
শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসংখ্যানটি শুনে ওল্ড ট্রাফোর্ড টেস্টের দ্বিতীয় দিন চমকে গিয়েছিলেন ভারতীয় ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। দিনশেষে স্বীকার করে নেওয়া ছাড়া আর উপায় ছিল না তাঁর কাছে। কারণটাও স্পষ্ট, রুটের দুর্দান্ত ফর্ম।
এই টেস্টের আগে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচে ছিলেন রুট। দারুণ এক সেঞ্চুরিতে তিন মহারথীকে পেছনে ফেলে দুয়ে উঠে আসেন ৩৪ বছর বয়সী এই ব্যাটার। রাত সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫৭ টেস্ট খেলে ১৩ হাজার ৩৯১ রান করেছেন তিনি। ১৫ হাজার ৯২১ রান নিয়ে সবার ওপরে রয়েছেন শচীন টেন্ডুলকার।
সেই রেকর্ড ভাঙা আপাতত অসম্ভব কিছু বলে মনে হচ্ছে না। বছরে যেকোনো দলের চেয়ে ইংল্যান্ড টেস্ট খেলে থাকে বেশি। ছন্দ ধরে রাখলে সম্ভব বলে মনে করেন অজি কিংবদন্তি রিকি পন্টিং, ‘দেখে তো মনে হয় না ক্রিকেটের প্রতি ওর ভালোবাসা একটুও কমেছে। বরং যত দিন যাচ্ছে, রানের ক্ষুধা আরও বাড়ছে বলে মনে হয়। গতকাল কথাটা উঠেছিল—সে কি শচীনের রেকর্ড টপকে যেতে পারবে? দেখা যাক, হয়তো সত্যিই পারবে।’
পন্টিং ভেবেছিলেন আজই তাঁকে ছাড়িয়ে যাবেন রুট। তা অবশ্য মিথ্যে হয়নি। অংশুল কম্বোজের বল পয়েন্টের দিকে ঠেলে সিঙ্গেল নিয়ে ১৩ হাজার ৩৭৯ রানে পৌঁছান রুট। টপকে যান পন্টিংকে (১৩৩৭৮)।
আগের দিনের ১১ রানকে পুঁজি করে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেন রুট। এই টেস্টের আগে সব মিলিয়ে তাঁর রান ছিল ১৩ হাজার ২৫৯। তৃতীয় উইকেটে ১৪৪ রানের জুটিতে তাঁকে সঙ্গে দেওয়া ওলি পোপ থেমে যান ১২৮ বলে ৭ চারে ৭১ রানে। হ্যারি ব্রুকও (৩) টিকতে পারেননি ১২ বলের বেশি। তবে অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে রুট ছুটতে থাকেন মাইলফলকের পথে।
দিনের শুরুতে অবশ্য ওল্ড ট্রাফোর্ডে প্রথম ব্যাটার হিসেবে এক হাজার রানের কীর্তি গড়েন রুট। তারপর একে একে রাহুল দ্রাবিড় ও জ্যাক ক্যালিসকে ছাড়িয়ে যান। চা–বিরতির আগে অংশুলকে লেগ গ্লান্স করে তুলে নেন ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি। স্টিভেন স্মিথকে (১১) ছাড়িয়ে টেস্টে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটিও নিজের করে নেন তিনি। এ নিয়ে ১২টি সেঞ্চুরি হলো তাঁর। এর মধ্যে ঘরের মাঠে ৯টি। নিজেদের মাঠে কোনো প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে ছাড়িয়ে যান ডন ব্র্যাডম্যানকে। ইংল্যান্ডের বিপক্ষে আট দেশে আটটি সেঞ্চুরি রয়েছে এই কিংবদন্তির।
রুটের সঙ্গে ইংল্যান্ডও এগিয়ে যাচ্ছে রানপাহাড়ের দিকে। ৪ উইকেট হারিয়ে ৪৫৮ রান করেছে স্বাগতিকেরা। লিড নিয়েছে ১০০ রানের। রুট ১৩২ ও স্টোকস ব্যাটিং করছিলেন ৪৬ রানে। এর আগে ভারত প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৩৫৮ রানে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে