Ajker Patrika

স্যামসনকে বদলে দেওয়ার নেপথ্যের নায়ক শচীনও

ক্রীড়া ডেস্ক    
স্যামসনকে বদলে দেওয়ার নেপথ্যের নায়ক শচীনও
শচীন টেন্ডুলকারের টোটকাতেই বদলে গেছেন সঞ্জু স্যামসন। ছবি: সংগৃহীত

মানুষ ভাবে এক, হয় আরেক—বহুল প্রচলিত এই প্রবাদটি গতকাল সঞ্জু স্যামসনকে দেখে অনেকের মনে পড়াটাই স্বাভাবিক। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পাবেন, এটা কি কখনো কল্পনা করতে পেরেছিলেন? ভারত তাঁকে নিয়ে ঘরের মাঠের এই আইসিসি ইভেন্ট খেললেও একাদশে সুযোগ পাওয়া নিয়ে ছিল তাঁর অনিশ্চয়তা। তবে সুযোগের সদ্ব্যবহার দারুণভাবে করে দেখালেন। তাঁর এই বদলে যাওয়ার কারিগর ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারও।

২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু স্যামসনের। দীর্ঘ ১১ বছরে ভারতের হয়ে ১৬ ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি খেলেছেন। যে ভারত গড়ে বছরে ৫০-এর বেশি ম্যাচ খেলেছে, সেখানে এক দশকেরও বেশি সময় খেলে তিনি খেলেন ৭৮ ম্যাচ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ৯ ম্যাচের মধ্যে পাঁচটিতে একাদশে সুযোগ পেয়েছেন। ৮০.২৫ গড় ও ১৯৯.৩৭ স্ট্রাইকরেটে ৩২১ রান করে টুর্নামেন্ট সেরা হয়েছেন।

পরিসংখ্যান দিয়ে অবশ্য স্যামসনের ইমপ্যাক্ট পুরোটা বোঝা যাবে না। যে তিনটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন, আদতে সবগুলো নকআউট পর্বেরই ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেনসে ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে’ ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে তুলেছেন সেমিফাইনালে। পরবর্তী সেমিফাইনাল ও ফাইনালে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ৮৯ রানের ইনিংস খেলে চ্যাম্পিয়ন করেছেন ভারতকে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত রাতে টুর্নামেন্টসেরার পুরস্কার পেয়ে স্যামসনের মনে হচ্ছিল তিনি যেন ঘোরের মধ্যে আছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি স্মরণ করেছেন ব্যাটিং কিংবদন্তি শচীনকে। স্যামসন বলেন, ‘আমি নিয়মিতই শচীন টেন্ডুলকার স্যারের সঙ্গে যোগাযোগ রাখছিলাম। অস্ট্রেলিয়ায় বাইরে বসেছিলাম।কোনো ম্যাচ পাচ্ছিলাম না। মনে হচ্ছিল, ঠিক আছে। এখন কী ধরনের মানসিকতা দরকার? তাই আমি স্যারের সঙ্গে যোগাযোগ করি। তাঁর সঙ্গে আমার দীর্ঘ কথাবার্তা হয়েছে।’

২০২৫ সালে অস্ট্রেলিয়া সফরে বৃষ্টিবিঘ্নিত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচে একাদশে সুযোগ পেয়েছিলেন স্যামসন। শুধু তা-ই নয়, বিশ্বকাপের আগে এ বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত ৪-১ ব্যবধানে সিরিজ জিতলেও তাঁর ব্যাট হাসেনি। সেই কিউইদের দুমড়েমুচড়ে ভারত গত রাতে চ্যাম্পিয়ন হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয় ভারত পেয়েছে চূড়ান্ত মঞ্চেই। টুর্নামেন্ট সেরার পুরস্কার পাওয়ার পর স্যামসন বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজের পর ভেঙে পড়েছিলাম। আমার স্বপ্নগুলো পুরোপুরি চুরমার হয়ে গিয়েছিল। কিন্তু ওপরওয়ালার পরিকল্পনা ছিল ভিন্ন। স্বপ্ন দেখার মতো সাহসী হওয়ার পুরস্কার আমি পেয়েছি।’

বার্বাডোজের পর আহমেদাবাদ—ভারতের টানা দুই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় মাঠে থেকে উদযাপন করেছেন স্যামসন। তবে ২০২৪ সালের সঙ্গে ২০২৬ বিশ্বকাপের তো পার্থক্য রয়েছে। সেবার দলে থেকেও একাদশে সুযোগ মেলেনি। তখনই তিনি প্রতিজ্ঞা করেছিলেন, ঘরের মাঠে বিশ্বকাপে সুযোগ পেলে তিনি বিশেষ কিছু করে দেখাবেন। নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারতের স্যামসন বলেন, ‘২০২৪ বিশ্বকাপে দলে থেকেও খেলার সুযোগ পাইনি। তখন থেকে কল্পনা করতাম এবং কঠোর পরিশ্রম করে যাচ্ছিলাম; আজ (গতকাল) যা হয়েছে, ঠিক এটাই করতে চেয়েছিলাম।’

২০২৪ ও ২০২৬ সালে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—গত ২১ মাসে আইসিসির সাদা বলে তিন ইভেন্টের তিনটিতেই চ্যাম্পিয়ন ভারত। এবার তাদের লক্ষ্য আরও বড়। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ক্রিকেটে স্বর্ণপদক জয়ের অঙ্গীকার করেছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: বেঁচে ফিরলেন খোকসার খাইরুল, ছিনিয়ে নিয়েছে মোবাইল ফোন

সোনার দাম দীর্ঘমেয়াদি পতনে যাচ্ছে

৯ নতুন সচিব, ৫ সচিব প্রত্যাহার, ৩ সচিবের দপ্তর বদল

উত্তরায় শরীর থেকে মন আলাদা করা ‘কেটামিন’ তৈরি করতেন ৩ চীনা নাগরিক, যেত শ্রীলঙ্কায়

‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত