Ajker Patrika

সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালকের সঙ্গে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনায়’ উদ্বিগ্ন কোয়াব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ৫৯
সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালকের সঙ্গে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনায়’ উদ্বিগ্ন কোয়াব
এক ইউটিউবারের সঙ্গে বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলটের কথা কাটাকাটি হয়েছে। ছবি: বিসিবি

সংবাদ সম্মেলনে কত ধরনের প্রশ্নই তো হয়। কখনো তীক্ষ্ণ, তির্যক; কখনো ‘সফট’। কিন্তু গতকাল বিসিবির সংবাদ সম্মেলনে এমন এক ঘটনা ঘটেছে, দেশের ক্রিকেটে কমই দেখা যায়। এক ইউটিউবারের অপ্রাসঙ্গিক প্রশ্নের ‘প্রতিবাদে’ সংবাদ সম্মেলন কক্ষ ছেড়ে বেরিয়ে যান বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সঙ্গে বেরিয়ে যান তাঁর সঙ্গে আসা সহকর্মীরাও। পাইলটের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াব।

আজ মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে কোয়াব লিখেছে, ‘সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আমাদের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এ ধরনের ঘটনা দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে এমন একটি পরিসরে যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সংযম ও পেশাদারি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

পাইলটের সঙ্গে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে সবাইকে শিক্ষা নেওয়ার পরামর্শ কোয়াবের, ‘মতভিন্নতা বা কঠিন প্রশ্ন থাকতেই পারে। তবে তা প্রকাশ ও মোকাবিলার ক্ষেত্রে সংযম, পারস্পরিক শ্রদ্ধা এবং পেশাগত শিষ্টাচার বজায় রাখা সবার দায়িত্ব।আমরা স্পষ্টভাবে বিশ্বাস করি, ক্রিকেটে কোচ, বোর্ড কর্মকর্তা, সমর্থক এবং ক্রীড়া সাংবাদিকদের মর্যাদা ও সম্মান সমানভাবে গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সবাই এই ঘটনাটি থেকে শিক্ষা নেবেন বলে আমরা আশা করছি। ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে আলোচনায় আরও দায়িত্বশীল, সম্মানজনক ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট হবেন।’

মিরপুরে গতকাল সংবাদ সম্মেলনে এসেছিলেন আবদুর রাজ্জাক ও খালেদ মাসুদ পাইলট। ছবি: বিসিবি
মিরপুরে গতকাল সংবাদ সম্মেলনে এসেছিলেন আবদুর রাজ্জাক ও খালেদ মাসুদ পাইলট। ছবি: বিসিবি

মিরপুরে গতকাল বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলনে বর্জন করেন পাইলট-আবদুর রাজ্জাকরা। পাইলট গতকাল বলেছিলেন, ‘প্রশ্নটা আপনি এমনভাবে করেছেন, যাতে আপনার ভিউয়ার্স বাড়ে। পরিচালক হিসেবে নয়, একজন ক্রিকেটার হিসেবে বলছি, আপনার প্রশ্নটা আমার পছন্দ হয়নি বলে চলে যাচ্ছি। আমার মনে হয় আপনারা একজন-দুজন মানুষ ছাড়া পরিবেশটা নষ্ট করে দিলেন। আমরা সুন্দরভাবে কথা বলছিলাম। অসংখ্য ধন্যবাদ।’

গতকাল বিসিবির সংবাদ সম্মেলনটা ছিল ক্রিকেটের বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে সারা দেশে মাঠ সংস্কার ও এক শর বেশি উইকেট তৈরির প্রকল্পটা তুলে ধরার। সংবাদ সম্মেলনের প্রশ্ন যখন উইকেট-মাঠের বাইরে চলে যাচ্ছিল, তখন ঘটনার সূত্রপাত। একপর্যায়ে পাইলট সংবাদ সম্মেলন অসমাপ্ত রেখেই চলে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, যা জানালেন নাহিদ ইসলাম

নওগাঁয় হাসপাতালের সামনে পড়ে ছিল রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত লাশ

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব: জিতলেও ফল ঝুলবে বিএনপির ২ প্রার্থীর

পাইপলাইন প্রতিস্থাপন: ২১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত