
আর্জেন্টিনা দলে লিওনেল মেসি এখন অতীত। গত পরশু সামাজিক মাধ্যমে এক ঘোষণায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। তবে দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে যা করেছেন, তা কি ফুটবলপ্রেমীরা এত সহজে ভুলতে পারবেন! অনেকের মতো মেসিভক্ত লিটন দাসও আর্জেন্টাইন কিংবদন্তিকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন।
সামাজিক মাধ্যম পরশু রাত থেকেই হয়ে উঠেছে মেসিময়। ভক্ত-সমর্থকেরা তো আছেনই, এমনকি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), মেসির পরিবারের সদস্য, আর্জেন্টিনা দলের সতীর্থ এনসো ফের্নান্দেস-লেয়ান্দ্রো পারেদেসরা দিয়েছেন আবেগঘন বার্তা। গতকাল রাতে মেসির উদযাপনের একটি ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন লিটন। বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘প্রিয় লিও। তুমি শুধু সর্বকালের সেরা ফুটবলারই নও। বরং পুরো বিশ্ব যে শ্রেষ্ঠ ক্রীড়াবিদদের দেখেছে, তাদেরও একজন।’
সর্বকালের সেরা ফুটবলারের স্বীকৃতি তো মেসি আগেই পেয়েছেন। ‘রেকর্ডের বরপুত্র’ নামে পরিচিত আর্জেন্টাইন কিংবদন্তি গড়েছেন একের পর এক রেকর্ড। গোলের পর তাঁর উদযাপনের সেই মুহূর্তগুলো আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের স্মৃতিতে অমলিন হয়ে থাকার মতোই।
মেসির কারণেই আর পাঁচজন ফুটবলপ্রেমীর মতো লিটনও আর্জেন্টিনা দলের সমর্থক হয়েছেন বলে গতকাল এক পোস্টে উল্লেখ করেছেন। বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘তোমার কারণেই আমার মতো অসংখ্য ভক্ত আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি পাগলের মতো ভালোবাসায় জড়িয়ে পড়েছি। এতগুলো বছর ধরে তোমার অসাধারণ নৈপুণ্য উপভোগ করা ছিল এক অপার আনন্দের বিষয়। সত্যি বলতে, তোমাকে ছাড়া আর্জেন্টিনার একাদশ কল্পনা করাটাই কঠিন—কিন্তু এখন সেই বাস্তবতাই সামনে এসে দাঁড়িয়েছে।’
ক্লাব ফুটবলে একের পর এক শিরোপাজয়ী মেসি কিছুতেই জিততে পারছিলেন না আর্জেন্টিনার হয়ে শিরোপা। ২০১৪ ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বল জিতলেও জার্মানির কাছে শেষ মুহূর্তে গোল হজম করে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ হয়। ২০১৫, ২০১৬ কোপা আমেরিকা—টুর্নামেন্ট বদলালেও ভাগ্য বদলায়নি মেসির। দুইবার চিলির কাছে হেরে রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা।
সবকিছু বদলাতে শুরু করে ২০২১ সাল থেকে। আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা যেমন ঘুচেছে, মেসিও পেয়েছেন আন্তর্জাতিক ফুটবলে তাঁর প্রথম শিরোপা। সবকিছুর পূর্ণতা পেয়েছে ২০২২ ফুটবল বিশ্বকাপে। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সকে ধ্রুপদী ফাইনালে হারিয়ে জেতেন ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ। যা তাঁকে সর্বকালের সেরা ফুটবলারের স্বীকৃতিকে দিয়েছে পূর্ণতা। লিটন লিখেছেন, ‘একজন ভক্ত হিসেবে আমার কাছে ২০২২ ছিল চূড়ান্ত শিখর। সেই ফাইনাল এবং বিশ্বকাপ জয়ের পর মনে হয়েছিল, আমাদের অনেকের কাছেই যেন ফুটবল নিজেই পরিপূর্ণতা লাভ করেছে। তুমি সেটা সম্ভব করেছিলে। আমাদের অসংখ্য হাসি, কান্না আর অমলিন স্মৃতির পেছনে তুমি ছিলে অন্যতম প্রধান কারণ।’
