Ajker Patrika

কিপটে মোস্তাফিজকে নিয়ে কী বললেন আফ্রিদি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১৭: ২৫
কিপটে মোস্তাফিজকে নিয়ে কী বললেন আফ্রিদি
আট বছর পর পিএসএলে ফিরে দুর্দান্ত মোস্তাফিজুর রহমান। ছবি: ফাইল ছবি

গুণে গুণে আট বছর পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিরলেন মোস্তাফিজুর রহমান। ফিরলেন তাঁর সেই পুরোনো দল লাহোর কালান্দার্স। প্রত্যাবর্তনের রাতে মোস্তাফিজ হলেন আরও রঙিন। তিনি যেমন বোলিংয়ের জাদু দেখিয়েছেন, দলও জিতেছে বিশাল ব্যবধানে।

পিএসএলে মোস্তাফিজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে শাহিন শাহ আফ্রিদিও। ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়েই দুজনের অভিষেক হয়েছিল। আট বছর পর দুজনকে পিএসএলে মিলিয়ে দিল লাহোর। এবার শাহিন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে ৪ ওভারে ১৯ রানে ১ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। ৬৯ রানে জয়ের পর স্মৃতিকাতর শাহিন যেন ফিরে গেলেন আট বছর আগে। হায়দরাবাদকে হারিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লাহোর অধিনায়ক বলেন, ‘মোস্তাফিজুর এবং আমি একই সময়ে কালান্দার্সের হয়ে শুরু করেছিলাম এবং এখন আবার একসঙ্গে খেলছি।’

লাহোরের ৬৯ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন ফখর জামান। ৩৯ বলে ১০ চারে করেছেন ৫৩ রান। যেখানে ফখর ও মোহাম্মদ নাঈম ৫১ বলে ৮৪ রানের উদ্বোধনী জুটি গড়েন। আর ব্যাটিংয়ে নেমে শাহিন আফ্রিদির শেষ দুই বলে জোড়া ছক্কায় ১৯৯ রান করে লাহোর কালান্দার্স। পরবর্তীতে লাহোরের নিয়ন্ত্রিত বোলিংয়ে হায়দরাবাদ পুরো ২০ ওভার খেলে ১৩০ রানে গুটিয়ে যায়।

ফখর ও নাঈমের বিধ্বংসী উদ্বোধনী জুটির প্রশংসা করেছেন শাহিন। হায়দরাবাদের বিপক্ষে ৬৯ রানে জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লাহোর অধিনায়ক বলেন, ’আমরা উপভোগ করেছি। গত এক সপ্তাহ ধরে আমরা একসঙ্গে আছি এবং ভালো সময় কাটিয়েছি। ফখর ও নাঈম পাওয়ারপ্লেতে ব্যাটিংয়ে অসাধারণ ছিল। মাঝের ওভারগুলোতে আমরা কিছুটা সংগ্রাম করেছি। তবে এটা তো কেবল টুর্নামেন্টের শুরু এবং আমাদের দল অনেক শক্তিশালী। আর ব্যাটিংয়ের সময় দলে গতি এনে দেওয়ার চেষ্টা করি। আমরা উইকেট নিতে এবং চাপ তৈরি করতে চেয়েছিলাম।’

বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে মোস্তাফিজ এখন নিয়মিত মুখ। গত আট বছরে আইপিএল, আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি), লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২৬ আইপিএলের নিলামে তাঁকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স কিনেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাদ দিয়েছিল ফ্র্যাঞ্চাইজি। আর গত রাতে পিএসএল ক্যারিয়ারের কিপটে বোলিং করেছেন তিনি। এর আগে দুইবার মোস্তাফিজ ৫ ইকোনমিতে বোলিং করেছিলেন। সেই দুইবারই অবশ্য দুই ওভার করে বোলিং করানো হয়েছিল তাঁকে দিয়ে।

মোস্তাফিজের প্রত্যাবর্তনের রাতে অভিষেক হয়েছে আরেক বাংলাদেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমনের। সচরাচর ওপেনিংয়ে ব্যাটিং করলেও গত রাতে ইমনকে খেলানো হয়েছে চার বলে। ১৩ বলে ১ ছক্কায় করেছেন ১৪ রান। লাহোরের পরের ম্যাচ ২৯ মার্চ করাচি কিংসের বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত