Ajker Patrika

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের প্রতিবেদন

মিসরীয়রাই অ্যাকাউন্ট হ্যাক করে চাঞ্চল্যকর ইমেইল পাঠিয়েছে, দাবি আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৯: ৪৮
মিসরীয়রাই অ্যাকাউন্ট হ্যাক করে চাঞ্চল্যকর ইমেইল পাঠিয়েছে, দাবি আর্জেন্টিনার
শিরোপা ধরে রাখতে কেবল তিন ম্যাচ দূরে আর্জেন্টিনা। ছবি: এএফপি

আর্জেন্টিনা-মিসর ম্যাচ যেন শেষ হয়েও হলো না শেষ। ৭ জুলাই আটলান্টায় সেই ম্যাচে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের বিতর্কিত রেফারিংয়ের কারণে ক্ষোভ ঝেড়েছিলেন মিসরের কোচ হোসাম হাসান এবং ফরোয়ার্ড মোস্তফা জিকো। এবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অ্যাকাউন্ট হ্যাক করে চাঞ্চল্যকর ইমেইল প্রকাশ করা হয়েছে দেশটির সংবাদমাধ্যমে জানা গেছে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা ক্যালে’ গতকাল এএফএর অ্যাকাউন্ট হ্যাক হওয়া নিয়ে বিস্ফোরক এক প্রতিবেদন প্রকাশ করেছে। ফুটবল ফেডারেশনের সিস্টেমে মিসরীয় হ্যাকাররা অনুপ্রবেশ করেছেন এবং তাঁরা গণহারে ইমেইল পাঠিয়ে বলেছেন যে মিশরের জয় ‘দুর্নীতিগ্রস্ত রেফারিং সিদ্ধান্তের কারণে ছিনিয়ে নেওয়া হয়েছে’। আরও বলা হয়েছে, বর্তমান চ্যাম্পিয়নদের ওপর এমন একটি সাইবার হামলা চালানো হয়েছে, যার ফলে আর্জেন্টিনার স্বীকৃত গণমাধ্যমকর্মীরা এমন ইমেইল পেয়েছেন যে ‘ন্যায়বিচার’ নিশ্চিত না হলে আরও সাইবার হামলা চালানো হবে।

এএফএর ইমেইল ঠিকানা থেকে পাঠানো কিছু ইমেইলে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে-এর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে ‘লা ক্যালে’র প্রতিবেদন থেকে জানা গেছে। সেই ইমেইলগুলোর বার্তায় বলা হয়েছে, ‘আর্জেন্টিনা জিতেনি এবং ম্যাচের ফল এসেছে দুর্নীতিগ্রস্ত রেফারিং সিদ্ধান্তের কারণে।’ একই সঙ্গে সেখানে মিসরীয়দের পারফরম্যান্সের প্রশংসাও করা হয়।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অ্যাকাউন্ট হ্যাক করে এমন মেইল পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অ্যাকাউন্ট হ্যাক করে এমন মেইল পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত

‘লা ক্যালে’র প্রতিবেদন থেকে আরও জানা গেছে, মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার ফেডারেশনের ডেটাবেসের একটি অংশে অনুপ্রবেশ করে ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড, আইপি ঠিকানা এবং বিশেষায়িত ফর্ম-সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। এরপর সাংবাদিকদের কাছে বিপুল সংখ্যক ইমেইল পাঠানো হলে আর্জেন্টিনা জরুরি ভিত্তিতে একটি বিবৃতি প্রকাশ করে জানায় যে তাদের অফিসিয়াল চ্যানেল থেকে সম্পাদিত অস্বাভাবিক কার্যক্রমকে তারা অনুমোদন করে না।

মিসরীয় হ্যাকার কর্তৃক অ্যাকাউন্ট হ্যাকের পর এএফএর বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রিয় সহকর্মীরা আমরা আপনাদের জানাতে চাই যে আমাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে সম্ভবত কিছু ইমেইল পাঠানো হয়েছে যা আমাদের টিম তৈরি করেনি বা অনুমোদনও দেয়নি। এই পরিস্থিতিতে আইটি বিভাগের সঙ্গে প্রয়োজনীয় যাচাই-বাছাই চলাকালীন, আমরা আপনাদের জানাতে চাই যে সম্প্রতি আমাদের অ্যাকাউন্ট থেকে আপনারা যেসব ইমেইল পেয়েছেন, যেগুলো অস্বাভাবিক বলে মনে হয়, অনুগ্রহ করে সেগুলো উপেক্ষা করুন।’

বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ‘দ্য অ্যাথলেটিক’ এর এক প্রতিবেদক হ্যাক হওয়া ইমেইলগুলোর একটি পেয়েছিলেন। সিস্টেম হ্যাক করা হয়েছে এবং অন্যায্য সিদ্ধান্ত—এই শিরোনাম দেওয়া একটি ইমেইল পাওয়া গেছে। শুরুতে লেখা ছিল, ‘এ ধরনের ডাকাতি নজর এড়াবে না।’ এখানে মিসরীয় কোচ হোসাম হাসান যেন ন্যায্য বিচার পান, সেই দাবিও করা হয়েছে।

৭ জুলাই শেষ ষোলোর ম্যাচে মিসর ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল। তাদের গোল দুটি করেন ইয়াসির ইব্রাহিম ও মোস্তফা জিকো। সেখান থেকেই আর্জেন্টিনার নাটকীয় প্রত্যাবর্তন। ৩-২ গোলে জিতে আলবিসেলেস্তেরা ওঠে শেষ আটে। ক্রিস্তিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনসো ফের্নান্দেস শেষ ১৩ মিনিটে গোল তিনটি করেন। আগামীকাল কানসাসে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত