
তীরে এসে তরি ডোবা বলতে যা বোঝায়, তা-ই হলো বাংলাদেশের সঙ্গে। নারী ইমার্জিং টিমস এশিয়া কাপে পুরো টুর্নামেন্টজুড়ে অপরাজিত বাংলাদেশ হোঁচট খেল ফাইনালেই। তার্থাই ক্রিকেট গ্রাউন্ডে আজ ফাহিমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশের জন্য প্রতিশোধের মঞ্চটা একরকম প্রস্তুত ছিল। ভারতের বিপক্ষে বোলিংয়ে দারুণ করেছিল বাংলাদেশ। তবে ব্যাটারদের ব্যর্থতায় শিরোপা খোয়াল বাংলাদেশ।
হংকংয়ের মংকক ক্রিকেট গ্রাউন্ডে ২০২৩ সালে নারী ইমার্জিং টিমস এশিয়া কাপের প্রথম ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। সেবার বাংলাদেশকে ৩১ রানে হারিয়েছিল ভারত। তিন বছর পর আজ ব্যাংককের তার্থাই ক্রিকেট গ্রাউন্ডে হলো ইতিহাসের পুনরাবৃত্তি। ৪৬ রানে জিতে টুর্নামেন্টের শিরোপা নিজেদের কাছেই ধরে রাখল ভারত।
১৩৫ রানের লক্ষ্যে নেমে দলীয় ১২ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল।। তৃতীয় ওভারের প্রথম বলে ওপেনার ইশমা তানজিমকে (৩) ফেরান ভারতীয় পেসার সাইমা ঠাকুর। দ্বিতীয় উইকেটে ২৫ বলে ২৫ রানের জুটি গড়েন শামীমা সুলতানা ও শারমিন সুলতানা। বাংলাদেশের ইনিংসে এটাই সর্বোচ্চ রানের জুটি। সপ্তম ওভারের চতুর্থ বলে শামীমাকে ফিরিয়ে জুটি ভাঙেন ভারতের লেগস্পিনার প্রেমা রাওয়াত। ১৫ বলে ৩ চারে ২০ রান করেছেন শামীমা। ফাইনালে বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান করেছেন তিনি।
শামীমা আউট হওয়ার পরই ধস নামে বাংলাদেশের ইনিংসে। ৫১ রানে ৯ উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ভারতের প্রেমা রাওয়াত ৪ ওভারে ১২ রানে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন সোনিয়া মেন্ধিয়া ও তানুজা কানওয়ার। ম্যাচসেরা হয়েছেন তেজাল হাসাবনিস। ৩৪ বলে ৩ চার ও ২ ছক্কা মেরে ৫১ রান করে অপরাজিত থাকেন তিনি।
ব্যাংককের তার্থাই ক্রিকেট গ্রাউন্ডে শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক রাধা যাদব। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ভারত ৮.১ ওভারে ৪ উইকেটে ৪৪ রানে পরিণত হয়। পঞ্চম উইকেটে তেজাল হাসাবনিস ও রাধা যাদব ৬৯ রানের জুটি গড়েন। ১৭তম ওভারের তৃতীয় বলে রাধাকে (৩৬) ফিরিয়ে জুটি ভাঙেন ফাহিমা খাতুন। তেজাল ও রাধার ৬৯ রানের জুটি ফাইনালে ভারতের ইনিংস সর্বোচ্চ জুটি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট ১৩৪ রান করেছে ভারত।
বাংলাদেশের অধিনায়ক ফাহিমা ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ৪ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন ফাতেমা জাহান ও ফারজানা ইয়াসমিন। আর ভারতের ওপেনার নন্দিনী কাশ্যপ (৮) হয়েছেন রানআউট।
পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। প্রথম চার ম্যাচের চারটিতে জিতে আজ ফাইনাল খেলতে এসেছিল ফাহিমা খাতুনের দল। যার মধ্যে গ্রুপ পর্বে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জিতেছিল ৯০ রানে। আর গত পরশু পাকিস্তানের বিপক্ষে ১১০ রান করেও বোলারদের কারিশমায় ৫৪ রানে জিতেছিল বাংলাদেশ। তবে আসল সময়ে এসেই খেই হারায় ফাহিমার দল।
২০২৬ নারী ইমার্জিং টিমস এশিয়া কাপে ভারতও একটি ম্যাচ হেরেছে। সংযুক্ত আরব আমিরাতের কাছে ৭ উইকেটে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল ভারত। পরবর্তীতে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশকে হারিয়ে টানা দুইবার নারী ইমার্জিং টিমস এশিয়া কাপের শিরোপা জিতল ভারত।

লম্বা সময় ধরেই বাংলাদেশ দলের বাইরে আছেন সাকিব আল হাসান। কবে ফিরবেন বা আদৌ ফিরবেন কি না সেটা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। তবে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ এবং সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের মতে, অনায়াসেই ২০২৭ বিশ্বকাপ খেলতে পারবেন তারকা অলরাউন্ডার।
৪৪ মিনিট আগে
দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর লক্ষ্যেই যেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন আমিনুল হক। দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত যতবার সংবাদ সম্মেলন করেছেন বা সংবাদমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়েছেন, তিনি তাঁর কর্মপরিকল্পনার কথা উল্লেখ করেছেন। ভবিষ্যতে কী কী করবেন, আজ সেটার এক রূপরেখা উপস্থাপন
২ ঘণ্টা আগে
ইতিহাসের পুনরাবৃত্তি নাকি বাংলাদেশের প্রতিশোধ—এর উত্তর জানতে আর অল্প কিছু সময়ের অপেক্ষা। ২০২৩ সালে প্রথমবার আয়োজিত নারী ইমার্জিং টিমস এশিয়া কাপে বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। হংকংয়ের মংকং ক্রিকেট গ্রাউন্ডের সেই হারের বদলা নেওয়ার সুযোগ আজ বাংলাদেশের সামনে। ব্যাংককের
৩ ঘণ্টা আগে
না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম। আজ সকালে খুলনায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে