
দুই ম্যাচ, দুই হার। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের সামনে এখন শুধু সমীকরণ নয়, বড় প্রশ্নও। সিরিয়ার বিপক্ষে লড়াইটা একসময় সমানে সমান মনে হলেও বিরতির ঠিক আগে দুই মিনিটের ধাক্কায় ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত হজম করেছে তিন গোল।
তাসখন্দের দস্তলিক স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে আজ সিরিয়ার কাছে ৩–০ গোলে হারে জেরার্ড জোন্সের দল। শুরু থেকেই বাংলাদেশের রক্ষণকে ব্যস্ত রাখে সিরিয়া। ১৭ মিনিটে আব্দুল্লাহ আল নাজারের প্লেসিং শট ক্রসবারের ওপর দিয়ে ঠেকান রাজ চৌধুরী। ২৩ মিনিটেও কাছাকাছি জায়গা থেকে সুযোগ পায় সিরিয়া। বাংলাদেশের জন্য পাল্টা স্বস্তি আসে ৩৮ মিনিটে। রিয়াদ ফাহিমের কোনাকুনি শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন ইসমাইল হাদি।
এরপরই ম্যাচের মোড় ঘুরে যায়। ৪৪ মিনিটে আব্দুল্লাহ আল নাজারের ব্যাকহিল থেকে পাওয়া বলে বক্সের বাইরে থেকে আলান মামোর নিচু শট বাংলাদেশের জালে পৌঁছে যায়। যোগ করা সময়ের প্রথম মিনিটে ভুলপাসের সুযোগ নিয়ে মারিওস আলহেরেক দ্বিগুণ করেন ব্যবধান।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আক্রমণে কিছুটা প্রাণ ফেরানোর চেষ্টা করেছিল। কিন্তু সিরিয়ার গোলমুখে সেই চেষ্টা ফলপ্রসূ হয়নি। উল্টো রাজ চৌধুরীকে ব্যস্ত থাকতে হয়েছে বারবার। ৭৩ মিনিটে আমের আম্মারের ফ্রি-কিক ও ৮৫ মিনিটে মামোর শট ঠেকিয়ে দলকে বাঁচান তিনি।
শেষ পর্যন্ত ৮৯ মিনিটে আসে তৃতীয় গোল। বক্সের বাইরে ফ্রি-কিক থেকে আল নাজারের নিচু শট ধীরগতিতে গড়িয়েও বাংলাদেশের জালে গিয়ে থামে। তাতে হতবাক হওয়া ছাড়া কিছুই করার ছিল না বাংলাদেশের।
দুই ম্যাচ শেষে পয়েন্টশূন্য বাংলাদেশ। তাতে বিদায়ের দ্বারপ্রান্তেও চলে গেছে। এর আগে প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছেে হেরেছে ২–০ গোলে।রোববার ভারতের বিপক্ষে শেষ ম্যাচে নামবে বাংলাদেশ। তবে আজ উজবেকিস্তানের বিপক্ষে ভারত ড্র করলে শেষ হয়ে যাবে বাংলাদেশের মূল পর্বে খেলার আশা।
আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্সআপসহ মোট ১৫ দল বাছাই থেকে যাবে মূল পর্বে। আগামী বছর এই আসরের আয়োজক হিসেবে চীন খেলবে সরাসরি।

জ্যোতিরা খুব করেই চেয়েছিলেন ভারতকে হারিয়ে ফাইনালে উঠতে। কিন্তু তা হলো না। গতকাল দুবাইয়ে প্রথম সেমিফাইনালে ৪০ রানে হেরে গেছে বাংলাদেশ।
৮ ঘণ্টা আগে
ভারতকে হারিয়ে ফাইনালে যেতে চাওয়ার সঙ্গে সংগতি রেখে সেমিফাইনালের প্রথমার্ধে অন্তত পারফরম্যান্সটা হয়নি বাংলাদেশের। দুবাইয়ে আগে ব্যাট করে ভারত ৬ উইকেটে ১৪৯ রান তুলেছে।
১০ ঘণ্টা আগে
এজবাস্টনে তৃতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংস শেষে ৩২০ রানের লিড নিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের চা-বিরতির আগে ৪৫৩ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা। এই সিরিজে এটিই তাদের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয়েছিল ১৩৩ রানে।
১১ ঘণ্টা আগে
ক্লাবগুলোর সঙ্গে সমঝোতার বিষয়টি নিয়ে বাফুফের লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘ক্লাব এবং ফুটবল ফেডারেশন একে অপরের পরিপূরক। ক্লাবকে বাদ দিয়ে তো আমরা খেলতে পারব না। ক্লাব যদি না খেলতে চায়, আমাদের ইসি কমিটি বসে সিদ্ধান্ত নেব। আপাতত আগের সূচি অনুযায়ীই লিগ শুরু হবে।’
১২ ঘণ্টা আগে