আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসান গত এক বছর ধরেই অনিয়মিত। দ্বিপক্ষীয় সিরিজেও তাঁকে ছাড়া বাংলাদেশ খেলছে অনেক ম্যাচ। তবে এবার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রেক্ষাপট যে ভিন্ন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে ফেলেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে সাকিব আচমকা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি শেষ হয়েছে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দলে তাই স্বাভাবিকভাবে নেই সাকিব। তারকা অলরাউন্ডারকে কতটা বাংলাদেশ মিস করবে টি-টোয়েন্টি সিরিজে, সেই প্রশ্ন এসেছে আজ গোয়ালিয়রে সংবাদ সম্মেলনে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরুর আগের দিন ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তাওহীদ হৃদয় বলেছেন, ‘সাকিব ভাই নেই। অবশ্যই সাকিব ভাইকে মিস করব। কিন্তু আমাদের এখান থেকে একদিন না একদিন সবাইকে তো যেতেই হবে। আশা করি, এখান থেকে আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারব।’
আন্তর্জাতিক ক্রিকেটে হৃদয়ের পথচলা ২০২৩ সালের মার্চে। অভিষেকের পর ১৮ মাসে শুধু সীমিত ওভারের ক্রিকেটই খেলেছেন তিনি। ৫৯ ম্যাচের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ২৯ ম্যাচ। মাঝেমধ্যে ঝলক দেখালেও ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না বাংলাদেশের এই তরুণ মিডল অর্ডার ব্যাটার। হৃদয়ের মতে, চাপের বোঝা মাথায় নিয়ে খেলা যাবে না। বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটার বলেন, ‘চাপ তো সব সময় থাকেই। আন্তর্জাতিক ক্রিকেটে কম-বেশি থাকেই। যদি সেটা মাথায় থাকে, তাহলে তো পারফর্ম করা যাবে না। আমাদের সব সময় ফোকাস থাকে প্রক্রিয়ার দিকে। কীভাবে আমরা পারফর্ম করতে পারব, সেই চেষ্টা করি।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মেহেদী হাসান মিরাজ সবশেষ খেলেছেন গত বছরের জুলাইয়ে। সিলেটে সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। ১৫ মাস ধরে বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টি না খেলা মিরাজ এবার ডাক পেয়েছেন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। দিল্লিতে ৯ অক্টোবর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। তৃতীয় টি-টোয়েন্টি ১২ অক্টোবর হবে হায়দরাবাদে।
সাকিব না থাকায় স্পিন বোলিং অলরাউন্ডারের শূন্যতা ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মিরাজ পূরণ করতে পারবেন বলে আশা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গোয়ালিয়রে গতকাল সংবাদ সম্মেলনে শান্ত বলেছিলেন, ‘অবশ্যই তিনি (সাকিব) যেহেতু এত দিন ছিলেন, এখন একটু মানিয়ে নিতে সমস্যা হবে। একাদশ তৈরি করতে একটু ঝামেলা হবে। কারণ সাকিব ভাই দুই দিক থেকে (ব্যাটিং–বোলিং) ভালো সমন্বয় ছিলেন। মিরাজকে আমরা দলে এনেছি। মিরাজ যেন সেই জায়গাটায় (অলরাউন্ড সাকিবের শূন্যতা) দ্রুত মানিয়ে নিতে পারে, সেটাই আমাদের আশা।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে