ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একা লড়ছেন হৃদয়

মিরপুর টেস্টের দুই ইনিংসেই বাজে শটে আউট হয়ে সমালোচনার তীরে বিদ্ধ হয়েছিলেন তাওহীদ হৃদয়। তাঁর টেস্ট খেলার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু সিলেট টেস্টে ফিফটি করে সব সমালোচনা থামালেন হৃদয়।
হৃদয় নিজের চেনা ছন্দে ব্যাট করলেও বাংলাদেশের অবস্থা ভালো নেই। ৬ উইকেট হারিয়ে তৃতীয় দিনের শুরুতেই বিপদে পড়েছে স্বাগতিকেরা। বিপদে থাকা দলকে টেনে তোলের চেষ্টা করছেন হৃদয়।
৩ উইকেটে ৮৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। হৃদয় ২৯ ও মুশফিক ১৯ রান নিয়ে ব্যাট করতে নামেন। তাঁদের হাত ধরে দিনের শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। কিন্তু ভালো খেলতে খেলতেই হঠাৎ আউট হন মুশফিক। জোমেল ওয়ারিক্যানের বলে শর্ট কাভারে ব্র্যান্ডন কিংয়ের হাতে ধরা পড়েন অভিজ্ঞ ব্যাটার। মুশফিক ৩৪ রান করে ফিরলে ভাঙে তাঁর সঙ্গে হৃদয়ের ৭৩ রানের জুটি।
ক্রিজে এসে দুটি চার মেরে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন লিটন দাস। ওয়ারিক্যানের দ্বিতীয় শিকার হয়ে অল্প সময়ের ব্যবধানেই প্যাভিলিয়নের পথ ধরেন এই ব্যাটার। ১৩৮ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন হৃদয়। মিরাজ রোস্টন চেজের বলে জাস্টিন গ্রিভসের দারুণ এক ক্যাচে ফিরলে ৪১ রানের জুটি ভাঙে।
সপ্তম উইকেটে হৃদয়ের সঙ্গী হাসান। টেস্টে ক্যারিয়ারের প্রথম ফিফটির পর সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছেন হৃদয়।









