সাকিব আল হাসানের নির্বাচনী কার্যক্রম কাছ থেকে দেখতে গত ডিসেম্বরে গিয়েছিলাম মাগুরায়। শহরের কেশব মোড় এলাকায় তাঁর বাড়িতে রাত ২টা পর্যন্তও মানুষ গিজগিজ করত। ঘণ্টার পর ঘণ্টা সাংবাদিকেরা অপেক্ষায় থাকতেন তাঁর সাক্ষাৎকার পাওয়ার জন্য। এমনই এক দীর্ঘ অপেক্ষার মাঝে সাকিবের এক ঘনিষ্ঠ বন্ধু আলাপে আলাপে বললেন, ‘অনেকে যে ক্রিকেটে তার শেষ দেখছে, ওর তো প্ল্যান ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত।’
সেই সাকিব কাল কানপুরে জানিয়ে দিলেন টেস্ট আর টি-টোয়েন্টির অধ্যায় তাঁর শেষ। আগামী মাসে মিরপুরে যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার সুযোগ হয়, তাহলে মিরপুরেই আনুষ্ঠানিক বিদায়, না হলে কানপুরেই শেষ টেস্ট হয়ে থাকবে। আর ওয়ানডের জন্য আরেকটু সময় নিচ্ছেন, ফেব্রুয়ারিতে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিই তাঁর শেষ। গত বছর বিশ্বকাপের আগে থেকেই সাকিব নিজের শেষের পরিকল্পনা খোলামেলাই জানিয়ে রেখেছিলেন। কিন্তু এভাবে বিদেশবিভুঁইয়ে তিনি আকস্মিক অবসর ঘোষণা করবেন, এটা একটু অনুমান করা কঠিনই ছিল। কী কারণে এভাবে থেমে যাওয়ার ঘোষণা দিলেন, সাকিব তার ব্যাখ্যা গতকাল সংবাদ সম্মেলনেই দিয়েছেন। তবু ওই ঘনিষ্ঠ বন্ধুর কাছে কাল একই প্রশ্নের উত্তরে যেটা মিলল, সাকিব আসলে হতাশ, ক্লান্ত। মানসিকভাবে যতই শক্ত হন, আর পেরে উঠছিলেন না সাকিব। গত মাসের পাকিস্তান সফর থেকেই চিন্তাভাবনা শুরু করে দেন শেষ বলে দেওয়ার। বিসিবির নীতিনির্ধারক, নির্বাচক প্যানেল, অধিনায়কের সঙ্গে কয়েক দফায় আলোচনা শেষে যেটির আনুষ্ঠানিক ঘোষণা এসেছে কাল।
বছর দুয়েক আগে সাকিব নিজেই বলেছিলেন, যেদিন নিজেকে আর ‘চালক’ মনে হবে না, মনে হবে শুধুই একজন যাত্রী; তাঁর ওপর ভরসা করে গাড়িতে কেউ বসে না থাকলে তিনি আর খেলবেন না। এখন সাকিবের উপলব্ধি, তিনি আর ড্রাইভিং সিটে নেই। সময় হয়েছে আসনটা ছেড়ে দেওয়ার। তবে তিনি যেমন ‘চ্যাম্পিয়ন’ খেলোয়াড়, বিদায়ের ঘোষণাটা হতে পারত আরও উঁচু শিরে। মাঠের বাইরে তিনি এত বিষয়ে নিজেকে জড়িয়ে নিয়েছেন, আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছেন না ঘরের মাঠে আনুষ্ঠানিকভাবে ‘গুড বাই’ জানাব সবাইকে। দেশের মাঠে বিদায় জানাতে হলে তাঁর নিরাপত্তার প্রসঙ্গও যে আসছে।
সাকিব-ঘনিষ্ঠরা মনে করেন, রাজনীতিতে জড়ানো ছিল তাঁর জীবনের বিরাট এক ভুল। শুধু ক্রিকেট দিয়েই যাঁর সুযোগ ছিল সবার হৃদয়ে ঠাঁই নেওয়া, তাঁকে কেন রাজনীতিতে জড়াতে হলো, সেটি নিয়ে খোদ তাঁর ঘনিষ্ঠ মহলেই প্রশ্ন আছে। রাজনৈতিক পরিচয়ের সঙ্গে আরও নানা বিতর্ক আর কেলেঙ্কারিতে বারবার নাম আসছে তাঁর। কদিন আগে শেয়ারবাজারে কারসাজির দায়ে তাঁর জরিমানা হয়েছে ৫০ লাখ টাকা। তিনি এখন হত্যা মামলার আসামি। চোখে সমস্যা, আঙুলে ব্যথা, হেড পজিশন ঠিক করতে দাঁতে রাবার স্ট্র্যাপ গুঁজে ব্যাটিং করতে হচ্ছে, ঠিকঠাক বোলিং করতে পারছেন না। সাকিব কেন দলে—এ প্রশ্নও তাঁকে শুনতে হচ্ছে। তিনি রক্ত-মাংসের মানুষ। একজন গড়পড়তা বাংলাদেশির চেয়ে তাঁর চিন্তাভাবনা যতই ভিন্ন হোক, আর পেরে উঠছিলেন না। একেবারে শেষের ঘোষণাই দিয়ে দিলেন। বিসিবিও তাঁর সিদ্ধান্তকে হাসিমুখেই স্বাগত জানিয়েছে।
মজার ব্যাপারটা কী জানেন, ২০২৩ সালের ঠিক এই দিনে সব যেন ‘শেষ’ হয়ে গিয়েছিল তামিম ইকবালেরও। ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২০২৩ বিশ্বকাপের দল ঘোষণা করলেন বিসিবির নির্বাচকেরা। বাংলাদেশ দল ঘোষণা নিয়ে তখন কদিন ধরেই মেঘ গুড়গুড় করছিল দেশের ক্রিকেট-আকাশে। বিশ্বকাপের দলে মাহমুদউল্লাহকে নিয়ে সংশয় থাকলেও সেই সমস্যার সমাধান হতেই আকস্মিকভাবে ইস্যু টার্ন করল অন্যদিকে। তখনকার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ঘোষিত দলে নেই তামিম ইকবাল!
অথচ তামিম তখন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে ফেরার সব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। ঠিক এক বছর আগে ২৬ সেপ্টেম্বরেই বিশ্বকাপ দলে তামিমের না থাকা নিয়ে টালমাটাল দেশের ক্রিকেট। এর পরের ঘটনাও নিশ্চয়ই জানেন। তামিম একটি ভিডিও বার্তায় বললেন, ‘আমাকে মনে রাইখেন। ভুলে যাইয়েন না।’ ঠিক এক বছর পর কাল সাকিবও চাইলে বলতে পারতেন, ‘আমাকে মনে রাইখেন। ভুলে যাইয়েন না।’ বাংলাদেশ টেস্ট দলের সদস্য না হয়েও তামিম কিন্তু এই মুহূর্তে কানপুরেই আছেন। দুই ‘বন্ধু’র কাছে ‘২৬ সেপ্টেম্বর’ তারিখটা এভাবে মিলে যাবে, কে ভেবেছিল!

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে