Ajker Patrika

পাকিস্তানের সাবেক কোচ এখন জিম্বাবুয়ের

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৫২
পাকিস্তানের সাবেক কোচ এখন জিম্বাবুয়ের
পাকিস্তানের সাবেক কোচ মার্ক কোলস জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলের প্রধান কোচ। ছবি: সংগৃহীত

নতুন কোচ পেল জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে মার্ক কোলসকে প্রধান কোচ হিসেবে আজ নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও বিভিন্ন দায়িত্বে ছিলেন কোলস।

শুক্রবার বুলাওয়েতে শুরু হচ্ছে জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা নারী দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের আগ মুহূর্তে কোলসকে নারী দলের প্রধান কোচ নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করেছে জেডসি। এর আগে পাকিস্তান ও স্কটল্যান্ড নারী দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন কোলস। এছাড়া পাপুয়া নিউগিনির ছেলেদের দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বেও ছিলেন।

কোলসের কোচিং স্টাফে থাকছেন ব্যাটিং কোচ রাঙ্গিরাইরাই মানইয়ান্দে, ফিল্ডিং কোচ ট্রেভর ফিরি, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ফেইথ ডিউবে, ফিজিওথেরাপিস্ট ফারাই মাবাসা, অ্যানালিস্ট কিথ কুলিঙ্গা এবং দলীয় ম্যানেজার মেরি-অ্যান মুসোন্ডা। নতুন কোচ নিয়োগ প্রসঙ্গে জেডসি চেয়ারম্যান তাভেঙ্গা মুকুহলানি বলেন, ‘মার্ক কোলস আন্তর্জাতিক পর্যায়ে কোচিং ও উচ্চমানের পারফরম্যান্স ব্যবস্থাপনায় ব্যাপক অভিজ্ঞতা নিয়ে এসেছেন। নারী ক্রিকেট সম্পর্কেও তাঁর শক্তিশালী ধারণা রয়েছে।

অনূর্ধ্ব-১৯ নারী দলের প্রধান কোচ হিসেবে ট্রেভর গারওয়েকে ধরে রেখেছে জেডসি। ব্যাটিং কোচ হিসেবে থাকছেন ননহলানহলা কামুতেকু, বোলিং কোচ ম্যালকম চিকুওয়া এবং দলীয় ম্যানেজার সুসান কুদজিবাতিরা। এদিকে নারী দলের নির্বাচক প্যানেলের চতুর্থ সদস্য হিসেবে যোগ দিয়েছেন ইশমায়েল সেনজেরে। জুলিয়া চিবহাবা আহ্বায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন এমিলি জিনজিকা ও থান্দোয়েনকোসি মিলো।

কোলসের অন্তর্ভুক্তি জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলের উন্নতিতে কার্যকরী অবদান রাখবে বলে আশা মুকুলহানির। জেডসি চেয়ারম্যান বলেন, ‘সিনিয়র ও অনূর্ধ্ব-১৯ কাঠামোয় নিয়োগ পাওয়া কারিগরি ও সহায়ক স্টাফদের সঙ্গে তিনি কাজ করবেন। প্রতিযোগিতামূলক দল গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য একটি সুস্পষ্ট পথ তৈরি করতে তিনি সহায়তা করবেন বলে আমাদের বিশ্বাস।আমরা আত্মবিশ্বাসী যে এই দলটি জিম্বাবুয়ের নারী ক্রিকেটের ক্রমাগত উন্নতিতে অবদান রাখবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত