এনসিপির স্পোর্টস উইংয়ের আত্মপ্রকাশ, নেতৃত্বে ফাহিম-নাজমুল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রীড়া উইং ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ) ’ আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম এবং সদস্যসচিব হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আরেক সাবেক পরিচালক এম. নাজমুল ইসলাম। এ ছাড়া বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৫ জনকে উপদেষ্টা করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স আত্মপ্রকাশ করে। এরপরই দেশের ক্রীড়াঙ্গনকে গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, দায়িত্বশীল ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতাসক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে ৬ মাসের জন্য আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদনের কথা জানানো হয়।
ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের ৫ উপদেষ্টা হলেন—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তারেক এ আদেল, জহিরুল ইসলাম মুসা, আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন ও আহনাফ সাঈদ খান।
সংগঠনটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন—সালমান মোহাম্মাদ জাভেদ, এম রফিকুল ইসলাম, জহির রায়হান, খালেক শিকদার ও আব্দুল মোনায়েম।
যুগ্ম সদস্যসচিব হয়েছেন—মাহমুদুল হাসান রাকিব (দপ্তর), আবু বক্কর সিদ্দিক সুমন (সহ দপ্তর), আব্দুল্লাহ আল মামুন (মিডিয়া), সাদিয়া ফাইরোজ (সহ মিডিয়া), রাকিব হোসেন, নাঈম হাওলাদার ও জিনিয়া শারমিন রিয়া। ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আরমানুল ইসলাম নয়ন। এ ছাড়া সংগঠক হিসেবে ৩৬ জন ও সদস্য পদে ৪৭ জন দায়িত্ব পেয়েছেন।
‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের (এনএসএ) ’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, দেশের বিভিন্ন খাতে দলীয়করণের বিরুদ্ধে লড়াই করতে হবে। এ জন্য বিকল্প পরিসর তৈরি করা প্রয়োজন। ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স তেমনই একটি পরিসর, যেখানে ক্রীড়াঙ্গনের মানুষেরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন। ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ) এনসিপির সহযোগী হবে না। বরং এনসিপি ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সকে (এনএসএ) সহযোগিতা করবে। তবে সংগঠনটির কাজের ক্ষেত্রে এনসিপি কোনো প্রেসক্রিপশন দেবে না।
নাহিদ ইসলাম বলেন, আমাদের প্রত্যাশা ছিল, নির্বাচনের পর নতুন সরকার এসে সরকারি দায়িত্ব থেকে ক্রীড়াঙ্গনের প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের কাজগুলো করবে। কিন্তু নির্বাচনের পর আমরা দেখলাম, সারা বাংলাদেশে রীতিমতো দলীয়করণ হয়েছে। ক্রীড়াঙ্গনও সেই দলীয়করণ থেকে মুক্ত থাকতে পারেনি।
বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) কমিটি নিয়ে সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি অবৈধভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি তাঁরা সংসদেও বলেছেন। বিসিবিতে যে কমিটি করা হয়েছে, সেটিকে তাঁরা ‘বাপের দোয়া কমিটি’ বলেছেন। এখন এই কমিটির ফলাফল বাংলাদেশের মানুষ দেখতে চায়।
ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স এনসিপির অঙ্গসংগঠন কি না, এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও সমমনা সংগঠনের ধারণাগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। এনসিপির ছাত্রসংগঠনও দলের অঙ্গসংগঠন নয়, বরং সহযোগী সংগঠন। তিনি জানান, রাজনৈতিক দল পরিচালনার ক্ষেত্রে নির্বাচনী আইনসহ প্রযোজ্য আইন মেনে চলবে এনসিপি। ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের সঙ্গে তাদের আদর্শিক ও নীতিগত সম্পর্ক রয়েছে। সে কারণেই তারা সংগঠনটির উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন এবং সহযোগিতা করতে চান।
নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের যে সক্ষমতা রয়েছে, তা দিয়ে আমরা সহযোগিতা করব। তবে এটি আমাদের অধীনস্থ কোনো সংগঠন নয়। তারা স্বাধীনভাবেই তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং নিজ নিজ ক্ষেত্রে কাজ করবে। একটি রাজনৈতিক দল হিসেবে তাদের ভালো কাজের সঙ্গে আমরা থাকব।’
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জনসংখ্যার অনুপাতে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান এখনো পিছিয়ে। এই অবস্থার পরিবর্তন ঘটিয়ে খেলাধুলায় বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে দেশের ক্রীড়াপ্রেমী দর্শকদের দীর্ঘদিনের হতাশা কাটিয়ে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ তৈরি করতে হবে। সেই লক্ষ্য সামনে রেখে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সকে কাজ শুরু করতে হবে, যাতে ভবিষ্যতে দেশের খেলাধুলায় ইতিবাচক পরিবর্তনের ভিত্তি তৈরি হয়।
অনুষ্ঠানে বিসিবির সাবেক পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবর বিসিবির নির্বাচন ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেন। নাম উল্লেখ না করে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে কটাক্ষ করে তিনি বলেন, ‘আমাদের যেই অটোপাস এমপি হতে পারে নাই, মন্ত্রী হয়েছে, তাঁর এই উত্তরের (ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক) সদস্যপদ চলে গেছে, এখন তিনি শুধুমাত্র কোনোমতে মন্ত্রী আছেন। কবে যায়, আমার মনে হয় আজকে মিডিয়াতে বক্তব্য প্রচারের পরে সেটাও তাঁর টলমল হয়ে যাবে। কারণ একজন গোলরক্ষকের হাতে ক্রিকেট থাকতে পারে না। ফুটবলে যেখানে তাঁর ভূমিকা, ফুটবল তাঁকে পাত্তা দেয় না।’
অনুষ্ঠানে এনএসএর আংশিক কমিটি ঘোষণা করেন এম. নাজমুল ইসলাম। ঘোষণাপত্র পড়ে শোনান নাজমুল আবেদীন ফাহিম। এ সময় এনসিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।









