
পাল্লেকেলেতে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচে চোখ ছিল অস্ট্রেলিয়ারও। কারণ, অজিদের সুপার এইটে ওঠার ভাগ্য নির্ভর করছিল এই ম্যাচের ওপর। তবে বৃষ্টির বাগড়ায় মাঠে গড়ায়নি জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ। তাতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায়ঘণ্টা বেজে গেল অস্ট্রেলিয়ার।
পাল্লেকেলেতে ‘বি’ গ্রুপে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের ম্যাচ আজ বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল। ৩০ মিনিট আগে যে টস হয়, সেটা দেখতে যেন অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অস্ট্রেলিয়ার ভক্ত-সমর্থকেরা। তবে আবহাওয়ার পূর্বাভাস মেনে নিয়ম করেই হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। বৃষ্টির লুকোচুরি খেলা থামার পর আউটফিল্ড ঠিকঠাক না থাকায় একটা বলও মাঠে গড়ায়নি। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা ও আয়ারল্যান্ড অধিনায়ক লরকান টাকার করমর্দন করেছেন।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড পয়েন্ট ভাগাভাগি করেছে। তাতে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের পয়েন্ট হয়েছে ৫ ও ৩। চার ম্যাচে আইরিশরা জিতেছে কেবল এক ম্যাচ। দুটিতে হেরেছে ও পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ। ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে আজ জিম্বাবুয়ে সুপার এইটের টিকিট কেটেছে। এর আগে গতকাল অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সুপার এইটে ওঠে শ্রীলঙ্কা। লঙ্কানরা ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট পেয়েছে। অস্ট্রেলিয়ার ৩ ম্যাচে ২ পয়েন্ট। ওমান এখনো কোনো পয়েন্ট পায়নি। আগামী শুক্রবার পাল্লেকেলেতে গ্রুপপর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া-ওমান নামবে নিয়মরক্ষার লড়াইয়ে।
বাংলাদেশ সময় আজ বিকেল ৪টা ৩৪ মিনিটে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচ মাঠে গড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছিল। ওভার যে কমানো হতো, সেটা একরকম নিশ্চিতই। কিন্তু ফের বৃষ্টি হানা দেয়। বেরসিক বৃষ্টির বাগড়ায় চিন্তা বাড়ছিল অস্ট্রেলিয়ার। অন্যদিকে জিম্বাবুয়ের ভক্ত-সমর্থকেরা চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আগেই উদ্যাপন শুরু করে দিয়েছিলেন। যদি আজ আইরিশদের কাছে জিম্বাবুয়ে হারত, তবু সিকান্দার রাজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ের আরও একটা সুযোগ থাকত। জিতলে তো জিম্বাবুয়ে আজই চলে যেত। শেষ পর্যন্ত বৃষ্টি আজ জিম্বাবুয়েকে তুলেছে সুপার এইটে।
জিম্বাবুয়ে এবারের বিশ্বকাপে চমক দেখিয়েছে ১৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত চারবারের দেখায় দুবার অজিদের বিপক্ষে জিতেছে জিম্বাবুয়ে। সেই দুই জয়ই এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে জিতেছিল জিম্বাবুয়ে। আগেভাগে সুপার এইট নিশ্চিত করা জিম্বাবুয়ে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিতে পরশু শ্রীলঙ্কার বিপক্ষে নামবে। কলম্বোর প্রেমাদাসায় হবে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচ।

প্রথম ক্রীড়াবিদ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আমিনুল হক। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও গোলরক্ষক আজ নতুন দায়িত্ব নিয়ে শপথ নেওয়ার পর একের পর এক অভিনন্দনবার্তা পাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নবনিযুক্ত ক্রীড়ামন্ত্রী
২ ঘণ্টা আগে
প্রথম ক্রীড়াবিদ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আমিনুল হক। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও গোলরক্ষক আজ শপথ নিয়েছেন। নবগঠিত বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ ঘণ্টা আগে
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজ কানাডা-নিউজিল্যান্ড ম্যাচে টসের সময় হাজির ড্যারিল মিচেল। অনেকেই হয়তো তখন ভেবেছিলেন যে অধিনায়ক মিচেল স্যান্টনারের পরিবর্তে ভুলে অন্য কাউকে পাঠিয়ে দেয়নি তো নিউজিল্যান্ড? আসলে ড্যারিল মিচেলকে পাঠাতে বাধ্য হয়েছে কিউইরা।
৩ ঘণ্টা আগে
‘বি’ গ্রুপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে। কিন্তু ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে দুই দলের লড়াই এখনো মাঠে গড়ায়নি। বেরসিক বৃষ্টির দাপটে চিন্তা বাড়ছে অস্ট্রেলিয়ার।
৪ ঘণ্টা আগে