
রাষ্ট্র সংস্কারের চেয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সংস্কার এখন বেশি জরুরি—এমন মত দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতা, অর্থনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁদের মতে, স্বচ্ছতা ও দায়বদ্ধতা ছাড়া গণতান্ত্রিক শাসনব্যবস্থা কার্যকর হতে পারে না। জনগণের আস্থা পুনঃস্থাপনে রাজনৈতিক দলগুলোকেই আগে জবাবদিহির সংস্কৃতি গড়ে তুলতে হবে।
আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘স্বচ্ছতা, দায়বদ্ধতা ও শাসন প্রক্রিয়া’ শীর্ষক নীতি সংলাপে এসব কথা বলেন বক্তারা। সংলাপে নীতিনির্ধারক, সাবেক সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, গবেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে সিজিএসের সভাপতি জিল্লুর রহমান বলেন, স্বচ্ছতা ও দায়বদ্ধতা কেবল প্রশাসনিক বিষয় নয়; এগুলো সরাসরি রাজনৈতিক শক্তির ব্যবহার ও নাগরিক অধিকারের সঙ্গে জড়িত। শাসনব্যবস্থা কার জন্য এবং কোনো দায়বদ্ধতার কাঠামোর মধ্যে পরিচালিত হচ্ছে—এই প্রশ্নের স্পষ্ট উত্তর রাজনৈতিক দলগুলোকেই দিতে হবে। তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে প্রশাসনে পক্ষপাতিত্ব ও দলীয় প্রভাব বেড়ে গেলে গণতন্ত্র দুর্বল হয় এবং জনগণের আস্থা নষ্ট হয়।
অর্থনীতিবিদ ড. সেলিম জাহান বলেন, ‘স্বচ্ছতা, দায়বদ্ধতা ও স্বাধীনতা—এই তিনটি বিষয়ের ওপরই শাসনব্যবস্থা দাঁড়িয়ে আছে। সরকারি তথ্য অতিরঞ্জিত করা মানেই জনগণের অধিকার থেকে বঞ্চিত করা। নির্বাচিত সরকার কোনো দলের নয়, পুরো দেশের সরকার—এ কথা মনে রাখতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা ও গণমাধ্যমের দায়িত্বশীলতা নিশ্চিত না হলে জবাবদিহি প্রতিষ্ঠা সম্ভব নয়।’
অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘রাজনৈতিক দলের ভেতরে যদি স্বচ্ছতা ও জবাবদিহি না থাকে, তাহলে রাষ্ট্রে তা কীভাবে প্রতিষ্ঠিত হবে? রাষ্ট্র সংস্কারের চেয়ে রাজনৈতিক দলের সংস্কার বেশি প্রয়োজন—তবেই টেকসই সুশাসন সম্ভব।’
অংশগ্রহণকারীরা সংলাপে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শহীদুল ইসলাম জাহিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. শামসুন নাহার খানম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, সাবেক সচিব এ কে এম আব্দুল আউয়াল মজুমদার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সম্পাদক দিদার ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, ইসলামী আন্দোলন বাংলাদেশের আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুহাম্মদ শওকত আলী হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী নেতারা।

ইন্টারনেট বন্ধ করে শান্তিপূর্ণ আন্দোলনকারী ও নেতাদের আটক করা মৌলিক অধিকারের ওপর সরাসরি আঘাত। সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্র-নাগরিকদের ওপর এমন দমন-পীড়ন চলতে পারে না। এই লড়াই আপনাদের একার নয়। ঢাকা থেকেও আমরা আপনাদের পাশে আছি...
৬ মিনিট আগে
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের ভোগান্তি বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা এবং ভবিষ্যতে নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর...
২৪ মিনিট আগে
আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপ ঘিরে সতর্কতামূলক করণীয় নির্ধারণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর অংশ হিসেবে দলের নেতা-কর্মীরা প্রত্যেকটি পূজামণ্ডপে প্রহরীর ভূমিকা পালন করবে...
১ ঘণ্টা আগে
সার কোনো সাধারণ বাণিজ্য পণ্য নয়; এটি কৃষি উৎপাদনের প্রাণ এবং দেশের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। এই সরবরাহব্যবস্থা যখন যোগ্যতা, অভিজ্ঞতা ও বাজার দক্ষতার বদলে দলীয় আনুগত্যের ভিত্তিতে সাজানো হয়, তখন তার চরম মূল্য দিতে হয় সাধারণ কৃষককে। এর ফলে বাজারে কৃত্রিম সংকট, মজুতদারি, চড়া দাম ও ভেজাল...
৪ ঘণ্টা আগে