
আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে তাদের সঙ্গে আঁতাতের মাধ্যমে বিএনপি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগ জুলাই গণ-অভ্যুত্থানের প্রতিশোধ নিচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনের দিন হামলায় গুরুতর আহত এনসিপি ও ১১ দলীয় জোটের নেতা-কর্মীদের দেখতে সেখানে যান আসিফ মাহমুদ।
হাসপাতালে চিকিৎসাধীন নেতা-কর্মীদের খোঁজখবর নেওয়ার পর এনসিপি মুখপাত্র সাংবাদিকদের বলেন, নির্বাচন-পরবর্তী সারা দেশে এনসিপি ও জোটের নেতা-কর্মীদের ওপর পরিকল্পিত হামলা চলছে। তাঁর ভাষ্য, এনসিপি যে ৩০টি আসনে নির্বাচন করেছে এবং যেখানে দলীয় কর্মীরা জোটপ্রার্থীদের পক্ষে কাজ করেছেন, সেসব এলাকায় হামলার ঘটনা বেশি ঘটছে।
আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের কাছে যে তথ্য এসেছে, তাতে সারা দেশে হাজারের কাছাকাছি নেতা-কর্মী আহত হয়েছেন। অনেকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।’
হাতিয়ায় এক নেতার ওপর নৃশংস হামলার বর্ণনা দিয়ে আসিফ মাহমুদ বলেন, হামলাকারীরা তাঁকে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকায় পাঠান। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিএনপিতে অন্তর্ভুক্ত করে বিরোধী মত দমনে ব্যবহার করা হচ্ছে।
আসিফ মাহমুদ আরও বলেন, সাধারণ ভোটাররাও হামলার শিকার হচ্ছেন। শুধু ভোট দেওয়ার কারণে একজনকে হত্যা করা হয়েছে। বাড়িঘর ভাঙচুর, লুটপাট, স্বর্ণালংকার ও অর্থ লুটের ঘটনাও ঘটছে।
বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার অভিযোগ তুলে তিনি বলেন, জনগণের পূর্ণ সমর্থন না পেয়ে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে আঁতাতে গেছে এবং পুনর্বাসনের শর্তে ক্ষমতায় এসেছে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস চালু ও উদ্বোধনের ঘটনাও তিনি উল্লেখ করেন। তাঁর দাবি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় এ ধরনের কর্মকাণ্ড আইনবিরোধী।
আসিফ মাহমুদ বলেন, ‘৪০ থেকে ৪৬ শতাংশ মানুষ যদি আপনাদের ভোট না দিয়ে থাকে, তাদের দমন করে দেশ পরিচালনা করা যাবে না। তাদের দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো আচরণ করলে আমরা জনগণের পাশে দাঁড়াব।’
অন্তর্বর্তী সরকার ও সম্ভাব্য নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাবেক এই উপদেষ্টা বলেন, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিএনপির কাছ থেকে এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দাবি করেন তিনি।
এ সময় দলের যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিনসহ এনসিপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দলের জনপ্রিয়তা বাড়াতে এবং সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে বড় রাজনৈতিক দলগুলোর বঞ্চিত, কোণঠাসা ও নিষ্ক্রিয় নেতাদের টানতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বড় দলগুলোর ক্ষুব্ধ, অসন্তুষ্ট নেতাদের এনসিপিতে ভেড়ানোর এই চেষ্টা চলছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...
৫ ঘণ্টা আগে
রামগঞ্জ-লক্ষ্মীপুর এলাকার উন্নয়নের জন্য চার-পাঁচজন উপদেষ্টার কাছে গিয়েও সাহায্য পাননি বলে অভিযোগ করেছেন বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আজ বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ জানান তিনি।
১৩ ঘণ্টা আগে
চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের বিশেষ আমন্ত্রণে দেশটিতে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। বুধবার (১৫ এপ্রিল) রাত ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধি দলটি চীনের উদ্দেশে যাত্রা শুরু করেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।
১৪ ঘণ্টা আগে
কৃষকের অধিকার আদায় ও শিকড়ের সন্ধানে আত্মপ্রকাশ করেছে বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘উন্মোচন’। পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘চাষাভূষার বৈশাখ উন্মোচন-১৪৩৩’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটি তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
১৫ ঘণ্টা আগে