Ajker Patrika

‘ফাইনাল খেলতে চায় বাংলাদেশ, এবার আমাদের সামনে দারুণ সুযোগ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘ফাইনাল খেলতে চায় বাংলাদেশ, এবার আমাদের সামনে দারুণ সুযোগ’
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। ছবি: ফাইল ছবি

২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সমূহ সম্ভাবনা এখন বাংলাদেশের সামনে। যখন ৬ ম্যাচের চারটিই ঘরের মাঠে, তখন কে চাইবে না এমন সুযোগ কাজে লাগাতে! বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সের কাছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ফাইনালে ওঠার প্রথম ধাপ।

কদিন আগে আবুধাবি-শারজায় ভরাডুবি হয়েছে বাংলাদেশের। তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে হেরেছে জিম্বাবুয়ে-আফগানিস্তানের কাছে। তার আগে আবুধাবি টেস্টেও বাংলাদেশের জয় কেবল সময়ের ব্যাপার ছিল। কিন্তু মরুর বুকে বীরত্বপূর্ণ ড্র করেছে আফগানরা।

বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ছিল না। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এই সিরিজকে তাই পাখির চোখ করেছেন সিমন্স। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, ‘টেস্টে সবার ভালো মনোযোগ রয়েছে। আবুধাবি টেস্টেও একই মনোযোগ ছিল। তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চায়। এবারই সুযোগটা প্রথম এলো। ছেলেরা ভালো করতে উন্মুখ হয়ে আছে।’

৫৫.৫৬ শতাংশ সফলতার হার নিয়ে বাংলাদেশ রয়েছে চারে। এশিয়ার দলটির কাছে ফাইনাল খেলার সম্ভাবনা থাকলেও ওয়েস্ট ইন্ডিজ সেই সমীকরণ থেকে অনেক আগে ছিটকে গেছে। বর্তমানে ৮ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সফলতার হার ২০.৮৩ শতাংশ। ২০২৫-২৭ চক্রে ওয়েস্ট ইন্ডিজের বাকি থাকা দুই ম্যাচ এই বাংলাদেশের বিপক্ষেই।

বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনার প্রসঙ্গে জিজ্ঞেস করতে স্যামি সংবাদ সম্মেলনে একটু মজাই করেছেন। সাংবাদিকদের ওয়েস্ট ইন্ডিজ কোচ বলেন, ‘নিজেদের ব্যাপারটা আমাদের জানা। ছোট ছোট পরিকল্পনা নিয়ে এগোতে চাই। বাংলাদেশের লক্ষ্য জানতে হলে তাদের কোচকে জিজ্ঞেস করতে হবে।’ সিমন্সের নাম নিতেই হেসে দিলেন স্যামি।

ভারতের বিপক্ষে সম্প্রতি সাদা বলের সিরিজ শুরুর আগেই বেতন কাটার কথা জানতে পারেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। তবে মাঠের পারফরম্যান্সে সেটার খুব একটা প্রভাব পড়েনি। ভারতের কাছে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলেও উইন্ডিজের পারফরম্যান্স ছিল নজরকাড়া। ভারতের বিপক্ষে ৪০৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। যদিও ক্যারিবীয়দের বিপক্ষে সেই লক্ষ্য তাড়া করে সহজেই জিতে যায় ভারত। পরবর্তীতে ভারতের বিপক্ষে ৩৫১ রান তাড়া করে জেতে ওয়েস্ট ইন্ডিজ।

টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ আরও দুর্দান্ত খেলেছে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়। যার মধ্যে একটিতে উইন্ডিজ জেতে ২৫০ রান তাড়া করে। সংস্করণ বদলে এবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেললেও ক্যারিবীয়দের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সিমন্স এক রকম সতর্কবার্তা দিয়ে রেখেছেন। বাংলাদেশ কোচ বলেন, ‘আমরা প্রত্যেক ম্যাচে সেরাটা দেওয়ার চেষ্টা করি। ওয়েস্ট ইন্ডিজ তাদের সবশেষ দুই টেস্টে অনেক ভালো খেলেছে। ভারতে দুর্দান্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে এসেছে। আমাদের সেরা প্রস্তুতিটাই প্রয়োজন।’

ওয়েস্ট ইন্ডিজ সবশেষ টেস্ট খেলেছে এ বছরের জুলাই-আগস্টে পাকিস্তানের বিপক্ষে। সেই টেস্ট ১-১ সমতায় ড্র হয়েছে। এবার বাংলাদেশ সিরিজ জিতলে উইন্ডিজের ওপরে ওঠার সম্ভাবনা রয়েছে। স্যামির লক্ষ্য সেদিকেই, ‘এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ছেলেদের বলেছি যে শীর্ষ পাঁচে থাকতে পারলে আর্থিক প্রণোদনা আছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে অনেক বিনিয়োগ করে। আমাদের সামনে আট নম্বর থেকে ওপরে ওঠার সুযোগ রয়েছে। আগের দুই চক্রেই আট নম্বরে থেকে শেষ করেছি। দুই দলের জন্যই এটা বড় সিরিজ। সবাই জেতার জন্যই খেলে।’

ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করলে দক্ষিণ আফ্রিকার পাশে বসবে বাংলাদেশ। সিমন্সের দলের সফলতার হার হবে তখন ৬৬.৬৭ শতাংশ। বর্তমানে তিনে থাকা দক্ষিণ আফ্রিকার সফলতার হার ৬৬.৬৭ শতাংশ। কেপটাউনে আগামীকাল শুরু হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট। এদিকে বুধবার মিরপুরে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ৮ নভেম্বর হবে সিলেটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত