Ajker Patrika

আইসিসিকে ভারত কী ‘চিঠি’ দিয়েছে, দেখতে চাইছেন পাকিস্তানি ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ০২
আইসিসিকে ভারত কী ‘চিঠি’ দিয়েছে, দেখতে চাইছেন পাকিস্তানি ক্রিকেটার
ভারত-পাকিস্তান ইস্যুতে আইসিসিকে কাঠগড়ায় তুলেছেন বাসিত আলী। ছবি: সংগৃহীত

মাঠের পারফরম্যান্স তো বটেই। ক্রিকেটীয় কুটনীতিতেও ভারত ছড়ি ঘোরাচ্ছে বছরের পর বছর। বৈশ্বিক ইভেন্টে পছন্দমতো ভেন্যু নির্ধারণ করে দেওয়াসহ ভারতকে নানারকম সুবিধা দেওয়া হয় বলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) অনেকে মজা করে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলও বলে থাকেন। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী যেন সেটাই আবার নতুন করে মনে করিয়ে দিলেন।

‘হাইব্রিড মডেলে’র ধারণা যে ভারতের কাছ থেকেই এসেছে, সেটা সবারই জানা। ২০২৩ সালে পাকিস্তান এশিয়া কাপের আয়োজক হলেও ভারত তাদের ম্যাচগুলো খেলেছিল শ্রীলঙ্কায়। একই ঘটনা ঘটেছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ক্ষেত্রেও। পাকিস্তান টুর্নামেন্টের আয়োজক হলেও আইসিসির এই ইভেন্টে রোহিত শর্মা-বিরাট কোহলিরা খেলেন সংযুক্ত আরব আমিরাতে। এ বছরের ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের পক্ষ ভারত-ম্যাচ বয়কটের পর আইসিসি নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে একটা বিবৃতি দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিজেদের অবস্থান বদলে ভারতের বিপক্ষে খেলবে বলে আশা আইসিসির।

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক ইস্যুতে আইসিসি যা করছে, তা নিয়ে কথা বলতে গিয়ে বাসিত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির প্রসঙ্গ টেনে এনেছেন। নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘আইসিসি এখন পিসিবিকে নিজেদের অবস্থান বদলাতে বলছে। অথবা আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করতে বলেছে। চ্যাম্পিয়নস ট্রফির সময় বিসিসিআই কি ভারতকে আইসিসিকে কোনো চিঠি দিয়েছিল যে তারা পাকিস্তানে খেলবে না? আইসিসিতে থাকা প্রত্যেককেই আমি চ্যালেঞ্জ করছি চিঠিটা আমাকে দেখানোর জন্য।’

বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াসহ অনেক ক্রিকেট দল পাকিস্তান সফরে নিয়মিত যাচ্ছে। তবে ২০০৮ এশিয়া কাপের পর প্রতিবেশী পাকিস্তানের মাঠে পা রাখেনি ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যে সরকারের সিদ্ধান্ত মেনেই পাকিস্তানে খেলতে যাচ্ছে না, সেটা বোঝাই যায়। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজম-সালমান আলী আঘারা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলবেন কি না, সেই সিদ্ধান্ত পাকিস্তান সরকার নেবে বলে জানিয়েছেন বাসিত। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘পিসিবি এখন কীভাবে পাকিস্তান সরকারের আদেশ অমান্য করবে? পাকিস্তান সরকার এখানে সিদ্ধান্ত নেবে যে পাকিস্তান দল ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারি খেলবে কি খেলবে না।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিসিবি ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর ব্যাপারে আইসিসিকে অনুরোধ করেছিল। শেষ পর্যন্ত যে যার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশের আর বিশ্বকাপ খেলা হচ্ছে না। এরপরই বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাকিস্তানের ম্যাচ বয়কটের ইস্যু আলোচনায় আসে। ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছিলেন নাকভি। সেদিনই তিনি জানিয়েছিলেন, ২ ফেব্রুয়ারির মধ্যে বিশ্বকাপ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পিসিবি।

১ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের পর বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে, ভারত-পাকিস্তান ম্যাচের বাজারমূল্য ৫০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৬ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা। ভারত-পাকিস্তান ম্যাচের ১০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য আইসিসির ক্ষতি হবে ৫৪ লাখ টাকা। সম্প্রচারকারী প্রতিষ্ঠানেরও ৪০৩ কোটি টাকার লোকসান হবে। এমনকি বিসিসিআই, পিসিবি দুই বোর্ডেরই ২৬৯ কোটি টাকা রাজস্ব হারানোর শঙ্কা রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে রয়েছে নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস। ভারত ম্যাচের আগে বিশ্বকাপ শুরুর প্রথম দিন ৭ ফেব্রুয়ারি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) নেদারল্যান্ডসের বিপক্ষে মুখোমুখি হবে পাকিস্তান। একই মাঠে ১০ ফেব্রুয়ারি সালমান-বাবররা খেলবেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ১৮ ফেব্রুয়ারি কলম্বোর এসএসসিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নামিবিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, যা জানালেন নাহিদ ইসলাম

নওগাঁয় হাসপাতালের সামনে পড়ে ছিল রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত লাশ

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব: জিতলেও ফল ঝুলবে বিএনপির ২ প্রার্থীর

পাইপলাইন প্রতিস্থাপন: ২১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত