Ajker Patrika

দেশ দুর্নীতিমুক্ত না হলে নয়টা-পাঁচটা অফিস বাদ দিয়ে মাঠে নামবে জনগণ: ইসলামী আন্দোলন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
দেশ দুর্নীতিমুক্ত না হলে নয়টা-পাঁচটা অফিস বাদ দিয়ে মাঠে নামবে জনগণ: ইসলামী আন্দোলন
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তারা। ছবি: আজকের পত্রিকা

দেশ থেকে দুর্নীতি ও বৈষম্য দূর করা না গেলে জনগণ নিয়মিত অফিসের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না, বরং আবারও মাঠে নামবে—এমন মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্ম মহাসচিব আশরাফুল আলম বলেন, দেশ দুর্নীতিমুক্ত না হলে নয়টা-পাঁচটা অফিস না করে জনগণ মাঠে নামবে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘স্বাধীনতার প্রত্যাশা ও জাতীয় জীবনে আমাদের অর্জন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) এই আলোচনা সভার আয়োজন করে।

স্বাধীনতা অর্জনে যাঁরা জীবন দিয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু দুঃখজনকভাবে, গত ৫৩-৫৪ বছরে যাঁরা দেশ পরিচালনা করেছেন, তাঁদের শাসনামলে এই চাওয়াগুলোর প্রতিফলন দেখা যায়নি।

বর্তমান সরকারের উদ্দেশে রেজাউল করীম জানান, দেশ, ইসলাম ও মানবতার কল্যাণে যতক্ষণ কাজ করবে, ততক্ষণ তারা সার্বিক সহযোগিতা পাবে। তবে, এর বিরুদ্ধে কোনো কাজ করলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। সড়ক দুর্ঘটনা, বাজারে অব্যবস্থাপনা, খাদ্যে ভেজাল ও মাদকের বিস্তার রোধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়।

দেশ দুর্নীতিমুক্ত না হলে নয়টা-পাঁচটা অফিস না করে জনগণ মাঠে নামবে বলে মন্তব্য করে দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, ‘আমরা চেতনার জন্য, সম্মানের জন্য রক্ত দিতে পারি। সুতরাং, আমাদের দেশ যদি কোনো রকমের দুর্নীতিমুক্ত না করতে পারে, বৈষম্য যদি দূর না করতে পারে, তাহলে দেশের মানুষ আপনার (প্রধানমন্ত্রী) মতো নয়টা-পাঁচটা অফিস করবে না। তারা আবার মাঠে নামবে।’

আশরাফুল আলম বলেন, ‘আমরা বিষক্ততায় আর যেতে চাই না। শুধু এতটুকু বলতে চাই, এই নির্বাচনটা ফেয়ার (নিরপেক্ষ) হয় নাই। নির্বাচনটা ড. ইউনূস সাহেব একটা লেজেগোবরে পাকিয়ে দিয়ে গেছে। আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, দেশের মানুষ যেন ভালো থাকে, সেই পদ্ধতি আপনি নিন। তাহলে দেশের মানুষ আপনাকে স্মরণীয় করে রাখবে। অন্যথায় মানুষ কিন্তু সংগ্রাম করতে জানে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা সরকারের অবস্থা তুলে ধরে বলেন, ‘ঈদের আগে ও পরে দুর্ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছে। এটা সিস্টেমের সমস্যা। ফ্যাসিস্ট আমলে যে সিস্টেম তৈরি হয়ে গেছে, এই সিস্টেমকে যদি আপনি (প্রধানমন্ত্রী) না বদলাইতে পারেন, তাহলে আমরা জাতীয় জীবনে এই ৫৪ বছরের যে ধারাবাহিকতা দেখে আসতেছি, এরচেয়ে ভিন্ন কিছু আমরা পাব না।’

আলোচনা সভায় সংগঠনটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় অন্য বক্তারা যে উদ্দেশ্যে দেশ স্বাধীন করা হয়েছে, তা আজ নিজেদের স্বার্থের জন্য ব্যবহার ও বিকৃতি করা হচ্ছে বলেও অভিযোগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: বেঁচে ফিরলেন খোকসার খাইরুল, ছিনিয়ে নিয়েছে মোবাইল ফোন

সোনার দাম দীর্ঘমেয়াদি পতনে যাচ্ছে

৯ নতুন সচিব, ৫ সচিব প্রত্যাহার, ৩ সচিবের দপ্তর বদল

উত্তরায় শরীর থেকে মন আলাদা করা ‘কেটামিন’ তৈরি করতেন ৩ চীনা নাগরিক, যেত শ্রীলঙ্কায়

‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত