‘মুরুব্বি, মুরুব্বি; উহুঁ, উহুঁ’—সাম্প্রতিক সময়ে এই ভাইরাল সংলাপটি সামাজিক মাধ্যমে শোনেনি, মনে হয় না বাংলাদেশে এমন কেউ আছেন! সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ডায়ালগ এখন মানুষের মুখে মুখে। ট্রল সংস্কৃতির এই সময়ে মাহমুদউল্লাহ রিয়াদও নিস্তার পেলেন না এই সংলাপ থেকে।
বাংলাদেশ ক্রিকেট দল তো বটে, বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটেরও অন্যতম ’মুরুব্বি’ বা অভিজ্ঞ ক্রিকেটার এখন মাহমুদউল্লাহ। বয়স ৩৮। তাঁর বয়সী এখন অনেকে মাঠ ছেড়ে অবসর-জীবন কাটাচ্ছেন।
বাংলাদেশের কথিত ‘পঞ্চপাণ্ডবের’ মধ্যে শুধু টি-টোয়েন্টি থেকে এখনো অবসর নেননি মাহমুদউল্লাহ। দীর্ঘ দিনের সতীর্থ সাকিব আল হাসান সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন ৷ মুশফিকুর রহিম, তামিম ইকবাল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন ২-৩ বছর আগে ৷ তবে মাহমুদউল্লাহ চালিয়ে যাচ্ছেন। ভারতের তারুণ্যনির্ভর দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিনি আছেন।
তবে গুঞ্জন শোনা যাচ্ছে, ভারতের বিপক্ষে সিরিজ খেলে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটকে বিদায় জানাতে পারেন মাহমুদউল্লাহ। সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে সেই ইঙ্গিতই দিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ‘মাহমুদউল্লাহ দীর্ঘদিন বাংলাদেশ দলে খেলেছেন। তিনি অনেক ম্যাচ জিতিয়েছেন। হয়তো কিছু ম্যাচ তিনি শেষ করতে পারেনি। এটি দিয়ে তার সামর্থ্য যাচাই করা যায় না। আমি যতটুকু বুঝতে পারি, এই সিরিজটা রিয়াদ ভাইয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। হয়তো তিনি নির্বাচকদের সঙ্গে কথাও বলেছেন। তবে এখনই আমি সবকিছু পরিষ্কার করছি না। বিশ্বাস করি, বোর্ড নির্বাচকদের সঙ্গে এটি নিয়ে একটা যোগাযোগ হবে।’
লম্বা সময় ধরে রানে নেই মাহমুদউল্লাহ। ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে নেটেও বোলারদের খেলতে হিমশিম খেয়েছেন। গতকাল গোয়ালিয়রের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও সেটি আরও প্রকট হয়ে দেখা গেল। অভিষিক্ত ফাস্ট বোলার মায়াঙ্ক যাদবকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি তো পার করতে পারেননি, উল্টো ফিরেছেন ওয়াশিংটন সুন্দরের তালুবন্দী হয়ে। করেছেন ২ বলে ১ রান। যে সময় দলে তাঁর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখনই উইকেটে আসা মাত্র এমন অধৈর্য শট নির্বাচন নিয়ে এখন সমালোচনা হচ্ছে মাহমুদউল্লাহকে নিয়ে। আর সেই সমালোচনা এখন পৌঁছে গেছে ট্রলের পর্যায়ে। তাঁর এমন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং দেখে নেটিজেনদের ট্রল, ‘মুরুব্বি উঁহু’! সঙ্গে ড্রেসিংরুমে মাহমুদউল্লাহর মুখ খোলে ভ্যাঙানোর মতন এক ছবি দিয়েও লোকজন লিখছে, ‘মুরুব্বি উঁহু’!
বাংলাদেশের ক্রিকেটে অনেক সাফল্যগাথা লেখা হয়েছে মাহমুদউল্লাহর ব্যাটে। হয়ে উঠেছেন ভক্ত-সমর্থকদের কাছে ক্রিকেটের ‘নীরব-ঘাতক’। কিন্তু ক্যারিয়ারের সায়াহ্নে তিনি ‘বুড়ো হাড়ের ভেলকি’ দেখাতে পারছেন কই! শামীম পাটোয়ারীর মতো তরুণ ব্যাটারকে জায়গা না দিয়ে মাহমুদউল্লাহকে নিয়ে ভারত সফরে যাওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল শান্তকে। বাংলাদেশ অধিনায়ক এ নিয়ে জবাব দিয়েছিলেন এভাবে, ‘কার সঙ্গে কার তুলনা করছেন ভাই। জিনিসটা হলো বাংলাদেশ দলে তিনি (মাহমুদউল্লাহ) অনেক দিন ধরে খেলছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন। অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি। বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে তাঁর অনেক অবদান আছে। শামীম খুবই তরুণ। ভালো করছে। কিন্তু এখানে আমি একদমই তুলনায় যেতে চাই না। শামীম যখনই সুযোগ পাবে, তখনই ভালো সার্ভিস দিতে পারবে। এখন যদি আমাকে বলেন রিয়াদ ভাই প্রস্তুতি ম্যাচে রান করে নাই, এটার আমার কাছে কোনো বিষয় না।’
সাম্প্রতিক সময়ে রান না থাকুক, তবু শান্ত চাইবেন ভারত সিরিজে রানে ফিরুক মাহমুদউল্লাহ। এ সিরিজ যদি সত্যি শেষ হয়, তবে নিজের বিদায় স্মরণীয় ও রাঙিয়ে নেওয়ার কথা ভেবে রানে ফেরা দরকার তাঁর!

শামীম বলেন, ‘আমি এর আগেও সেখানে খেলেছি। ওখানকার উইকেট অনেক ভালো। আশা করছি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। সেখানে গিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। লক্ষ্য, অবশ্যই ভালো কিছু করা এবং চ্যাম্পিয়ন হওয়া। দেখা যাক, কী হয়।’
৪ ঘণ্টা আগে
নতুন মৌসুমের জন্য গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে দলে নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘদিন বসুন্ধরা কিংসে খেলার পর আজ মোহামেডানের সঙ্গে চুক্তি করেছেন জাতীয় দলের এই গোলরক্ষক। তাঁর সঙ্গে জাতীয় দলের আরও কয়েকজন খেলোয়াড়কে দলে নিয়েছে সাদা-কালোরা।
৫ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত ৭১ রান করে হাসান মাহমুদের শিকার হন স্মিথ। নাথান লায়নকে সঙ্গে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৯৮ রানে। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত স্মিথের কোনো টেস্ট সেঞ্চুরি নেই।
৬ ঘণ্টা আগে
ডারউইনে প্রথম দিনের সব আলো যেন হাসান মাহমুদই কেড়ে নিলেন। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার অস্ট্রেলিয়া। গুনে গুনে স্বাগতিকদের ছয় ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। তবু একটা উইকেট হাসানের কাছে ‘বেশি স্পেশাল’।
৯ ঘণ্টা আগে