লিটন যে কতটা মেসিপাগল, সেটা গতকাল রাতে আর্জেন্টাইন বিশ্বজয়ী ফুটবলারকে নিয়ে দেওয়া পোস্টে বারবার লাভ ইমোজি দিয়ে বুঝিয়েছেন। ৩১ বছর বয়সী বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার লিখেছেন, ‘সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ লিও। চিরকাল তোমার প্রতি কৃতজ্ঞ। চিরকাল তোমার ভক্ত হয়ে থাকব। তোমাকে সবসময় ভালোবাসব লিও।’
এর আগে ২০১৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে একবার অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। চিলির কাছে টাইব্রেকারে হারের পর হতাশায় আর্জেন্টিনাকে বিদায় বলেছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল ২৯ বছর। কিন্তু এবার তাঁর বয়স হয়েছে ৩৯ বছর। ২০১৬ সালের মতো ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
১০ বছর পর অবসর ভেঙে ফেরার পর মেসি যা করেছেন, তা কেবল ইতিহাস। আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে ২০৭ ম্যাচে ১২৫ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৬৮ গোলে। একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে (২০১৪, ২০২২) জিতেছেন গোল্ডেন বলের পুরস্কার। নিউজার্সিতে ১৯ জুলাই স্পেনের বিপক্ষে ফাইনালটাই আর্জেন্টিনার হয়ে মেসির সবশেষ ম্যাচ। ১-০ গোলে হারের পর যেভাবে অঝোরে কেঁদেছিলেন, পরশু রাতে তাঁর পোস্টে সেটারই যেন ছাপ দেখা গেছে। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ—আন্তর্জাতিক ফুটবলে এই চার শিরোপা জয়ের পাশাপাশি ২০০৮ অলিম্পিকে স্বর্ণপদকও জিতেছিলেন।

মাঠ থেকে না হলেও আর্জেন্টিনার সঙ্গে লিওনেল মেসির গল্পটা শেষ হয়েছে সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায়। তবে আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের ক্যারিয়ারে যা করেছেন তিনি, তা নিয়ে আলোচনা কি এত সহজে শেষ হয়! গত পরশু এই ঘোষণা এলেও এটার ব্যাপারে বন্ধুকে আগেই ইঙ্গিত দিয়েছিলেন বলে জানা গেছে।
৩৯ মিনিট আগে
নেইমারকে নিয়ে আলোচিত ঘটনা যেন কখনো শেষ হওয়ার নয়। কখনো তিনি কোনো ঘটনার মাধ্যমে ‘লাইমলাইটে’ আসেন, কখনোবা তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটে যা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এবার ব্রাজিলের সাবেক ফরোয়ার্ডের কাছ থেকে জার্সি নেওয়ার পর হেনস্তার শিকার হয়েছে এক খুদে ভক্ত।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের কাছে দুবাইয়ে গত পরশু ৭১ রানে হেরেছে ইন্দোনেশিয়া। ব্যাটারদের ব্যর্থতায় নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ৫৮ রানে গুটিয়ে যায় ইন্দোনেশিয়া। আজ টিকে থাকার লড়াইয়ে ইন্দোনেশিয়া খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে দুবাইয়ে শুরু হবে শ্রীলঙ্কা-ইন্দোনেশিয়া নারী এশিয়া কাপের ম্যা
৩ ঘণ্টা আগে
চেলসির সঙ্গে সম্পর্ক শেষই হয়ে গেল এনসো ফের্নান্দেসের। তবে চেলসি ছাড়লেও ইংল্যান্ডের ফুটবল ছাড়ছেন না। নাম লেখালেন ইংল্যান্ডের আরেক বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার সিটিতে। সিটিজেনদের সঙ্গে তাঁর চুক্তিটা ২০৩১ সাল পর্যন্ত।
৪ ঘণ্টা আগে