বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল শুরু কবে, কী কী থাকছে

ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়ালেখকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজন করতে যাচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল ২০২৬’। প্রতিবছরের মতো এবারও এই ক্রীড়া উৎসবের পৃষ্ঠপোষক হিসেবে থাকছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘কিউট’।
এ উপলক্ষে আজ রোববার বিকেলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ্-বাংলা অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএসপিএর সহসভাপতি তালহা বিন নজরুল, সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন রাসেল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পরশু দুপুর ১২টায় ‘হোম অব বিএসপিএ’তে কার্নিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী।
এবারের কার্নিভ্যালে বিএসপিএর শতাধিক সদস্য অংশ নিচ্ছেন। আট ডিসিপ্লিনে হবে ১২ ইভেন্ট। ডিসিপ্লিনগুলো হলো আর্চারি, ক্যারম, টেবিল টেনিস, দাবা, সাঁতার, অ্যাথলেটিকস, কার্ড গেম ও শুটিং। ক্যারম ও টেবিল টেনিসে একক ও দ্বৈত ইভেন্ট থাকবে। অ্যাথলেটিকসে ১০০ মিটার ও শটপুট এবং কার্ড গেমে কলব্রিজ ও টোয়েন্টি নাইন অনুষ্ঠিত হবে।
কার্নিভ্যালের সব প্রতিযোগিতাই হবে ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে। দুই সপ্তাহের এই আয়োজনে ক্রীড়া সাংবাদিকদের ব্যস্ত কর্মজীবনের বাইরে নিজেদের মধ্যে সৌহার্দ্য ও প্রতিযোগিতার আবহ তৈরির পাশাপাশি খেলাধুলায় তাদের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।









