Ajker Patrika

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ১১
বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ
নাঈম শেখসহ চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝিয়ে দিয়েছে বিসিবি। ছবি: বিসিবি

রমজানের প্রথম দিনের বিকেলেই মিরপুর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে একে একে হাজির চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু, গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হাবিবুল বাশার সুমনদের কাছ থেকে তানভীর ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম শেখরা চেক গ্রহণের পর করমর্দন করেছেন।

চট্টগ্রামের ক্রিকেটারদের হাস্যোজ্জ্বল চেহারাই বলে দিচ্ছিল তাঁদের পারিশ্রমিক যথাযথভাবে বুঝিয়ে দিয়েছে বিসিবি। এই চট্টগ্রামই নাঈম শেখকে ১ কোটি ১০ লাখ টাকায় কিনেছিল। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটারকে আজ মজাচ্ছলে এক সাংবাদিক প্রশ্ন করেছেন, বিপুল অঙ্কের এই টাকা হাতছাড়া হওয়ার কি কোনো দুশ্চিন্তায় পড়েছিলেন তিনি? সাংবাদিকের প্রশ্ন শুনে সবাই হো হো করে হেসে দিয়েছেন। উত্তরে নাঈম বলেন, ‘সত্যি কথা বলতে হয়নি (বিপিএলের পারিশ্রমিক নিয়ে দুশ্চিন্তা)। আমরা ক্রিকেট বোর্ডের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করেছি। তারা খুব ভালোভাবেই ব্যাপারটা সামলেছেন। যখন বোর্ড দায়িত্ব নিয়েছে, তখন আমরা দুশ্চিন্তা করিনি। ক্রিকেটাররা মাঠের পারফরম্যান্সেই মনোযোগী হয়েছে।’

টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে মালিকানাশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। তৎক্ষণাৎ বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নেয় বিসিবি। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো পারিশ্রমিক ইস্যুতে কী করেছে, সেটা না জানলেও বোর্ড যে চট্টগ্রামের ক্রিকেটারদের টাকা ঠিকমতো বুঝিয়ে দিয়েছে, সেটা উল্লেখ করেছেন নাঈম। ২৬ বছর বয়সী এই নাঈম বলেন, ‘এবার সত্যি বলতে আগে যেটা পেয়েছি, নিয়ম অনুযায়ী পেয়েছি। খেলার আগে ২৫ শতাংশ, মাঝে ২৫ শতাংশ। এক মাস-দেড় মাসের মধ্যে পেয়েছি। সময় এদিক-ওদিক হলেও পেয়েছি। তবে অন্যদেরটা বলতে পারব না।’

২০২৬ বিপিএলে পুরো দল হিসেবেই খেলেছে চট্টগ্রাম রয়্যালস। দলটির পেসার শরীফুল নিয়েছেন ২৬ উইকেট। তাতে এক বিপিএলে সর্বোচ্চ উইকেটশিকারী বনে গেলেন তিনি। চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান ব্যাটিং, বোলিংয়ে দুর্দান্ত খেলেছেন। তবে ২৩ জানুয়ারি বিপিএল ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৬৩ রানে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় চট্টগ্রাম রয়্যালসকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত