
অবসরের জল্পনার মাঝেও জাতীয় দলের দরজা বন্ধ হচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। ৪১ বছর বয়সী ফরোয়ার্ডকে রেখেই নেশনস লিগের জন্য ২৫ সদস্যের দল দিয়েছেন পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস।
গত জুলাইয়ে রোনালদো জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে এই প্রতিযোগিতায় তাঁর শেষ আসর। এরপর আগস্টে তিনি ইঙ্গিত দেন, ২০২৬ সাল সম্ভবত তাঁর পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষ বছর হতে পারে। তবে জাতীয় দলের হয়ে কবে ক্যারিয়ার শেষ করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তিনি।
বিশ্বকাপে রোনালদোর শেষটা অবশ্য প্রত্যাশিত হয়নি। শেষ ষোলোতে স্পেনের কাছে ১ গোলের ব্যবধানে হেরে বিদায় নেয় পর্তুগাল।
নতুন কোচ জেসুস অবশ্য রোনালদোর অতীত সাফল্যের চেয়ে বর্তমান পারফরম্যান্সকেই গুরুত্ব দিচ্ছেন। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তার (রোনালদোর) পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ। অতীতের কোনো হিসাব নেই।’
রোনালদোকে নিয়ে জেসুস আরও বলেন, ‘সে-ও অন্য সবার মতোই একজন খেলোয়াড়। সে ভালো পারফর্ম করলে খেলবে, না করলে খেলবে না। তার মর্যাদা আলাদা। তার পাঁচটি ব্যালন ডি’অর আছে। কিন্তু আমার সিদ্ধান্তে কি সেটি কোনো ভূমিকা রাখে? না। তবে সে যে আলাদা, সেই বিষয়টি অবশ্যই সত্য।’
জেসুসের ২৫ সদস্যের দলে রোনালদোর সঙ্গে আছেন ব্রুনো ফার্নান্দেস, বের্নার্দো সিলভা, রুবেন দিয়াস, ভিতিনিয়া, জোয়াও নেভেস ও পেদ্রো নেতোর মতো তারকা খেলোয়াড়েরা। এই দলের ১৩ জন খেলোয়াড়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে জেসুসের।
পর্তুগালের কোচ হিসেবে জেসুসের প্রথম ম্যাচ হবে ২৪ সেপ্টেম্বর। ঘরের মাঠে ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাঁর অধ্যায়। এরপর ২৭ সেপ্টেম্বর নরওয়ের মাঠে এবং ১ অক্টোবর ডেনমার্কের মাঠে খেলবে পর্তুগাল। ৪ অক্টোবর ঘরের মাঠে নরওয়ের বিপক্ষে আবারও মাঠে নামবে তারা।
৭২ বছর বয়সী জেসুস জুলাইয়ে পর্তুগালের দায়িত্ব নেন। বিশ্বকাপে স্পেনের কাছে হেরে পর্তুগালের বিদায়ের পর দায়িত্ব ছাড়েন রবার্তো মার্তিনেস। জেসুস এর আগে আল নাসরে রোনালদোর কোচ ছিলেন এবং গত মৌসুমে দুজনের অধীনে সৌদি প্রো লিগের শিরোপা জেতে ক্লাবটি।
পর্তুগালের হয়ে রোনালদো এখন পর্যন্ত ১৪৬ গোল করেছেন, যা পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ। জাতীয় দলের জার্সিতে তাঁর পরবর্তী অধ্যায় কতটা দীর্ঘ হবে, তা এখনো নিশ্চিত নয়। তবে জেসুসের প্রথম দলে জায়গা পাওয়ায় অন্তত নেশনস লিগের আসন্ন ম্যাচগুলোতে রোনালদোকে পর্তুগালের পরিকল্পনার অংশ হিসেবেই দেখা যাচ্ছে।

নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত নিয়েছেন রাফিনিয়া। চুক্তির মেয়াদ বাড়িয়ে বার্সেলোনাতেই খেলোয়াড়ি জীবনের ইতি টানতে চান ব্রাজিলিয়ান তারকা। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা এই ফরোয়ার্ড জানিয়েছেন, আরও কয়েক বছর সর্বোচ্চ পর্যায়ে খেলার সামর্থ্য রয়েছে তাঁর।
১ ঘণ্টা আগে
হেডের সেঞ্চুরিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৫৬ রান তোলে অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়ায় এসে জিম্বাবুয়ে ৪৮.৩ ওভারে অলআউট হয়েছে ২৭২ রানে।
২ ঘণ্টা আগে
নাইকির সঙ্গে সম্পর্ক শেষ করে নতুন পথচলা শুরু করলেন কিলিয়ান এমবাপ্পে। সুইজারল্যান্ডের ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ড। নতুন প্রতিষ্ঠানের বৈশ্বিক দূত হওয়ার পাশাপাশি ফুটবলের জন্য পণ্য উন্নয়নেও সরাসরি কাজ করবেন তিনি।
২ ঘণ্টা আগে
লামিনে ইয়ামালের কাছে বর্ণবাদ নতুন কোনো অভিজ্ঞতা নয়। ফুটবলে দ্রুতই তারকাখ্যাতি পাওয়া এই স্প্যানিশ ফুটবলার জানিয়েছেন, জীবনে হাজারবার বর্ণবাদের শিকার হয়েছেন তিনি। তাঁর মতে, অনেকেই নিজেদের মন্তব্য কিংবা আচরণ যে বর্ণবাদী, তা বুঝতেই পারেন না।
৩ ঘণ্টা আগে