Ajker Patrika

আবারও লঞ্চে বিপিএলের কাপ তুলতে চায় বরিশাল

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ০৭
আবারও লঞ্চে বিপিএলের কাপ তুলতে চায় বরিশাল
ফাইনালের আগে অনুশীলনে ব্যস্ত ফরচুন বরিশাল। ছবি: বিসিবি

চ্যাম্পিয়ন হলে লঞ্চে করে নেওয়া হবে শিরোপা—ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান মালিক এমন ঘোষণা দিয়েছিলেন ২০২৪ সালে। সেবারই তারা প্রথমবারের মতো বরিশাল জেতে বিপিএল শিরোপা। এবারও সেটার পুনরাবৃত্তি করতে চায় বরিশাল।

তামিম ইকবালের নেতৃত্বে ২০২৪ বিপিএল শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল। সেবার দলের কোচ ছিলেন মিজানুর রহমান বাবুল। এবারও বাবুল-তামিম আছেন বরিশালে। দলটি প্রথম কোয়ালিফায়ার জিতে সরাসরি উঠেছে ফাইনালে। শিরোপা ধরে রাখতে বরিশাল কতটা আত্মবিশ্বাসী, সেটা আজ কোচ বাবুলের কথায় বোঝা গেছে। বরিশাল কোচ বলেন, ‘শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল ফাইনাল খেলা এবং চ্যাম্পিয়ন হওয়া। আমরা সেই লক্ষ্যে স্থির থেকেছি। দলের প্রতিটি সদস্যের পরিশ্রম, বন্ধন, এবং চ্যাম্পিয়ন হওয়ার আকাঙ্ক্ষা আমাদের এখানে নিয়ে এসেছে। ৭ ফেব্রুয়ারি আমরা এই স্বপ্ন বাস্তবায়নের জন্য মাঠে নামব।’

তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম গত বারের চ্যাম্পিয়ন বরিশাল দলে ছিলেন। এবারের বিপিএলেও আছেন বাংলাদেশের এই তিন তারকা ক্রিকেটার। পাশাপাশি নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়ের মতো দুই দেশি ক্রিকেটারকে নিয়েছে বরিশাল। দলের এমন ছন্দে থাকার পেছনে ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন বাবুল। বরিশাল কোচ বলেন, ‘আমাদের সাফল্যের বড় কারণ হলো দলীয় ঐক্য আর আবেগ। প্রত্যেক ক্রিকেটারের দলের প্রতি নিবেদন আর দরদ রয়েছে। গত মৌসুমের চ্যাম্পিয়ন দলের বেশিরভাগ ক্রিকেটারকে এবারও ধরে রাখার চেষ্টা করেছি। এটা দলের মানসিকতা ও পারফরম্যান্সে দারুণ প্রভাব ফেলেছে।’

বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। এই ম্যাচের জয়ী দল হবে ফাইনালে বরিশালের প্রতিপক্ষ। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে কার বিপক্ষে খেলতে হবে, সেটা নিয়ে ভাবছেন না বাবুল। বরিশালের কোচ বলেন, ‘আমাদের জন্য প্রতিপক্ষ কোনো বড় বিষয় নয়। যেই দলই আসুক, আমাদের সেরা খেলাটা খেলতে হবে। আমি কখনোই বলব না যে আমরা এই দলকে চাই বা ওকে চাই। কারণ, প্রতিটি দলই সম্মানের যোগ্য। চ্যাম্পিয়ন হতে হলে আমাদের সবার সঙ্গেই জিততে হবে। আজকের দ্বিতীয় কোয়ালিফায়ারের দুই দলকে শুভ কামনা।’

তাওহিদ হৃদয় লিগ পর্বের প্রথম ১২ ম্যাচে কোনো ফিফটি করতে পারেননি। তবে প্রথম কোয়ালিফায়ারে ৫৪ বলে ৮২ রানের ইনিংস খেলে বরিশালকে সরাসরি ওঠাতে দারুণ অবদান রাখেন তিনি। হৃদয়কে নিয়ে কথা বলতে গিয়ে বাবুল বলেন, ‘তাওহিদের প্রতি আমাদের অগাধ বিশ্বাস ছিল। আমরা জানতাম, তার মধ্যে প্রতিভা এবং ইচ্ছাশক্তি আছে। যদিও পুরো মৌসুমে রান করতে পারছিল না, তবে শেষ ম্যাচে সে নিজেকে মেলে ধরেছে। মানসিক চাপে থাকা অবস্থায় তাকে আমরা সবসময় সমর্থন দিয়েছি, অনুপ্রেরণা দিয়েছি। সে নিজের চেষ্টায় সেই অবস্থা থেকে বের হয়ে এসেছে। এই ইনিংস শুধু তার জন্যই নয়, পুরো দলের জন্য উৎসাহের কারণ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত