Ajker Patrika

‘বিশ্বকাপে সতীর্থরাই রোনালদোকে বয়কট করেছে’

ক্রীড়া ডেস্ক    
‘বিশ্বকাপে সতীর্থরাই রোনালদোকে বয়কট করেছে’
স্পেনের কাছে হারার পর মাঠেই কেঁদে দেন সিআরসেভেন। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে ৩ গোল করেন তিনি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে পর্তুগালের হতাশাজনক বিদায়ের পর দলটির পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফুটবলার ইউরি জর্কায়েফ। তাঁর দাবি, ক্রিস্টিয়ানো রোনালদোর সামর্থ্য কাজে লাগাতে ব্যর্থ হয়েছে পর্তুগাল। এমনকি সতীর্থদের কাছে রীতিমতো বয়কটের মতো আচরণের শিকার হয়েছেন পর্তুগিজ অধিনায়ক।

বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। সেই ম্যাচসহ পুরো টুর্নামেন্টে দলের খেলার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন জর্কায়েফ।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসিকে দেওয়া সাক্ষাৎকারে জর্কায়েফ বলেন, ‘আপনি যদি রোনালদোকে দলে নেন, তাহলে দলকে রোনালদোকে ঘিরেই খেলতে হবে। কিন্তু সেটাই একেবারেই হয়নি। পরিষ্কার বোঝা গেছে, নিজের দলই তাকে বয়কট করেছে। তারা তাকে সমর্থন দেয়নি, তার সেরাটা বের করে আনার মতো পরিবেশও তৈরি করেনি।’

রোনালদোর শক্তির জায়গাগুলোকে কাজে লাগাতে না পারায় সদ্য সাবেক কোচ রবার্তো মার্তিনেসকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন জর্কায়েফ, ‘আমরা সবাই তাকে চিনি। সে সব সময় একই ধরনের ফুটবল খেলেছে। পর্তুগাল আসলে কী আশা করেছিল? ক্রিস্তিয়ানো হঠাৎ করেই নিজের খেলার ধরন বদলে ফেলবে? হয় তাকে দলে ডাকবেন না, নয়তো মাঠে নামাবেন না। কিন্তু যদি তাকে দলে নেন, তাহলে দলটাকেও তাকে ঘিরেই গড়ে তুলতে হবে।’

পর্তুগালের অন্যান্য ফুটবলারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেছেন জর্কায়েফ । তাঁর মতে, পুরো দায়িত্ব রোনালদোর কাঁধে চাপিয়ে দেওয়া ঠিক হয়নি। সাবেক ফুটবলার বলেন, ‘এত প্রতিভাবান খেলোয়াড় থাকা সত্ত্বেও আমি দেখেছি, সবাই দায়িত্বটা ক্রিস্তিয়ানোর ওপরই চাপিয়ে দিচ্ছিল। একটা সময়ে ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস এবং অন্যদেরও দায়িত্ব নিতে হতো। সব সময় তো ক্রিস্তিয়ানোর কাছ থেকে সব সমস্যার সমাধান আশা করা যায় না। পার্থক্য গড়ে তোলার দায়িত্ব শুধু তার একার নয়।’

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন রোনালদো। এবারের আসরে পর্তুগালের বিদায়ের আগে ৩ গোল করেন সিআরসেভেন। গ্রুপ পর্বে উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের জয়ে দুইবার জালের দেখা পান। সেরা ৩২-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ম্যাচে পেনাল্টি থেকে করেন অপর গোল। তবে তাঁর সেই পারফরম্যান্সও শেষ পর্যন্ত পর্তুগালকে কোয়ার্টার ফাইনালে তুলতে পারেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত