‘বাংলাদেশ দলে এমন বিশৃঙ্খলা কি প্রথমবার দেখছেন’

মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই যেন বেশি আলোচনা চলে বাংলাদেশ ক্রিকেটে। কোনো সিরিজ শুরুর আগে কোচিং সেটাপে অদলবদল, অধিনায়ক পরিবর্তনের মতো ঘটনা ঘটে। এবারের ওয়েস্ট ইন্ডিজ সিরিজও ব্যতিক্রম নয়। এবার ফিল সিমন্স উল্টো সাংবাদিকদেরই প্রশ্ন ছুড়ে দিয়েছেন।
২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের ব্যাটিং কোচ হলেও মোহাম্মদ আশরাফুল টিকতে পারলেন না এক বছরও। গত পরশু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশরাফুলকে সরিয়ে দেওয়ার কথা নিশ্চিত করেছে। অথচ মিরপুরে পরশু শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজ শুরুর আগমুহূর্তে কোচিং সেটাপে পরিবর্তন যে দলের ভেতরের পরিবেশকে প্রভাবিত করছে, সেটা তো স্বাভাবিক ঘটনা।
দুই বছরেরও বেশি সময় বাংলাদেশের কোচের পদে থেকে সিমন্সও বুঝতে পেরেছেন অনেক কিছুই। আজ যখন মিরপুরে সংবাদ সম্মেলনে বিশৃঙ্খলার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে, পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন তিনি। বাংলাদেশ কোচ বলেন, ‘আমার চেয়ে বাংলাদেশে বেশি সময় ধরে আপনি আছেন। খেলার আগে এ ধরনের বিশৃঙ্খলা নিশ্চয়ই এবার প্রথমবার দেখেননি। শুধু এই সিরিজ না। প্রত্যেক সিরিজই গুরুত্বপূর্ণ।’
আরব আমিরাতে সম্প্রতি জিম্বাবুয়ে-আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। দুই ম্যাচের দুটিতে হেরে ফাইনালের আগে ছিটকে গেছে বাংলাদেশ। আমিরাত পর্ব শেষ করে বাংলাদেশ দলের সবাই একসঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছেন মাত্র দুই থেকে তিন দিন। এদিকে গত সপ্তাহে দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
একসঙ্গে সব ক্রিকেটারদের নিয়ে বেশি প্রস্তুতি না নিতে পারলেও চিন্তিত নন সিমন্স। আজ সাংবাদিকদের বাংলাদেশ কোচ বলেন, ‘কয়েকজন খেলোয়াড় টেস্ট, ওয়ানডে দুই দলেই খেলে। বলব না যে এটা সঠিক। কিন্তু তারা তো খেলার মধ্যেই আছে। বসে ছিল না। এই ২ দিন দলের সবাই ভালোমতো প্রস্তুতি নিতে পারছি কি না, সেটা গুরুত্বপূর্ণ।’
যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ পরশু খেলতে নামবে, সেই দলেরই সাবেক ক্রিকেটার সিমন্স। ১৯৮৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ১২ বছরে ২৬ টেস্ট, ১৪৩ ওয়ানডে খেলেছেন। তবে সিমন্স এটা নিয়ে তেমন একটা চিন্তিত নন সিমন্স। বাংলাদেশ কোচ বলেন, ‘আমি সে দলের অধিনায়ক ছিলাম। এখনো বিজয়ী দলেই থাকতে চাই। আমার আগের দল খেলতে এসেছে বলে এতটা আবেগি না। বাংলাদেশের হয়ে এই জিততে চাই।’
বুধবার মিরপুরে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ৮ নভেম্বর হবে সিলেটে। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। বর্তমানে ৭৫ শতাংশ সফলতার হার নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের সফলতার হার ৭২.২২ শতাংশ। বাংলাদেশ অবস্থান করছে চারে। তাদের সফলতার হার ৫৫.৫৬ শতাংশ।











