স্টেডিয়ামে আসা দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। যার মধ্যে স্টেডিয়াম এলাকার আশপাশে মিস্টিং স্টেশন (জলকণা ছিটানোর ব্যবস্থা), পাখা, পানীয় জল সরবরাহ কেন্দ্র, শীতলীকরণ তাঁবু (কুলিং টেন্ট) এবং অন্যান্য সুবিধা রয়েছে। স্টেডিয়ামের ভেতরে, ফিফা বিশ্বকাপের সময় পানির বোতলের দাম সংশ্লিষ্ট স্টেডিয়ামগুলোতে অনুষ্ঠিত অন্যান্য ইভেন্টে যে দাম রাখা হয়, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে।’

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো হতে যাচ্ছে ৪৮ দলের বিশ্বকাপ। ৩৯ দিনের টুর্নামেন্টে ১০৪ ম্যাচ হবে ১৬ স্টেডিয়ামে। এই ১৬ স্টেডিয়ামের ১১টিই যুক্তরাষ্ট্রে। মেক্সিকো ও কানাডার তিন ও দুই ভেন্যুতে হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। নিউজার্সিতে ১৯ জুলাই হবে ফাইনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত