Ajker Patrika

আর্জেন্টিনা ম্যাচের আগে ইংল্যান্ড দল নিয়ে কী বললেন হ্যারি কেইন

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৪ জুলাই ২০২৬, ২০: ৩২
আর্জেন্টিনা ম্যাচের আগে ইংল্যান্ড দল নিয়ে কী বললেন হ্যারি কেইন
ইংল্যান্ড আগামীকাল সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে। ছবি: এএফপি

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের জন্য যেন সবাই উদগ্রীব হয়ে আছেন। ফুটবলার, ভক্ত-সমর্থকেরা সবাই অপেক্ষায় কখন আটলান্টায় আগামীকাল রেফারি শুরুর বাঁশি বাজাবেন। এই ম্যাচ তো স্রেফ একটা ম্যাচই নয়। যার সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক ইতিহাসও। এই ম্যাচ নিয়ে শোনা যাচ্ছে অনেক ঝাঁঝালো বক্তব্যও।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড সংবাদমাধ্যমকে বেশির ভাগ কথাই বলেছেন লিওনেল মেসিকে নিয়ে। পাশাপাশি সেমিতে জিততে নিজেদের আত্মবিশ্বাসও ব্যক্ত করেছেন। এদিকে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন গতকাল বিবিসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর দল সম্পর্কে এমন সব কথাবার্তা শোনা যাচ্ছে যার সঙ্গে বাস্তবের মিল নেই বললেই চলে। তিনি বলেন, ‘এমন সময় বিভেদের গল্প তৈরি করা খুব সহজ। মনে হয় বড় টুর্নামেন্টগুলোতে এটা ইংল্যান্ডেরই এক ধরনের অভ্যাস। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। আমরা আজ যেখানে পৌঁছেছি, তা সম্ভব হয়েছে আমাদের পারস্পরিক ঐক্যের কারণে।’

১১ জুলাই মায়ামিতে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে ইংল্যান্ড জায়গা করে নেয় সেমিফাইনালে। ইংলিশরা জিতলেও কোচ টমাস টুখেল দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দল ভাগ্যের জোড়ে উঠেছিল বলে মন্তব্য করেছিলেন টুখেল। কোচের এই মন্তব্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে জুড বেলিংহাম তখন বলেছিলেন, ‘হ্যাঁ, আচ্ছা, যা-ই হোক, সেখানে খেলাটা সত্যিই কঠিন ছিল।খুব কঠিন একটি ম্যাচ ছিল।’ সেদিন ইংল্যান্ড শুরুতে পিছিয়ে পড়লেওই বেলিংহামের জোড়া গোলে উদ্ধার হয়েছিল।

শেষ আটে নরওয়ে ম্যাচ শেষে বেলিংহামকে জিজ্ঞেস করার পর যে উত্তর মিলেছে, সেই প্রসঙ্গে কেইন কথা বলেছেন আর্জেন্টিনা ম্যাচের আগেও। বিবিসিকে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘এমন একটি ম্যাচ খেলার পর, শেষ বাঁশি বাজার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই যখন তাকে প্রশ্ন করা হয়, তখন সে আসলে জানতই না ঠিক কী বলা হয়েছে। আপনি চান জুড (বেলিংহ্যাম) তখন আর কী বলুক? আমরা তখনই একটি কঠিন লড়াই শেষ করে এসেছি।’

শুধু খেলোয়াড়দের মধ্যেই নয়, কোচ-খেলোয়াড় সবাই মিলে ইংল্যান্ড দলে একটা পরিবারের মতো থাকেন বলে জানিয়েছেন কেইন। ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘শুধু খেলোয়াড়রা নয়, কোচ ও কোচিং স্টাফও একইভাবে একসঙ্গে আছেন। অনেক সময় বিষয়গুলোকে বাস্তবের চেয়ে বেশি বড় করে দেখানো হয়।’

হ্যারি কেইন এবারের বিশ্বকাপে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। করেছেন ৬ গোল। সমান ৬ গোল জুড বেলিংহামেরও। এমনকি আটলান্টায় আগামীকাল হতে যাওয়া আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে টিকিটের দামও অনেক বেড়েছে। এই স্টেডিয়ামের সবচেয়ে দামি হসপিটালিটি প্যাকেজের টিকিট বিক্রি হচ্ছে ৫৫ হাজার ব্রাজিলিয়ান রিয়াল থেকে। বাংলাদেশি মুদ্রায় তা ১৩ লাখ ২১ হাজার টাকা। এর মধ্যে ভিআইপি কেবিনও অন্তর্ভুক্ত।

আটলান্টা স্টেডিয়ামের কাছাকাছি অবস্থিত গ্যালারির টিকিটের দাম ১৯৩০০ রিয়াল (৪ লাখ ৬৩ হাজার টাকা)। সবচেয়ে কম যে টিকিটের দাম, সেটা মাঠ থেকে একটু দূরেই। এই টিকিট পুনরায় বিক্রি হচ্ছে ১১০০০ ব্রাজিলিয়ান রিয়ালে। বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৬৪ হাজার টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত