Ajker Patrika

‘বিসিবি হয়তো গা বাঁচানোর জন্য এমনটা করেছে’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
‘বিসিবি হয়তো গা বাঁচানোর জন্য এমনটা করেছে’
জাহানারা আলমের যৌন নিপীড়নের তদন্ত প্রতিবেদন অবশেষে বিসিবিতে জমা পড়েছে। ছবি: ফাইল ছবি

জাহানারা আলমের উত্থাপিত যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষিতে গতকাল তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি। থিসিস পেপারের মতো দুটি বাঁধাই করা বইয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাঠানো হয়েছে এই তদন্ত প্রতিবেদন। তবে এই কাজটা (তদন্ত প্রতিবেদন) আরও আগে হতে পারত বলে মনে করেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ।

নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ৮ নভেম্বর তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের কাজ ছিল ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া। সেটা না পারার পর সময়সীমা বাড়িয়ে ২০ ডিসেম্বর করা হয়। কালক্ষেপণ করতে করতে অবশেষে গতকাল বিসিবির কাছে তদন্ত প্রতিবেদন এসে জমা পড়েছে।

ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদের মতে জাহানারা ইস্যুতে বিসিবির তদন্ত কার্যক্রম আরও আগেই শেষ হওয়া উচিত ছিল। সংবাদমাধ্যমকে আজ নাসির বলেন, ‘বিসিবি তাদের সিদ্ধান্ত নিয়েছেন। তবে আপনি যেটা বললেন, আদালতের একটা আদেশ হবার পরে তখন তারা (বিসিবি) প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারা হয়তো সেটা গা বাঁচানোর জন্য করে থাকতে পারেন, যেটা আমি মনে করি। কারণ, এই প্রতিবেদনটা যদি পাঁচ সদস্যের কমিটির হয়ে থাকে, তাহলে তো আপনি স্বাক্ষীদের ডাকবেন। যিনি অভিযোগ করেছেন, তাঁকে ডাকবেন। তাহলে বিসিবির এই দীর্ঘসূত্রিতার কারণটা কী ছিল? এটা তো অনেক আগেই তারা করতে পারতেন।’

কেউ দোষী প্রমাণিত হয়ে থাকলে তাঁর বিরুদ্ধে আরও আগে ব্যবস্থা নেওয়া যেত বলে মনে করেন ব্যারিস্টার নাসির। আজ সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এই অভিযোগ নিয়ে তাদের তো তদন্ত আরও আগে এবং কেউ যদি দোষী থেকে থাকেন, তাহলে সে ব্যাপারে ব্যবস্থা আগেও নিতে পারতেন। আর আমি যেটা প্রথমেই বলেছি আপনাদের, মঞ্জুর আলম (মঞ্জুরুল ইসলাম মঞ্জুর) নামের ভদ্রলোককে যাকে আগেই বরখাস্ত করা হয়েছিল, বরখাস্ত করার পরের দিন আবার তাঁকে সেই পদে পুনর্বহাল করা হয়েছে।’

তদন্তের স্বার্থে কাউকে কোনো একটা বিষয় থেকে সাময়িকভাবে সরিয়ে রাখার কথা উল্লেখ করেছেন ব্যারিস্টার নাসির। জাহানারার উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে বিসিবির তদন্ত কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্য একটা ঘটনায় একজনের বিরুদ্ধে অভিযোগ এসেছে। তাঁকে বরখাস্ত করলেন। বরখাস্ত করার পরের দিন সেই পদে আবার বসালেন। মূলত যার বিরুদ্ধে অভিযোগ আসে, যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আসে, তখন কিন্তু দেখা গেছে তদন্তের স্বার্থে বা নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে তাঁকে মুলতুবি রাখা হয় কোনো একটা বিষয় থেকে। কিন্তু সে জায়গাতে বিসিবির যে ভূমিকা, এটা আমার মনে হয় বাংলাদেশের জনগণ...ক্রিকেট তো আমাদের গর্বের জায়গা এবং নারী ক্রিকেটারদের যে বিষয়টা, দেখা গেছে পুরুষদের চেয়েও নারী ক্রিকেটাররা দুর্দান্ত খেলছেন।’

জাহানারা ইস্যুতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে তিন সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছিল। কমিটির অন্য দুই সদস্য ছিলেন বিসিবির নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। তবে তদন্ত কমিটিটা পাঁচ সদস্যের হওয়া উচিত ছিল বলে জানিয়েছেন ব্যারিস্টার নাসির এবং এই প্রতিবেদন (জাহানারা ইস্যুতে তদন্ত প্রতিবেদন) বিসিবিকে প্রকাশ করতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। আজ সংবাদমাধ্যমকে নাসির বলেন, ‘না অভিযোগ করলেও বিসিবির মতো একটা প্রতিষ্ঠানের দায়িত্ব আছে এই বিষয়টা যখন পত্রপত্রিকায় এসেছে, আন্তর্জাতিকভাবে জাতীয় পত্রপত্রিকায় এসেছে, তখন আরও আগেই বিসিবি তদন্ত কমিটি গঠন করতে পারত। বিসিবি তিন সদস্যের তদন্ত কমিটি করেছে, যেখানে বলা আছে পাঁচ সদস্যের কমিটির কথা। যে কথাটা হচ্ছে, অভিযোগ গঠনকারী যে কমিটি, এটা সব সময় একটা স্ট্যান্ডিং কমিটি হিসেবে থাকবে। একটা অভিযোগ হলো আর তদন্ত কমিটি করলেন, ব্যাপারটা তা না। স্বচ্ছতার কারণে তদন্ত প্রতিবেদন বিসিবিকে প্রকাশ করতে হবে।’

জাহানারার তদন্ত প্রতিবেদন নিয়ে আজ ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ যেখানে অনেক কথাবার্তা বলেছেন, সেদিনই বিসিবির আরেক পরিকল্পনার কথা জানা গেছে। খুলনা, বরিশাল, কক্সবাজার, বগুড়া, রাজশাহী, ফতুল্লা, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ, পূর্বাচল—এসব মাঠে ১৩৭ উইকেট বানানো হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। শিগগিরই উইকেটগুলো তৈরির আশ্বাস দিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজ সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত

‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো’, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য

নির্বাচনে ১৬ সংস্থা থেকে ৩৪,৪৪২ জন পর্যবেক্ষক, বিএনপির উদ্বেগ

‘বিশ্বকাপে বাংলাদেশকে ফেরালে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান’

চীনকে মোকাবিলায় বাংলাদেশকেন্দ্রিক মার্কিন পরিকল্পনার বিপদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত