Ajker Patrika

‘শক্তিশালী বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতাই হবে নিউজিল্যান্ডের অনেক বড় অর্জন’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১৬: ৪০
‘শক্তিশালী বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতাই হবে নিউজিল্যান্ডের অনেক বড় অর্জন’
সিরিজের প্রথম ওয়ানডেতে বোলাররা ভালো করলেও ব্যাটারদের ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশ সিরিজের দল ঘোষণার পরই আলোচনায় নিউজিল্যান্ড দল। কারণ, কিউই দলের বেশির ভাগ ক্রিকেটারই অচেনা। এমনকি জানুয়ারিতে ভারতের বিপক্ষে সবশেষ ওয়ানডের একাদশের আট ক্রিকেটারকে বাংলাদেশ সিরিজের দলে রাখা হয়নি। সফরকারীদের সামনে এবার সিরিজ জয়ের হাতছানি।

নিউজিল্যান্ড সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে টানা দুটি ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় সারির কিউইদের পরশু ২৪৭ রানে আটকে রাখে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে ব্যাটারদের ব্যর্থতায় ২৬ রানে হেরে স্বাগতিকেরা কোণঠাসা অবস্থায় পড়ে যায়।

আগামীকাল মিরপুরে হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ হলেও নিউজিল্যান্ড এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে। যদি এটা হয়, তা নিউজিল্যান্ডের জন্য অনেক বড় অর্জন হবে বলে মনে করেন পেসার নাথান স্মিথ। আজ সংবাদ সম্মেলনে কিউই এই পেসার বলেন, ‘এটা অনেক বড় ব্যাপার। বাংলাদেশ একটি শক্তিশালী দল। গত (পরশু) রাতে বাংলাদেশকে চাপে ফেলাটা সত্যিই আনন্দের ছিল। আমরা যদি এই সিরিজ জিততে পারি, তবে সেটি হবে অনেক বড় অর্জন।’

আইপিএল, পিএসএলের কারণে মিচেল স্যান্টনার, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্রর মতো তারকাদের ছাড়া এবার বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। বাংলাদেশ সিরিজের দলে থাকা অধিনায়ক টম লাথামেরই শুধু ১৫০-এর বেশি ওয়ানডে (১৬৪) খেলার অভিজ্ঞতা রয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৮৫ ম্যাচ খেলেছেন হেনরি নিকোলস। আর যে নাথান স্মিথ আজ সংবাদ সম্মেলনে এসেছেন, তিনি খেলেছেন ১৫ ওয়ানডে।

বাংলাদেশ পরশু ৪৮.৩ ওভারে ২২১ রান করলেও তার মধ্যে ২২ রান এসেছে অতিরিক্ত খাত থেকে। যার মধ্যে ২০ রানই নিউজিল্যান্ড দিয়েছে ওয়াইড। তবে বাজে বোলিং থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে কিউইরা। ১৬৬ ডট বল দিয়েছে সফরকারীরা। বাংলাদেশের ১০ উইকেটের মধ্যে ব্লেয়ার টিকনার (৪ উইকেট) আর নাথান স্মিথ (৩ উইকেট) মিলিয়ে নিয়েছেন ৭ উইকেট। দ্বিতীয় সারির দল নিয়ে স্মিথ বলেন,‘নিউজিল্যান্ডে আমরা সব সময় প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করি। বর্তমানে নিউজিল্যান্ড ক্রিকেটে আমাদের অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তাই আমাদের মূল দলের বাইরে থাকা খেলোয়াড়দের এখানে এনে এই ধরনের কন্ডিশনের অভিজ্ঞতা দেওয়া এবং তাদের সফল হওয়া আমাদের গভীরতা বাড়িয়ে দিয়েছে। আমরা এমন কন্ডিশনে খেলতে চাই যা আমাদের জন্য অপরিচিত।’

মিরপুরে সিরিজ থাকলেই আলোচনায় থাকে উইকেট। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পিনবান্ধব উইকেট বানিয়ে ট্রলের শিকার হয়েছিল বাংলাদেশ। আর এ বছরের মার্চে পাকিস্তান সিরিজের উইকেট ছিল ‘ট্রু উইকেট’। প্রথম ওয়ানডেতে ২৬ রানে হারের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছিলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জেতা উচিত ছিল।

বাংলাদেশ সিরিজের উইকেট নাথান স্মিথকে অবাক করেছে। ২৭ বছর বয়সী নিউজিল্যান্ডের এই পেসার বলেন, ‘আমি কিছুটা অবাক হয়েছি। তবে দ্বিতীয় ম্যাচের জন্য তারা যে উইকেট তৈরি করেছে, সেটি পাকিস্তান সিরিজের উইকেটের মতো মনে হচ্ছে। তাই হয়তো এতে কিছুটা বেশি গতি থাকবে। যদি ভুল না করি, বাংলাদেশের ধারণা ছিল প্রথম উইকেটে হয়তো কিছুটা বেশি গতি থাকবে। তবে আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে তা কেমন আচরণ করে। আমরা অনেকটা এমনই প্রত্যাশা করেছিলাম। আমি জানি বাংলাদেশ আরও উন্নত উইকেট তৈরির চেষ্টা করছে কারণ তাদের ভালো মানের পেসার রয়েছে।’

প্রথম ওয়ানডের মতো দুই ওয়ানডেও সকাল ১১টায় শুরু হবে। আগামীকাল মিরপুরে হবে দ্বিতীয় ওয়ানডে। ২৩ এপ্রিল চট্টগ্রামে হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিআইপিদের দেহরক্ষী আওয়ামী লীগ সংশ্লিষ্টরাই

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে কী আছে

লিটারে জ্বালানি তেলের দাম বাড়ল ১৫-২০ টাকা, রাত ১২টা থেকে কার্যকর

মধ্যপ্রাচ্যে ‘সিসিফাসের ফাঁদে’ যুক্তরাষ্ট্র, তবু ইরান যুদ্ধে কেন নেপথ্যে খেলোয়াড় চীন

বাংকার বাস্টারেও অভেদ্য ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, সেখানেই কি চলছে পরমাণু সমৃদ্ধকরণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত