
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি অডিও কল ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীনকে জড়িয়ে কিছু অনলাইন প্ল্যাটফর্মে কুরুচিপূর্ণ, যৌন হয়রানিমূলক ও মিথ্যা প্রচারণা ছড়ানোর নিন্দা জানিয়েছে দলটি।
তারা বলেছে, নারীর প্রতি অবমাননাকর ও নিবর্তনমূলক আচরণ জুলাই অভ্যুত্থানের মৌলিক আকাঙ্ক্ষার পরিপন্থী।
আজ বৃহস্পতিবার দুপুরে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো বিবৃতিতে এ কথা জানিয়েছে দলটি।
বিবৃতিতে বলা হয়, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এরই মধ্যে নানা সময়ে এনসিপির নারী নেত্রীদের লক্ষ্য করে একই ধরনের অবমাননাকর প্রচারণা চালানো হয়েছে। এ ধরনের কুরুচিপূর্ণ প্রচার ও প্রোপাগান্ডা কেবল নারীর প্রতি অবমাননা ও নিপীড়নের বহিঃপ্রকাশ নয়, বরং এটি তাঁদের রাজনৈতিক কর্তাসত্তা ও সক্ষমতাকে অস্বীকার করা এবং রাজনৈতিক পরিসরকে সংকুচিত করার পরিকল্পিত প্রচেষ্টা।
এতে বলা হয়, দীর্ঘ দেড় যুগের গুম, খুন, ধর্ষণ ও ফ্যাসিবাদী দুঃশাসনের পর জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে নারীরা নিজেদের কর্তাসত্তাকে পুনরুদ্ধার করেছেন।
তাঁদের প্রতি যেকোনো ধরনের অবমাননাকর ও নিবর্তনমূলক আচরণ জুলাই অভ্যুত্থানের মৌলিক আকাঙ্ক্ষা ও আদর্শকে অস্বীকার করে বলে মনে করছে এনসিপি।
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক পক্ষগুলোর কিছু নেতা-কর্মী এই যৌন হয়রানিমূলক প্রচারণায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নিয়েছেন বলে অভিযোগ করে দলটির পক্ষ থেকে বলা হয়, অনেক অনলাইন মিডিয়া ও মিডিয়া ব্যক্তিত্বও এ ক্ষেত্রে দায়িত্বহীনতা ও অপেশাদারত্বের পরিচয় দিয়েছেন।
একটি মূলধারার দৈনিক পত্রিকাও তাজনূভা জাবীনকে জড়িয়ে ইঙ্গিতপূর্ণ ফটোকার্ড প্রকাশ করেছে, যা জনপরিসরে তাঁকে আরও বেশি অরক্ষিত করেছে এবং তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নমূলক মন্তব্যকে উসকানি দিয়েছে।
গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে এনসিপি রাজনৈতিক পরিসরে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, এনসিপির নেতৃত্ব স্থানীয় পর্যায়ে অধিক হারে নারীদের অংশগ্রহণকে বাধাগ্রস্ত করার জন্য পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের সমর্থকগণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই ধরনের ক্যাম্পেইন অব্যাহত থাকলে ভবিষ্যতে এনসিপি সব অনলাইন-অফলাইন নারী নির্যাতক ও সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে এবং সর্বশক্তি দিয়ে তা মোকাবিলা করবে।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হলেই আবু সাঈদসহ সব শহীদের রক্তের দায় শোধ করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। আজ বৃহস্পতিবার ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।
৫ ঘণ্টা আগে
ইমান-আকিদা সংরক্ষণ এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ইসলামি শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই কওমি ঘরানার ইসলামি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ইসলামি দলগুলোর পারস্পরিক সমন্বয়, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ও দেশের বর্তমান রাজনৈতিক...
৬ ঘণ্টা আগে
সংগঠনটির প্রচারিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল শুক্রবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এ কর্মসূচি শুরু হবে। জুমার নামাজের পর অনুষ্ঠিতব্য কফিন মিছিলে অংশ নিতে শিক্ষার্থী, তরুণ সমাজ এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
৮ ঘণ্টা আগে
রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দিরে অসুস্থ হয়ে পড়েন তিনি।
৮ ঘণ্টা আগে