Ajker Patrika

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৩ জুন ২০২৬, ২১: ৩৮
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ
এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে বাংলাদেশ। ছবি: বিসিবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় ক্রিকেট দলকে ২ কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল হক এই ঘোষণা দেন। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে গেলেও ১৯২ রানের লক্ষ্য তাড়ায় কখনো চাপে পড়তে হয়নি স্বাগতিকদের। কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল মোসাদ্দেক হোসেনের বিদায়ের পর। তবে মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। হৃদয় ৫৫ বলে ৪০ রান করেন, আর মিরাজ অপরাজিত থাকেন ২২ রানে। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৮৬ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে মিরাজের দল।

এই সিরিজে বাংলাদেশের সাফল্যের অন্যতম বড় কারণ হয়ে উঠেছে পেস আক্রমণ। দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১৮৭ রানে আটকে রাখতে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান সমানভাবে তিনটি করে উইকেট নেন। বাকি দুই উইকেট শিকার করেন তানভীর ইসলাম। সিরিজের দুই ম্যাচ শেষে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকাতেও আধিপত্য পেসারদের। মোস্তাফিজুর রহমানের ঝুলিতে ৫ উইকেট, নাহিদ রানা ও তাসকিন আহমেদের ৪টি করে এবং অস্ট্রেলিয়ার নাথান এলিস নিয়েছেন ৩ উইকেট।

এখন বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য—অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করা। ১৪ জুন মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সেই ম্যাচ জিতে ইতিহাসের নতুন অধ্যায় লিখতে চাইবে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত