
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করার পর সংগঠন থেকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পেয়েছেন কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। তবে ব্যক্তিগতভাবে না পাঠিয়ে ফেসবুকে পোস্ট করা হয়েছে বলে অভিযোগ করেন হামিম। এ ছাড়া শোকজের কোনো কারণ উল্লেখ না করায় হতাশা প্রকাশ করেছেন তিনি। নোটিশে ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের’ কথা বলা হলেও ইফতার মাহফিল আয়োজনের কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানতে পেরেছেন হামিম।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় হামিম এসব কথা বলেন।
ভিডিও বার্তায় হামিম জানান, রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি শোকজপত্র দেখতে পান, যেখানে তাঁর নাম উল্লেখ করা হয়েছে।
হামিম বলেন, ‘বিষয়টি জানার পর থেকে বিভিন্ন শিক্ষার্থী ও সাংবাদিক ভাইয়েরা আমার সঙ্গে যোগাযোগ করছেন, কেন শোকজ করা হলো।’
শোকজের পর ছাত্রদলের দপ্তর সম্পাদকের সঙ্গে যোগাযোগ করেন উল্লেখ করে হামিম বলেন, ‘শোকজের বিষয়ে জানতে দপ্তর সম্পাদককে ফোন করে বললাম, ভাই, কী কারণে শোকজ করা হয়েছে। উনি আমাকে বললেন, উনিও জানেন না।’
ছাত্রদলের প্রেসিডেন্ট ও সেক্রেটারির নির্দেশে শোকজ করা হয়েছে বলে ভিডিও বার্তা বলেন হামিম। দপ্তর সম্পাদক সে জন্য বিষয়টি নিয়ে হামিমকে প্রেসিডেন্ট ও সেক্রেটারির সঙ্গে কথা বলতে পরামর্শ দেন।
পরে হামিম জানতে পারেন, গত বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ছাত্রদলের নেতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করার কারণে নাকি তাঁকে শোকজ করা হয়েছে।
উল্লেখ্য, ‘ইফতার উইথ হামিম’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুফতি এনায়েত উল্লাহ আব্বাসী। তিনি দেশের সুপরিচিত আলেম, বক্তা এবং জৈনপুরী দরবার শরিফের পীর। এ ছাড়া তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের আমিরের দায়িত্ব পালন করছেন।
ভিডিও বার্তায় হামিম বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা থেকেই এই ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন তিনি। তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনে ছাত্রদল আমাকে জিএস পদে মনোনয়ন দিয়েছিল। এই নির্বাচনে আমি সাড়ে ৫ হাজার ভোট পেয়েছি।’
এই ইফতারে প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশ নেন বলেও জানান হামিম।
হামিম বলেন, ‘এখন পর্যন্ত আমাকে আনুষ্ঠানিকভাবে বা ব্যক্তিগতভাবে কোনো শোকজপত্র পাঠানো হয়নি। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে নোটিশ প্রকাশের কারণে সারা দেশের মানুষ আমার কাছে জবাব চাইছেন।’
শোকজের বিষয়ে লিখিত জবাব দেবেন না জানিয়ে হামিম বলেন, ব্যক্তিগতভাবে নোটিশ না পাওয়া পর্যন্ত তিনি লিখিত কোনো জবাব দেবেন না।
সবশেষে ভিডিও বার্তায় হামিম বলেন, ‘আমার এই কাজের কারণে যদি ছাত্রদলের ক্ষতি হয়ে থাকে, তাহলে আমি বর্তমান প্রেসিডেন্ট ও সেক্রেটারির কাছে ক্ষমা চাইছি। আর যদি মনে করা হয় আমার সঙ্গে অন্যায় হয়েছে, সে বিচার আমি সবার ওপর ছেড়ে দিচ্ছি। আমি সব সময় মনে করি—ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়।’

জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি)। এনসিপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিশেষ এই দিনটি ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগান সামনে রেখে উদ্যাপন করবে।
৪ ঘণ্টা আগে
যাত্রা শুরুর এক বছর পুরো না হতেই তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বিদায় নিয়েছেন চল্লিশের বেশি কেন্দ্রীয় নেতা। এঁদের মধ্যে কেউ করেছেন পদত্যাগ, কেউ হয়েছেন বহিষ্কার। কেন্দ্রীয় কমিটির সঙ্গে তৃণমূলের কমিটিও যদি হিসাব করা হয়, তবে পদত্যাগ ও বহিষ্কারের সংখ্যা হবে শতাধিক।
১২ ঘণ্টা আগে
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও ডাকসুর সাবেক জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১৩ ঘণ্টা আগে
রাজধানীতে সুবিধাবঞ্চিত নারী, শিশু ও শ্রমজীবী মানুষের সম্মানে এক ব্যতিক্রমী ইফতার মাহফিলের আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। আজ শুক্রবার রাজধানীর গুলশানে জেডআরএফের কার্যালয়ে এই আয়োজনে উপস্থিত হয়ে আর্তমানবতার সেবায়...
১৪ ঘণ্টা আগে