
আগামী জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের মাঝামাঝি অনুষ্ঠানের দাবি সামনে নিয়ে এসেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যে এ নির্বাচন আয়োজনের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন ও অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি গতকাল মঙ্গলবার আহ্বান জানিয়েছে দলটি। বিএনপি বলছে, সংসদের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোরবিরোধী তারা।
নির্বাচন প্রশ্নে বিএনপির এই অবস্থানের বিষয়ে ভিন্নমত পোষণ করে তরুণদের প্রতিনিধিত্বের দাবিদার জাতীয় নাগরিক কমিটি।
অন্যদিকে, আগামী নির্বাচনের বিষয়ে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা খোঁজখবর নিতে শুরু করেছে।
এ বছরের মাঝামাঝি নির্বাচন চাওয়ার বিষয়টি স্পষ্ট করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বলেন, ‘এ বছরের মাঝামাঝি অর্থাৎ, জুলাই-আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব। এ কারণে আমরা সরকারকে আহ্বান জানাতে চাচ্ছি, নির্বাচন কমিশনকেও আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানাচ্ছি—দেশের বৃহত্তর স্বার্থে এ বছরের মাঝামাঝিই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি।’ ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে গত সোমবারসহ কয়েক দিন টানা পর্যালোচনা ও সমমনা দলগুলোর সঙ্গে বৈঠকের পর বিএনপি এই আহ্বান জানায়।
ভোটের বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দেওয়া সময়সীমার উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে। দেশে মোটামুটি স্থিতিশীলতা এসেছে। এ মাসে সংস্কার-সংক্রান্ত কমিশনের রিপোর্ট এসে যাবে। এমন অবস্থায় নির্বাচন এত বিলম্বিত করার কোনো কারণ নেই। ভোট যত বিলম্ব হচ্ছে, ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়ছে।
প্রধান উপদেষ্টা ৪ জানুয়ারি ঢাকায় ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে আলাপে চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের মাঝামাঝি নির্বাচন অনুষ্ঠানের কথা বলেন। এর আগে ২৩ সেপ্টেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আগামী ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে, সে জন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে সমর্থন দেবেন।
স্থানীয় সরকার নির্বাচন আগে অনুষ্ঠানের ভাবনা রাজনৈতিক মহলের একাংশের আছে। এ প্রসঙ্গে দলের স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়ে মির্জা ফখরুল বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই আসে না।
নাগরিক কমিটির ভিন্নমত
নির্বাচনের বিষয়ে ভিন্নমত রয়েছে জাতীয় নাগরিক কমিটির। সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিন আজকের পত্রিকাকে গতকাল বলেন, ‘আমরা [আগে] গণপরিষদ নির্বাচনের কথা বলছি, জাতীয় সংসদ নির্বাচন নয়।’
নাগরিক কমিটি মনে করে, গণপরিষদ সংবিধান পুনর্লিখন করবে। পরবর্তী সময়ে গণপরিষদের সদস্যরাই আইনসভার সদস্য হবেন।
সামান্তা শারমিন বলেন, স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্রের কিছু সংস্কার জরুরি। সংস্কার না হলে নির্বাচন যে সুষ্ঠু হবে, সেটা আশা করা যায় না।
নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দুদকসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করছে কি না, তা দেখার জন্য স্থানীয় সরকার নির্বাচন আগে করায় জোর দেন তিনি।
নির্বাচন কমিশন কী বলছে
চলতি বছরের মাঝামাঝি নির্বাচন অনুষ্ঠানে বিএনপির আহ্বানের বিষয়ে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, কমিশন প্রধান উপদেষ্টার দেওয়া সময়সীমার মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। গতকাল কমিশনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ভারত-চীনসহ বিদেশিদের আগ্রহ
আঞ্চলিক দুই প্রভাবশালী দেশ ভারত ও চীনসহ বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থারও বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহ রয়েছে।
পাশের দেশ ভারত বাংলাদেশে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার অপেক্ষায় আছে, এটা স্পষ্ট হয়েছে দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মন্তব্যে। গত সোমবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘[দ্বিপক্ষীয়] সম্পর্ক নিয়ে নির্বাচিত সরকারের সময় কথা হওয়া উচিত।’
ভারতের ক্ষমতা-কাঠামোতে অন্য দেশের নির্বাচন নিয়ে জেনারেল দ্বিবেদীর করা এ মন্তব্য কিছুটা অস্বাভাবিক মনে করছেন ঢাকার কূটনীতিকেরা। তাঁর মন্তব্যটি বাংলাদেশ সরকারের নজরে এসেছে, এমনটি জানিয়ে এক কূটনীতিক বলেন, জেনারেল দ্বিবেদী হয়তো সাধারণ ধারণা থেকে মন্তব্যটি করে থাকতে পারেন। আবার তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরামর্শ নিয়ে থাকতে পারেন।
অন্য এক কূটনীতিক বলেন, জেনারেল দ্বিবেদীর মন্তব্যটি সম্ভবত তাঁর এখতিয়ারের কিছুটা বাইরে। এমন বিষয়ে সাধারণত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলে থাকে।
নির্বাচন ও সংস্কারের বিষয়ে বিএনপিসহ অংশীজনদের কী অবস্থান, তা জানতে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার গত রোববার ও চীনের রাষ্ট্রদূত গত সোমবার বিএনপির মহাসচিবের সঙ্গে বৈঠক করেন।
নির্বাচনে কারিগরি সহায়তা দেওয়ার বিষয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশে কাজ শুরু করছে। ইউএনডিপির একটি প্রতিনিধিদল এ বিষয়ে গতকাল নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছে।
নির্বাচনে সহায়তা চেয়ে নির্বাচন কমিশন জাতিসংঘকে চিঠি দিয়েছিল, এটি জানিয়ে ঢাকায় সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস গতকাল সাংবাদিকদের বলেন, নির্বাচনে কী সহায়তা প্রয়োজন, তা মূল্যায়ন করা হবে। এ বিষয়ে অংশীজনদের সঙ্গে কথা বলে ইউএনডিপি কী সহায়তা দিতে পারে, তা জানানো হবে।

বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব পালনের সময় কোনো ভুল বা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে বিনম্র স্বরে সহযোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
১৫ ঘণ্টা আগে
‘গতকাল দিবাগত রাতে কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এনসিপি তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’
১৬ ঘণ্টা আগে
ভারত স্বার্থ ছাড়া বন্ধুত্বের আমন্ত্রণ জানালে বাংলাদেশ সাধুবাদ জানাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না।’
১৮ ঘণ্টা আগে
গোপালগঞ্জসহ তিন জেলায় আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ছয় মাস মেয়াদি এই কমিটিগুলোর অনুমোদন দেন।
২ দিন আগে