Ajker Patrika

‘বাংলাদেশ-পাকিস্তানের সঙ্গে আলোচনা করে আইসিসি যা করেছে, তাতে ভারত অনেক খুশি’

ক্রীড়া ডেস্ক    
‘বাংলাদেশ-পাকিস্তানের সঙ্গে আলোচনা করে আইসিসি যা করেছে, তাতে ভারত অনেক খুশি’
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে পরশু রাতে বিদায় জানাতে লাহোর বিমানবন্দরে এসেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ছবি: এক্স

যথাসময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও টুর্নামেন্টের প্রথম তিন দিন স্বস্তিতে ছিল না আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ায় কি না, তা নিয়ে অনিশ্চয়তা কাটছিলই না। অবশেষে গতকাল সমস্যার সমাধান হয়েছে দেখে ভীষণ খুশি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা।

৭ ফেব্রুয়ারি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দিনই রাতে তড়িঘড়ি করে লাহোরের উদ্দেশে রওনা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পরের দিন (৮ ফেব্রুয়ারি) লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কার্যালয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠকে বসেন আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। বৈঠক শেষে সমাধান বের হয় গত রাতে। এই সমাধানে আইসিসি-বিসিবি-পিসিবির ত্রিপক্ষীয় বৈঠককে পূর্ণ কৃতিত্ব দিয়েছেন রাজীব। আজ সাংবাদিকদের বিসিসিআই সহসভাপতি বলেন, ‘লাহোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইসিসি একটি চমৎকার সমাধান বের করেছে। আমি তাতে ভীষণ খুশি। এটা একটি বন্ধুত্বপূর্ণ সমাধান। ক্রিকেটই এখানে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে।’

সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা থাকলেও অনিশ্চয়তা ছিল গত কয়েক দিন ধরে। ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ৪ ফেব্রুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে ম্যাচ পাকিস্তান বয়কট করবে। যদি ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে না গড়াত, সে ক্ষেত্রে ৬ হাজার কোটি টাকার বেশি ক্ষতি আইসিসির হতো বলে ভারতের বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছিল। এমনকি আইসিসির সঙ্গে সম্প্রচার ও স্পনসরশিপ চুক্তিও বাতিল করে দিত জিও স্টার। গতকাল মাঝরাতে পাকিস্তান সরকারের অফিশিয়াল এক্স হ্যান্ডল থেকে জানানো হয়, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছে।

সব অনিশ্চয়তা কাটিয়ে ভারত-পাকিস্তান ম্যাচ যে মাঠে গড়াচ্ছে, তাতে ভীষণ আনন্দিত রাজীব। আজ সাংবাদিকদের বিসিসিআই সহসভাপতি বলেন, ‘এমন উদ্যোগে পূর্ণ কৃতিত্বই আইসিসির প্রাপ্য। এটা অনেক বড় একটা অর্জন। পাকিস্তান ইস্যুতে সমাধান করতে পারায় আইসিসিকে ধন্যবাদ জানাচ্ছি। কলম্বোতে পাকিস্তান অবশেষে খেলতে রাজি হয়েছে।’

পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ করেছিল বাংলাদেশ। গতকাল বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুলবুল বলেন, ‘এই সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান যে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে, তাতে আমরা সত্যিই আবেগাপ্লুত। আমাদের ভ্রাতৃত্বের বন্ধন দীর্ঘদিন অটুট থাকুক। গতকাল পাকিস্তানে আমার সংক্ষিপ্ত সফর এবং আলোচনার ইতিবাচক অগ্রগতির প্রেক্ষিতে আমি পাকিস্তানকে অনুরোধ করছি—সমগ্র ক্রিকেট বিশ্বের স্বার্থে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি খেলতে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একেবারে শূন্য হাতে নেই। তাদের কোনো শাস্তি বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না। আইসিসি বাংলাদেশের পাওনা টাকা দেবে। বিশ্বকাপের লাভের ভাগও দেবে। ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে একটি আইসিসির ইভেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে। আসলে ক্রিকেটে ভারতের মতো মোড়লকে অস্বস্তিদায়ক পরিস্থিতিতে ফেলতে পেরে বাংলাদেশ-পাকিস্তান—উভয়েই নিজেদের নৈতিক জয় খুঁজে নিচ্ছে। শুধু আফসোসটা রয়ে গেল বর্তমান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু করে ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে টানা ১৬ বিশ্বকাপ খেলা বাংলাদেশ এবারই প্রথমবারের মতো বিশ্বকাপ মিস করতে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি

নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন কীভাবে

এনসিপিকে ছেড়ে দেওয়া আসনে শেষ মুহূর্তে ইশতেহার ঘোষণা জামায়াত নেতার

বাংলাদেশি পণ্যে শুল্ক কমিয়ে ১৯ শতাংশ করল যুক্তরাষ্ট্র, তৈরি পোশাকে শূন্য শুল্কের প্রতিশ্রুতি

নেত্রকোনায় চার ভোটকেন্দ্রসহ পাঁচ বিদ্যালয়ে আগুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত