Ajker Patrika

এর কোনো মূল্য নেই, রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরির পর ব্রুক

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১১: ৪৯
এর কোনো মূল্য নেই, রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরির পর ব্রুক
১১৬ বলে ২০২ রানের ইনিংস খেলেন ইংলিশ দলপতি। ছবি: সংগৃহীত

ওয়ানডেতে ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন হ্যারি ব্রুক। তবে তাঁর ২০২ রানের ইনিংসও দলকে জেতাতে পারেনি। শ্রীলঙ্কার কাছে হারের পর তাই নিজের ঐতিহাসিক ইনিংসকে মূল্যহীন মনে করছেন ইংলিশ অধিনায়ক।

রাওয়ালপিন্ডিতে ৪৩০ রানের লক্ষ্য দিয়েও শ্রীলঙ্কাকে থামাতে পারেনি ইংল্যান্ড। পভন রত্নায়েকের দুর্দান্ত সেঞ্চুরি এবং আভিস্কা ফার্নান্দো, দাসুন শানাকা ও জনিথ লিয়ানাগের ঝোড়ো ব্যাটিংয়ে ১ বল হাতে রেখে অবিশ্বাস্য জয় তুলে নেয় স্বাগতিকরা।

ম্যাচ শেষে ব্রুক বলেন, ‘অবিশ্বাস্য একটি ক্রিকেট ম্যাচ হয়েছে। দুই দলই অসাধারণ খেলেছে। শ্রীলঙ্কা আমাদের চেয়ে ভালো খেলেছে। ৪০০ রান তাড়া করে জিততে তারা অসাধারণ ক্রিকেট খেলেছে। আমার ইনিংসটি ভালো ছিল। কিন্তু হেরে যাওয়া দলের হয়ে এমন ইনিংসের কোনো মূল্যই আমার চোখে নেই। আমাদের আবার নতুন করে পরিকল্পনা সাজাতে হবে। পরের দুই ম্যাচে ফাইনালে জায়গা নিশ্চিত করার সুযোগ রয়েছে আমাদের।’

ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটে ৪২৯ রান তোলে ইংল্যান্ড। শুরুতে টম ব্যান্টন ও বেন ডাকেটের ৭৪ রানের উদ্বোধনী জুটি দলকে ভালো ভিত গড়ে দেয়। ব্যান্টন ৫১ বলে ৫০ এবং ডাকেট ৩৯ বলে ২৯ রান করেন। তবে দুজনের বিদায়ের পর ৮৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড।

সেখান থেকে জো রুটকে নিয়ে দলের হাল ধরেন ব্রুক। তৃতীয় উইকেটে ১৫৯ রানের জুটি গড়েন তাঁরা। ৬৬ বলে আটটি চারে ৬৯ রান করেন রুট। এই ইনিংসের পথে ওয়ানডেতে ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। ১৯৭ ম্যাচে ১৮৬ ইনিংসে রুটের সংগ্রহ ৮ হাজার ৫ রান। তাঁর গড় ৫০.৬৬। ওয়ানডেতে ২০টি সেঞ্চুরি ও ৪৯টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।

শেষ দিকে উইল জ্যাকসের ঝোড়ো ব্যাটিং ইংল্যান্ডের সংগ্রহকে আরও সমৃদ্ধ করে। মাত্র ৩০ বলে আটটি চার ও তিনটি ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে ব্রুক ১১৬ বলে ২১টি চার ও ১০টি ছক্কায় করেন ২০২ রান। ওয়ানডেতে ইংল্যান্ডের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হওয়ার পাশাপাশি দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডও গড়েন তিনি। সব সংস্করণ মিলিয়ে ডাবল সেঞ্চুরি করা ব্যাটারদের বিশেষ তালিকায় ক্রিস গেইলের সঙ্গেও জায়গা করে নেন ব্রুক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত