
রংপুর রাইডার্স রীতিমতো উড়ছিল। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি প্রথম ৮ ম্যাচের ৮টিতে জিতে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে। তাদের কাছে প্রথম কোয়ালিফায়ারে ওঠা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। তবে টুর্নামেন্টের শেষ ভাগে এসে হোঁচট খায় সোহান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিনদের রংপুর।
মিরপুরে গতকাল শেষ হয়েছে ২০২৫ বিপিএলের লিগ পর্বের খেলা। শেষ দিনে রংপুর রাইডার্স, দুর্বার রাজশাহী কোনো দলের খেলা ছিল না ঠিকই। তবে তাদেরও চোখ ছিল। বিকেলের ম্যাচে খুলনা টাইগার্স যদি হারত ঢাকা ক্যাপিটালসের কাছে, তাহলে উঠত দুর্বার রাজশাহী। আর সন্ধ্যার ম্যাচ ফরচুন বরিশালের কাছে চিটাগং কিংস হারলে রংপুর প্রথম কোয়ালিফায়ারে উঠে যেত। কিন্তু রংপুর-রাজশাহী কোনো দলের পক্ষেই কিছু আসেনি। কারণ, ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন খুলনা। আর সন্ধ্যায় ফরচুন বরিশালকে ২৪ রানে হারিয়ে তাদেরকেই প্রথম কোয়ালিফায়ারে পাচ্ছে চিটাগং কিংস।
২৯৮ রান, ১৭ উইকেট—এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খুশদিল শাহ পুরোদস্তুর অলরাউন্ডার হিসেবে খেলেছেন। শেষের দিকে ঝোড়ো গতিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন বারবার। ১৮ চার ও ২৪ ছক্কার পরিসংখ্যান দেখেই বলা যায় ছক্কা মারতে কতটা সিদ্ধহস্ত তিনি। তবে চিটাগং কিংস, খুলনা টাইগার্স—লিগ পর্বের শেষ দুই ম্যাচে রংপুর পায়নি খুশদিলকে। তাছাড়া দুর্বার রাজশাহীর বিপক্ষে যে দুই ম্যাচ খেলেছেন, সেখানে বোলিং ভালো হলেও ব্যাটিংয়ে ছিলেন ফ্লপ। এছাড়া ৩০ জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে সাইফউদ্দিনের খরুচে বোলিংটা বেশ ভুগিয়েছে রংপুরকে। সেই ম্যাচে সৌম্য সরকার লড়েছিলেন নিঃসঙ্গ শেরপার মতো।
রংপুর রাইডার্স যেখানে হোঁচট খেতে থাকে, সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে শুরু করে খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। শেষ ৬ ম্যাচের ৪টিতে জিতে প্লে-অফের টিকিট কাটে খুলনা। ধীরগতির নাঈম শেখ রংপুরের বিপক্ষে করেছেন বিস্ফোরক এক সেঞ্চুরি। এছাড়া মুশফিক হাসান মাত্র ২ ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন। হাসান মাহমুদ গতকাল ঢাকার বিপক্ষে কিপ্টে বোলিংয়ে নজর কেড়েছেন। ৪ ওভারে ৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। দলের প্রয়োজনে ওপেনিংয়ে নেমে মিরাজের অবদানও কম নয়। পাশাপাশি তাঁর বুদ্ধিদীপ্ত বোলিং ও নেতৃত্ব তো রয়েছেই।
১২ ম্যাচে ৮ জয় ও ৪ পরাজয়ে ১৬ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছে চিটাগং কিংস। একই অবস্থা রংপুর রাইডার্সের হলেও নেট রানরেটে এগিয়ে গেছে মোহাম্মদ মিথুনের নেতৃত্বাধীন চিটাগং। ১০০ বা তার বেশি রানে দুটি জয়ই তাদের নেট রানরেটকে নিয়ে গেছে সুবিধাজনক অবস্থানে। এমনকি টুর্নামেন্টের প্রথম অংশে যে শরীফুল ইসলাম নিজেকে হারিয়ে খুঁজছিলেন, শেষভাগে এসে হারানো ছন্দ খুঁজে পেয়েছেন। নিয়মিত উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটারদের রান তোলার গতিও কমিয়ে দিচ্ছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। এছাড়া শামীম হোসেন পাটোয়ারী, হায়দার আলীর মতো ব্যাটারদের শেষের ঝড় অনেক কার্যকরী হচ্ছে। মিরপুরে গত রাতে শামীমের ১২ বলে ৩০ রানের ঝড়েই চিটাগং ২০৬ রান করতে পেরেছে। সৈয়দ খালেদ আহমেদ, আলিস আল ইসলামরা গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষের উইকেট নিচ্ছেন।

মিরপুরে আগামীকাল দুপুরে এলিমিনেটরে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট শেষ। জিতলেও আরেকটা ধাপ অতিক্রম করতে হবে ফাইনাল খেলতে। টুর্নামেন্টে টিকে থাকতে ‘সোনার হরিণ’ হয়ে ওঠা জয় এবার পেতেই হবে রংপুরকে। অন্যদিকে আগামীকাল সন্ধ্যাতেই প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংস খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। যে জিতবে, সে-ই পাবে ফাইনালের ‘ভিআইপি টিকিট’। বরিশালের বিপক্ষে গত রাতে ২৪ রানের জয়টাই নিঃসন্দেহে চিটাগংয়ের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আর বরিশাল নিশ্চয় চাইবে লিগ পর্বের প্রতিশোধ নিয়ে সরাসরি ফাইনাল খেলতে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে