
সব অপরাধের পেছনে সরকারদলীয় নেতা-কর্মী ও মন্ত্রীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সরকারের ওপরের স্তর থেকে সংকেত পাওয়ার কারণেই সন্ত্রাসীরা সুযোগ পাচ্ছে। অপরাধের সঙ্গে জড়িত সরকারদলীয় লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিরোধী দলের ওপর দায় চাপানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক জরুরি ব্রিফিংয়ে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।
গোলাম পরওয়ার বলেন, সব অপরাধের পেছনে মদদ দিচ্ছেন সরকারদলীয় নেতা-কর্মী ও মন্ত্রীরা। সন্ত্রাসীরা সুযোগ পাচ্ছে সরকারের ওপর লেভেল থেকে সিগন্যাল পাওয়ার কারণে। সরকার অপরাধের সঙ্গে জড়িত নিজের দলের লোকদের কথা বলে না, বিরোধী দলের ওপর চাপাতে চায়।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এমতাবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই, কারণ, বেড়ায় খেত খাচ্ছে। অবিলম্বে সন্ত্রাসীদের নিবৃত্ত করে গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গে জামায়াতের এ নেতা বলেন, সরকারের সাত মাসে পরিস্থিতির চরম অবনতি হয়েছে। প্রতিটি রাজনৈতিক দল ও সুশীল সমাজ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। জনগণ ধীরে ধীরে সরকারের ওপর আস্থা হারাচ্ছে বলেও দাবি করেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রসঙ্গ তুলে জামায়াতের এ নেতা মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং ইসিবি এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা উল্লেখ করেন। এসব ঘটনায় সরকারদলীয় লোকজনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
গ্রামাঞ্চলের বিভিন্ন বিষয় নিয়েও সরকারের সমালোচনা করেন গোলাম পরওয়ার। তাঁর দাবি, সার ডিলার, ইমাম-খতিবের ভাতা, কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণ, তালিকা তৈরিসহ বিভিন্ন ইস্যুতে নিজেদের মধ্যে মারামারি ও গন্ডগোল হচ্ছে। সার বিতরণ নিয়ে ইউএনও কার্যালয়ে হামলার ঘটনাও ঘটছে বলে উল্লেখ করেন তিনি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ নিয়েও অভিযোগ করেন পরওয়ার। তাঁর দাবি, ভেরিফিকেশনের নামে একটি শ্রেণিকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে না এবং বেছে বেছে যুবদল ও ছাত্রদল করা ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে। আগামী নির্বাচনে পোলিং ও প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে বিএনপির লোকদের নিয়োগ দেওয়ার উদ্দেশ্যেই এমনটি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংরক্ষিত নারী সংসদ সদস্যদের (এমপি) নিয়েও অভিযোগ করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, মহিলা এমপিদেরও দলীয়করণে যুক্ত করা হচ্ছে। নির্বাচিত এমপিদের ওপর অনির্বাচিত সংরক্ষিত মহিলা এমপিদের খবরদারি করার দায়িত্ব দেওয়া হয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডে নির্বাচিত এমপিদের ডিও লেটার খারিজ করে সংরক্ষিত মহিলা এমপিদের ডিও লেটার দিয়ে বরাদ্দ দেওয়া হচ্ছে, যা অতীতে ছিল না। মহিলা এমপির ইন্ধনে ও মদদে দেশজুড়ে সন্ত্রাসী, চাঁদাবাজি, হামলা ও ভাঙচুর হচ্ছে।
গোলাম পরওয়ার বলেন, রাজধানীতে মানুষের জীবন ও সম্পদ নিরাপদ নয়। একইভাবে সারা দেশের মানুষ নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। দ্রব্যমূল্য, সার, গ্যাস ও বিদ্যুৎ-সংকটসহ বিভিন্ন বিষয়ে সরকারের ব্যর্থতা আড়াল করতে দেশজুড়ে বিশৃঙ্খলা তৈরি করে জনগণের দৃষ্টি অন্যদিকে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় পরওয়ার রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা, লুট হওয়া টিকা, টিকাদানের রেজিস্টার ও নথি উদ্ধার এবং বিকল্প স্থানে টিকাদান কার্যক্রম চালুর দাবি জানান। পাশাপাশি স্থাপনা পুনর্নির্মাণ, ক্ষতিপূরণ এবং ঘটনার সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তের দাবিও জানান তিনি।

চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীরা ‘পুনর্বাসন দানবাক্স’ স্থাপন এবং ‘গণভিক্ষা’ নামের ব্যঙ্গাত্মক কর্মসূচি পালন করেছেন। আজ সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি মিছিল হয়।
২ ঘণ্টা আগে
রাড্ডা স্বাস্থ্যসেবাকেন্দ্রে সরকারি দলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা সাধুবাদ জানাতে পারছি না। কারণ দখল শুধু রাড্ডায় হয়নি, হাজার জায়গায় হয়েছে। মোহাম্মদপুরেও হয়েছে। সবগুলো যদি আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন, তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে...
৩ ঘণ্টা আগে
চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। এ নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি...
৩ ঘণ্টা আগে
দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই উপ-কমিটির প্রধান করা হয়েছে দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে। রাজনৈতিক পর্ষদ থেকে দুজনকে এই উপকমিটির উপ-প্রধান করা হবে। পাশাপাশি প্রতি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও
৩ ঘণ্টা আগে